ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী নির্মাতা অনুরাগ কাশ্যপ এবার যুক্ত হলেন বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র ‘দেলুপি’র সঙ্গে। আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত এই সিনেমাটির বৈশ্বিক পরিবেশনার দায়িত্ব নিয়েছেন তিনি। ফলে এখন থেকে ছবিটি পরিচিত হবে ‘অনুরাগ কাশ্যপ প্রেজেন্টস দেলুপি’ নামে।
‘নো স্মোকিং’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’, ‘ব্ল্যাক ফ্রাইডে’সহ একাধিক আলোচিত সিনেমার নির্মাতা অনুরাগ কাশ্যপ ভারতীয় সমান্তরাল চলচ্চিত্রধারার অন্যতম গুরুত্বপূর্ণ নাম। তাঁর মতো একজন নির্মাতার সম্পৃক্ততাকে বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের জন্য বড় অর্জন হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
সোমবার (৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ‘দেলুপি’র নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। তিনি জানান, আন্তর্জাতিক বাজারে ছবিটির পরিবেশক হিসেবে যুক্ত হয়েছেন অনুরাগ কাশ্যপ। ফলে এখন থেকে সিনেমাটির সব প্রচারণামূলক উপকরণে লেখা থাকবে, ‘অনুরাগ কাশ্যপ প্রেজেন্টস দেলুপি’।

খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনও। প্রতিষ্ঠানটির পোস্টে বলা হয়, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, অনুরাগ কাশ্যপ ‘দেলুপি’তে অনবোর্ড হয়েছেন। এখন থেকে দেলুপি বিশ্বজুড়ে পরিচিত হবে অনুরাগ কাশ্যপ প্রেজেন্টস ‘দেলুপি’। এটার পর অনেক কিছুই লেখা যায়। কিন্তু সত্যি বলতে, যাই লিখি না কেন, সেটা দিয়ে এই মুহূর্তে আমাদের অনুভূতিটা ঠিক বোঝানো সম্ভব না। একটি স্বাধীন বাংলাদেশি চলচ্চিত্রের কাঁধে কাঁধ মিলিয়ে অনুরাগ কাশ্যপের মতো একজন নির্মাতার দাঁড়ানো আমাদের জন্য শুধু একটি স্বীকৃতি নয়, বরং সামনের পথচলার জন্য এক বিশাল অনুপ্রেরণা।’
পোস্টের শেষাংশে অনুরাগ কাশ্যপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দর্শকদের ভালোবাসার জন্যও ধন্যবাদ জানিয়েছে ‘দেলুপি’ টিম।
গত বছরের নভেম্বরে মুক্তি পাওয়া ‘দেলুপি’ পরিচালনা করেন মোহাম্মদ তাওকীর ইসলাম। খুলনার একটি প্রত্যন্ত গ্রামের গল্পকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নেয় ছবিটি।

কয়েক দিন আগেই জনপ্রিয় চলচ্চিত্রভিত্তিক প্ল্যাটফর্ম ‘লেটারবক্সড’-এ ‘দেলুপি’ নিয়ে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন অনুরাগ কাশ্যপ। সেখানে ছবিটির ভূয়সী প্রশংসা করেন তিনি।
এ বিষয়ে নির্মাতা তাওকীর ইসলাম বলেন, ‘কথা ছিল, তিনি রটারড্যাম গিয়েই ছবিটা দেখবেন। পরে কোনো কারণে তা আর হয়নি। এজন্য আমি নিজ থেকেই তাকে ব্যক্তিতভাবে ছবিটা পাঠাই। সেখানে তিনি দেখেছেন। আর দেখার পর এমন প্রশংসা করেছেন।’
তাওকীর আরও ইঙ্গিত দিয়েছেন, অনুরাগ কাশ্যপের সঙ্গে ‘দেলুপি’তেই সহযোগিতা শেষ হচ্ছে না। সামনে তাঁদের যৌথভাবে আরও কিছু কাজের পরিকল্পনা রয়েছে।
তবে সে বিষয়ে এখনই বিস্তারিত জানাতে রাজি হননি তিনি। আপাতত সেই চমকের জন্য অপেক্ষা করতে হবে বলেই জানিয়েছেন এই নির্মাতা।






