• ই-পেপার

এক বছরেই শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র বিকল, বাংলাদেশ ভবনের নজরুল স্মরণ অনুষ্ঠান অন্যত্র

ডিসি সারওয়ারের বদলির সঙ্গে মাজারের কোনো সম্পর্ক নেই : তথ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক
ডিসি সারওয়ারের বদলির সঙ্গে মাজারের কোনো সম্পর্ক নেই : তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি : সংগৃহীত

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের বদলির ঘটনায় স্থানীয় মাজারের কোনো ইস্যু বা ঘটনার সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিসির বদলির ঘটনায় মাজারে নেওয়া পদক্ষেপের মধ্যকার যোগসূত্র নিয়ে অনলাইনে চলমান আলোচনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘ঘটনাটি (বদলির আদেশ) মাজারের ঘটনার পরে ঘটেছে বলেই অনলাইনে কেউ কেউ এ ধরনের ধারণা তৈরির চেষ্টা করছেন। কিন্তু এটিকে আমরা এভাবে মেলাব কেন?’

তথ্য উপদেষ্টা বলেন, সরকার তার এখতিয়ারের মধ্যে অনেক সিদ্ধান্ত নেয়, যার সবকিছুর ব্যাখ্যা সবসময় সরকারের পক্ষ থেকে দেওয়া হয় না এবং এটিই নিয়ম। এর পেছনে কিছু রাষ্ট্রীয় গোপনীয়তাও থাকতে পারে।

তিনি বলেন, এই বদলির ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে স্পষ্ট বক্তব্য ও বিবৃতি দেওয়া হয়েছে। এর বাইরে আসলে আর কিছু বলার থাকবে না, কারণ মানুষ নানান রকম অনুমান (স্পেকুলেশন) করতেই পারে।

উপদেষ্টা আরো বলেন, ‘সরকার যখনই কোনো সিদ্ধান্ত নেয় বা কোনো ঘটনা ঘটে, তখনই নানান রকম অনুমান শুরু হয়ে যায়। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ইন্টারেস্ট গ্রুপ (স্বার্থান্বেষী মহল) সক্রিয় রয়েছে। তবে সরকারের অফিশিয়াল বক্তব্য যেটা, সেটাই আপাতত এখানে বলবৎ থাকবে। আমি মনে করি না আসলে এ ধরনের (মাজার) কোনো ইস্যু এখানে আছে।’

তবে মাজারের দানের টাকার ব্যবস্থাপনায় স্বচ্ছতা থাকার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে তথ্য উপদেষ্টা মন্তব্য করেন, মাজারের টাকার হিসাবে স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে সরকারও দ্বিমত পোষণ করবে না।

ক্যালকুলেটরে হিসাব কষে ঘুস নেয়া সেই কর্মকর্তা প্রত্যাহার

অনলাইন ডেস্ক
ক্যালকুলেটরে হিসাব কষে ঘুস নেয়া সেই কর্মকর্তা প্রত্যাহার
সংগৃহীত ছবি

ক্যালকুলেটরে হিসেব করে ঘুস নেয়ার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়কে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব সানজিদা ইয়াছমিন সাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দেবীগঞ্জ উপজেলা থেকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত করার নির্দেশ দেয়া হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ প্রশাসন শাখার উপসচিব সানজিদা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক কারণে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (প্রথম শ্রেণি) বাবুল চন্দ্র রায়কে তার বর্তমান কর্মস্থল থেকে বদলিপূর্বক সংযুক্ত করা হয়েছে। আগামী ২৪ জুনের মধ্যে তাকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ওইদিন অপরাহ্নে তিনি বর্তমান কর্মস্থল থেকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে টিআর-কাবিখা-কাবিটা প্রকল্পে ১৫ শতাংশ ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ক্যালকুলেটরে হিসাব করে ইউপি সদস্য ও প্রকল্প সভাপতিদের কাছে এই ঘুষের টাকা চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (২২ জুন) দুপুরের দিকে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাবুল চন্দ্র রায় তার কার্যালয়ে কয়েকজন ইউপি সদস্য ও প্রকল্প সভাপতির সঙ্গে কথা বলছেন। ভিডিওতে তাকে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের বিপরীতে ১৫ শতাংশ কমিশনের হিসাব ক্যালকুলেটরে নির্ণয় করতে দেখা যায়।

পরিবহন খাতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি সময়ের অগ্রাধিকার : সড়ক প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
পরিবহন খাতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি সময়ের অগ্রাধিকার : সড়ক প্রতিমন্ত্রী

পরিবহন খাতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি বর্তমান সময়ের অন্যতম অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

তিনি বলেছেন, সামাজিক বাধা ও প্রচলিত ধারণার কারণে পরিবহন খাতে নারীদের উপস্থিতি দীর্ঘদিন ধরেই সীমিত। তবে যথাযথ সুযোগ ও সহায়তা পেলে নারীরা এসব বাধা অতিক্রম করে সফলভাবে এগিয়ে যেতে পারেন।

আজ মঙ্গলবার রাজধানীর ব্র্যাক মিলনায়তনে নারী গাড়িচালকদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রশিক্ষিত নারী চালকদের কর্মসংস্থান নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ব্র্যাক বিভিন্ন প্রতিষ্ঠানে নারী চালকদের চাকরির সুযোগ সৃষ্টি করার পাশাপাশি নিজেদের প্রতিষ্ঠানেও ২৪ জন পেশাদার নারী চালক নিয়োগ দিয়েছে। আজকের আয়োজন প্রশিক্ষণপ্রাপ্ত নারী চালকদের সম্ভাব্য নিয়োগদাতাদের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ তৈরি করেছে, যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।

তিনি জানান, সরকারের বিশেষ অনুরোধে ব্র্যাক ২০০১ সাল থেকে সড়ক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ২০১২ সাল থেকে পরিচালিত ব্র্যাক ড্রাইভিং স্কুলের ১৩টি প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে এ পর্যন্ত প্রায় ১২ হাজার ৫০০ জনকে প্রাথমিক গাড়িচালনা, ১৩ হাজার ৫০০ জনকে নিরাপদ চালনা এবং ৪০৯ জনকে গাড়িচালনা প্রশিক্ষক হিসেবে গড়ে তোলা হয়েছে।

হাবিবুর রশিদ বলেন, নারী চালক প্রশিক্ষণ, মোটরসাইকেল চালনা প্রশিক্ষণ, গবেষণা, মানসম্মত হেলমেট ব্যবহারে সচেতনতা, দুর্ঘটনা-পরবর্তী জরুরি চিকিৎসাসেবা এবং গণপরিবহন ও জনপরিসরে নারী ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতেও ব্র্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সড়ক পরিবহন প্রতিমন্ত্রী আরো বলেন, সরকার সড়ক নিরাপত্তা উন্নয়ন ও নারী ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ। প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা, নিরাপদ সড়ক অবকাঠামো উন্নয়ন, গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন এবং নারীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

ড্রাইভিং প্রশিক্ষণ সম্পন্ন করা নারী গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তারা শুধু একটি পেশা বেছে নেননি, বরং সমাজে নারী সক্ষমতার শক্তিশালী উদাহরণ স্থাপন করেছেন। সরকার, উন্নয়ন সহযোগী, বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্র্যাকের মতো সংগঠনগুলো সমন্বিতভাবে কাজ করলে একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আন্না মিনজ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান, ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ, ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির পরিচালক আহমেদ নাজমুল হুসেইন এবং প্রকল্প ব্যবস্থাপক এম খালিদ মাহমুদ।

অনুষ্ঠানে ব্র্যাক ড্রাইভিং স্কুলে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করা ১০ জন নারীর হাতে আনুষ্ঠানিকভাবে সনদ তুলে দেওয়া হয়। তারা তিন মাসের নিবিড় আবাসিক প্রশিক্ষণের মাধ্যমে গাড়িচালনার তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা গ্রহণ করেছেন। পাশাপাশি ইংরেজি ভাষায় যোগাযোগ দক্ষতা এবং জেন্ডার ও সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণও পেয়েছেন।

জামায়াত আমিরের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
জামায়াত আমিরের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক
জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মি. রেতো রেংগলি। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মি. রেতো রেংগলি।

আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের হেড অব পলিটিক্যাল ইকোনমিক ও কমিউনিকেশন অ্যাফেয়ার্স মি. আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক ও প্রেস অফিসার মি. খালেদ চৌধুরী।

বৈঠকে তারা বাংলাদেশে নির্বাচন পরবর্তী বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বিনিয়োগ বিষয় নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইজারল্যান্ডের দৃঢ় সমর্থন থাকবে। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে-সুইজারল্যান্ডের বিনিয়োগ আরো বাড়বে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ওপর জোর দেন।  

এ ছাড়া রোহিঙ্গা সংকট, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, স্থিতিশীল পরিস্থিতি নিশ্চিতে সরকার, বিরোধীদল ও নাগরিক সমাজের ইতিবাচক ভূমিকার গুরুত্ব নিয়েও বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে বিরোধীদলীয় নেতা রাষ্ট্রদূতকে তার সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান এবং গ্রীন এনার্জি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণসহ নানা ক্ষেত্রে সুইজারল্যান্ডকে এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনাকালে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।