• ই-পেপার

ফ্যাশন ও শিল্পের মেলবন্ধনে মেট গালার রেড কার্পেট

গ্যালারিতে শাকিরার পাশে কে এই তরুণ

বিনোদন ডেস্ক
গ্যালারিতে শাকিরার পাশে কে এই তরুণ
সংগৃহীত ছবি

স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা উপভোগ করছেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ সম্রাজ্ঞী শাকিরা। হঠাৎ সম্প্রচার ক্যামেরার লেন্স তার দিকে ঘুরতেই দেখা গেল এক এক তরুণ চুমু এঁকে দিলেন পপ তারকার গালে! আর ক্যামেরায় বন্দি হওয়া সেই মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে আসতেই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। নেটিজেনদের মনে তৈরি হয় হাজারো জল্পনা-কল্পনা। কে এই তরুণ? শাকিরার নতুন কোনো সঙ্গী নাকি বিশেষ কেউ?

যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার হাইভোল্টেজ ফুটবল ম্যাচ চলাকালে গ্যালারিতে ঘটে এই ঘটনা। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই রহস্যময় সেই তরুণকে নিয়ে শুরু হয় চুলচেরা বিশ্লেষণ। তবে সব রহস্যের অবসান ঘটিয়ে অবশেষে জানা গেছে সেই তরুণের আসল পরিচয়। তিনি অন্য কেউ নন, খোদ শাকিরারই বড় ছেলে!

বিশ্বকাপের গ্রুপ ‘জে’-র ম্যাচ দেখতে দুই ছেলে মিলান ও সাশাকে নিয়ে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন শাকিরা। টানটান উত্তেজনার ম্যাচের একপর্যায়ে ক্যামেরা যখন শাকিরার দিকে তাক করা হয়, তখনই মায়ের প্রতি ভালোবাসার জেরে গালে স্নেহের চুমু দেয় তার ছেলে। কিন্তু শাকিরার পারিবারিক জীবন সম্পর্কে যারা খুব একটা অবগত নন, তারা এই পারিবারিক ও আবেগময় মুহূর্তটিকে ভিন্ন চোখে দেখতে শুরু করেন। মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় নানা মুখরোচক মন্তব্যের ঝড় ওঠে। পরে ছেলেদের পরিচয় স্পষ্ট হতেই সব গুঞ্জনে জল পড়ে।

ম্যাচ চলাকালে শুধু এই একটি দৃশ্যই নয়, আরো বেশ কয়েকবার ক্যামেরার ফোকাস কেড়ে নিয়েছেন লাতিন এই পপ তারকা।

অন্য একটি দৃশ্যে দুই ছেলেকে নিয়ে বেশ হাস্যোজ্জ্বল মেজাজে দেখা যায় শাকিরাকে। সে সময় গ্যালারির দর্শকদের উদ্দেশ্যে তাকে ‘ফ্লাইং কিস’ ছুড়ে দিতেও দেখা গেছে।

মাঠের ফুটবল লড়াই ছাপিয়ে গ্যালারিতে শাকিরার এই পারিবারিক ও আনন্দঘন মুহূর্তগুলোই ম্যাচ শেষে বিনোদন দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

ছেলের ভালোবাসার এই সুন্দর মুহূর্তটি শেষ পর্যন্ত জল্পনার ডালপালা মেললেও, সত্য প্রকাশের পর ভক্তরা এখন শাকিরার এই পারিবারিক বন্ধনের প্রশংসায় পঞ্চমুখ।

অ্যানিমেটেড সিনেমায় কণ্ঠ দিতে জুটি বাঁধছেন টিমোথি ও সেলেনা

অনলাইন ডেস্ক
অ্যানিমেটেড সিনেমায় কণ্ঠ দিতে জুটি বাঁধছেন টিমোথি ও সেলেনা

‘মিনিয়নস’ বা ‘ডেসপিকেবল মি’ এবং ‘সুপার মারিও ব্রোস’-এর মতো বিশ্ব কাঁপানো অ্যানিমেশন সিনেমার নির্মাতা প্রতিষ্ঠান ‘ইলুমিনেশন’ নিয়ে আসছে এলিয়েন বা ভিনগ্রহী কেন্দ্রিক নতুন অ্যানিমেটেড চলচ্চিত্র ‘নট অ্যালোন’। আর এই সিনেমাতেই প্রধান দুইটি চরিত্রে কণ্ঠ দিতে একসঙ্গে জুটি বাঁধছেন হলিউডের জনপ্রিয় দুই তারকা টিমোথি শ্যালামে ও সেলেনা গোমেজ। সম্প্রতি ফ্রান্সের বিখ্যাত ‘অ্যান্সি অ্যানিমেশন ফেস্টিভ্যাল’ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়েছে।

এই সিনেমায় টিমোথি কণ্ঠ দিচ্ছেন ‘জো’ নামের চরিত্রে, যে একজন রকেট মেকানিক এবং একা শান্তিতে থাকতে ভালোবাসে। অন্যদিকে, সেলেনা গোমেজ কণ্ঠ দিচ্ছেন ‘ফ্রান’ চরিত্রে, যে একজন অত্যন্ত মেধাবী জ্যোতির্বিজ্ঞানী এবং বিশ্বের প্রথম উদ্ভিদ-চালিত রকেট তৈরি করছে। গল্পে দেখা যাবে, এই বৈপ্লবিক রকেট মহাকাশে ছাড়ার প্রস্তুতির সময় জো ও ফ্রানের দেখা হয় এবং তাদের মধ্যে ভালো লাগা তৈরি হয়। কিন্তু প্রেম-ভালোবাসার বিষয়ে তারা দুজনেই একদম আনাড়ি।

জো ও ফ্রানের জীবন আরো জটিল হয়ে ওঠে যখন তিনটি দুষ্টু এলিয়েন এসে জো-এর বাড়িতে আশ্রয় নেয়। এই তিন ভিনগ্রহী—ডাঙ্ক, ওয়েলি ও শিরম মহাকাশের এক অদক্ষ আইনরক্ষকের হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছিল। তারা বুঝতে পারে যে, ফ্রানের তৈরি করা রকেটটিই তাদের নিরাপদে নিজেদের গ্রহে ফিরে যাওয়ার একমাত্র উপায়।

সিনেমাটির প্রযোজনা করছেন ইলুমিনেশনের প্রতিষ্ঠাতা ও সিইও ক্রিস মেলেডানড্রি। এ ছাড়া নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত আছেন জয় পোয়েরেল, রিচার্ড কার্টিস ও ডেভিড ডিসটেনফেল্ড। নতুন ও মজার এই অ্যানিমেশন সিনেমাটি ২০২৭ সালের ১৬ এপ্রিল বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন মারা গেছেন

অনলাইন ডেস্ক
অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন মারা গেছেন

দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে ভুগে অবশেষে মারা গেলেন অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫০ বছর।

আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ শিল্পীর মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। তার পাঁচ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সানি রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, জাকির হোসেন দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। চিকিৎসার অংশ হিসেবে তিনি ভারতের ব্যাঙ্গালুরু থেকে চিকিৎসা গ্রহণ করেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার (২০ জুন) মহাখালী ক্যান্সার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে নৃত্য পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন জাকির হোসেন। তিনি এক সময় বহু চলচ্চিত্রে নৃত্য নির্দেশনা দিয়ে দর্শকদের নজর কাড়েন; পাশাপাশি অভিনয়েও তার উপস্থিতি ছিল। এছাড়া চলচ্চিত্র শিল্পী সমিতিতে তিনি ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

বিটিএস তারকার বাড়িতে ১৩৩ বার বেল বাজানোয় তরুণীর কারাদণ্ড

অনলাইন ডেস্ক
বিটিএস তারকার বাড়িতে ১৩৩ বার বেল বাজানোয় তরুণীর কারাদণ্ড
বিটিএস তারকা জাংকুক

জনপ্রিয় বিটিএস তারকা জাংকুকের বাড়িতে বারবার অনুপ্রবেশ এবং বিরক্ত করার দায়ে এক ব্রাজিলীয় নারীকে স্থগিত কারাদণ্ড দিয়েছে সিউলের একটি আদালত। পুলিশের নিষেধাজ্ঞা ও সতর্কবার্তা উপেক্ষা করে ওই নারী জাংকুকের বাড়ির দরজায় গিয়ে এক দিনেই ১৩৩ বার বেল বাজিয়েছিলেন। গায়কের প্রতি তীব্র ভালোবাসা থেকেই তিনি এমনটি করেছেন বলে জানা গেছে

ওই নারী গত বছরের ডিসেম্বর মাসে প্রথম সিউলে জাংকুকের বাড়ির সামনে যান। আদালতের তথ্যমতে, গত বছরের ৭ ডিসেম্বর তিনি জাংকুকের বাড়ির চারপাশে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করেন, দেয়ালের ওপর দিয়ে জিনিসপত্র ভেতরে ছুঁড়ে মারেন এবং দরজার ফাঁক দিয়ে চিঠি ও ছবি গুঁজে দেওয়ার চেষ্টা করেন। এর কয়েক দিন পর তিনি আবার এসে মাত্র এক দিনে ১৩৩ বার দরজার বেল বাজান, যাকে আদালত ‘চরম মাত্রার পাগলামি বা অন্ধ আসক্তির লক্ষণ’ হিসেবে উল্লেখ করেছে।

পরবর্তীতে ১৩ ডিসেম্বর একজন ডেলিভারি বয়ের পিছু পিছু গেট দিয়ে জাংকুকের বাড়ির সীমানায় ঢুকে পড়লে পুলিশ ওই নারীকে গ্রেপ্তার করে। পরদিন আর কখনো এই বাড়ির সীমানায় না আসার শর্তে তিনি মুক্তি পান। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে তিনি যাতায়াত করলে পুলিশ তার ওপর ১০০ মিটারের মধ্যে আসার জরুরি নিষেধাজ্ঞা জারি করে। তারপরেও নাছোড়বান্দা ওই নারী মোট ২২ বার জাংকুকের বাড়ির সীমানায় যান। অবশেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে পুলিশ তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করে।

সিউলের একটি জেলা আদালত ওই নারীকে দুই বছরের জন্য স্থগিত রেখে এক বছরের কারাদণ্ড দিয়েছে। অর্থাৎ, এই দুই বছর তিনি ভালো আচরণ করলে তাকে জেলে যেতে হবে না। তবে তিনি যদি এই রায়ের বিরুদ্ধে সফলভাবে আপিল করতে না পারেন, তবে দক্ষিণ কোরিয়া থেকে তাকে বহিষ্কার বা নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিচারক জানিয়েছেন, ওই নারীর পুনরায় একই অপরাধ করার ঝুঁকি কম থাকায় সাজা কিছুটা শিথিল করা হয়েছে। উল্লেখ্য, তারকাদের বাড়িতে ভক্তদের এমন অনুপ্রবেশের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত বছরের জুন মাসে জাংকুকের বাড়িতে জোর করে ঢোকার অভিযোগে এক চীনা নারীও গ্রেপ্তার হয়েছিলেন।

ফ্যাশন ও শিল্পের মেলবন্ধনে মেট গালার রেড কার্পেট | কালের কণ্ঠ