জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার সন্ধান না পাওয়ায় পরিবার, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
পরিবার সূত্র জানায়, গত বৃহস্পতিবার (১৮ জুন) পরিবারের সদস্যদের সঙ্গে সর্বশেষ মুঠোফোনে কথা বলেন সিরাজুল ইসলাম। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়ায় তার সঙ্গে আর কোনো ধরনের যোগাযোগ সম্ভব হয়নি।
সহপাঠীরা জানান, নিখোঁজ হওয়ার আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েকজন তাকে দেখেছিলেন। তবে এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তারা জানান, শেষবার তাকে কিছুটা মানসিক চাপে ও বিষণ্ন অবস্থায় দেখা গিয়েছিল।
এদিকে সিরাজুল ইসলামের সন্ধানে পরিবার ও বন্ধুরা বিভিন্ন মাধ্যমে খোঁজখবর চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সন্ধান চেয়ে প্রচার চালানো হচ্ছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি যদি সিরাজুল ইসলামের অবস্থান সম্পর্কে তথ্য জানেন বা তাকে কোথাও দেখে থাকেন, তাহলে তার পিতার মোবাইল নম্বরে (০১৭১২০৭১১১৭) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
নিখোঁজ শিক্ষার্থীর দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তন কামনা করেছেন তার পরিবার, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা।




