• ই-পেপার

খুলনা বিশ্ববিদ্যালয়

অল্প লবণাক্ত পানিতে গলদা-রুইয়ের মিশ্র চাষে সাফল্য

ঢাবি’র রোকেয়া হলে কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল মালির

নিজস্ব প্রতিবেদক
ঢাবি’র রোকেয়া হলে কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল মালির
সংগৃহীত ছবি

কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ছিয়াকুল (৩৮) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মালির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢামেক) রোকেয়া হলের চত্বরে প্রভোস্ট বাংলোর বাগানে ঘটনাটি ঘটে।

নিহত ছিয়াকুল নড়াইল জেলার কালিয়া থানার দেবদুন গ্রামের রয়জুলের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের আবাসিক এলাকায় বসবাস করতেন।

নিহতের সহকর্মী সুনীল জানান, মঙ্গলবার সকালে তিনি কাঁঠাল পাড়তে গাছে ওঠেন। ওই গাছের একটি কাঁঠাল তার শরীরের ওপর পড়ে, এতে তিনি নিচে পড়ে যান। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সকাল ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

শিক্ষক নিয়োগ

নিয়োগ বাণিজ্যের কলঙ্ক মুছতে স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস ইবি উপাচার্যের

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
নিয়োগ বাণিজ্যের কলঙ্ক মুছতে স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস ইবি উপাচার্যের
সংগৃহীত ছবি

বিগত আওয়ামী আমলে ২০০ জন শিক্ষক নিয়োগে টাকা লেনদেনের অডিও ফাঁস, ভাঙচুর, আন্দোলন, সংঘর্ষ, হট্টগোল ও উপাচার্য পদত্যাগসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনার জন্য শিরোনাম হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। বর্তমানে বিশ্ববিদ্যায়ের বিএনপিপন্থী প্রাশসন নতুন শিক্ষক নিয়োগের দিকে আগাচ্ছে। বিগত সময়ের নিয়োগ বাণিজ্যের কলঙ্ক মুছতে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এদিকে যোগ্যতা ও মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

জানা যায়, বিগত ১৭ বছরের শাসনামলে বিভিন্ন বিভাগে ২০০ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। তবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছাড়া বিগত আওয়ামী আমলের অধিকাংশ নিয়োগে বাণিজ্যের অভিযোগ রয়েছে। নিয়োগ নিয়ে অসংখ্যবার বিশ্ববিদ্যালয়ে টাকা লেনদেনের অডিও ফাঁস, ভাঙচুর, আন্দোলন, সংঘর্ষ, হট্টগোল ও উপাচার্য পদত্যাগসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়টি খবরের শিরোনাম হলেও দলীয় প্রভাবের কারণে কখনোই চূড়ান্ত শাস্তির আওতায় আসেনি অভিযুক্তরা। এই শিক্ষক নিয়োগ বাণিজ্যসহ নানা ঘটনার কারণে বিশ্ববিদ্যালয়টির অধিকাংশ উপাচার্য তাদের মেয়াদ শেষ করতে পারেনি।

 

জানা যায়, ২০০৪ সালে প্রথম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য শুরু হয় অষ্টম উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলামের সময়ে। তৎকালীন শিক্ষক সমিতির নেতারা তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ তুললে মাত্র দুই বছরের মাথায় আন্দোলনের মুখে পদ ছাড়তে বাধ্য হন তিনি। নবম উপাচার্য অধ্যাপক ফয়েজ সিরাজুল হক তাঁর মেয়াদে কোনো নিয়োগই দেননি। এরপর ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত পাঁচজন উপাচার্য দায়িত্ব পালন করেছেন। প্রত্যেকের দায়িত্বের সময়েই নিয়োগসহ নানা বিষয়ে একাধিক অনিয়মের অভিযোগ ওঠে। দশম উপাচার্য ড. এম আলাউদ্দিন ও একাদশতম উপাচার্য ড. আবদুল হাকিম সরকারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ ওঠায় ইউজিসির দুর্নীতি তদন্ত এবং শিক্ষক সমিতির আন্দোলনে তাদের অব্যাহতি দেওয়া হয়। ২০১৬ সালে দ্বাদশ উপাচার্য ড. হারুন-উর-রশীদ আসকারী যোগদানের পর তিন দফায় নিয়োগ বাণিজ্যের অডিও ক্লিপ ফাঁস হয়। ১৩তম উপাচার্য ড. শেখ আবদুস সালামেরও নিয়োগ বাণিজ্য ও চাকরির পরীক্ষার প্রশ্নফাঁসের ১৪টি অডিও ফাঁস হয়েছিল। নিয়োগকে কেন্দ্র করে অফিস ভাঙচুর, উপাচার্যের কার্যালয়ে হট্টগোল, গাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়াসহ শিক্ষকদের ওপর হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছিলো নিষিদ্ধ ছাত্রলীগ। এছাড়া তৎকালীন প্রশাসনগুলোর আমলে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি নিয়েও বিতর্ক রয়েছে। এছাড়া বিগত আওয়ামী আমলের ১৫ বছরে নিয়োগ পাওয়া মোট ১৮৪ জন শিক্ষকের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সর্বশেষ নির্বাচনের ভোটার তালিকায় তাদের সবার নাম পাওয়া গেছে।

এদিকে সর্বশেষ ২০২৪ সালের অভ্যুত্থানের পরে ১৪তম উপাচার্য হিসেবে অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ দায়িত্বগ্রহণের পরে ১৬জন শিক্ষক নিয়োগ দেন। তবে এই নিয়োগকেও ‘দলীয় নিয়োগ’ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিয়োগপ্রাপ্ত ১৬ জনের মধ্যে ১১জনই বিএনপিপন্থী শিক্ষক সংগঠন জিয়া পরিষদের সদস্য হওয়ার আবেদন করেছেন। এই সময়ে ট্যুরিজম বিভাগের নিয়োগ ঠেকাতে বিভাগের সভাপতিকে অপহরণের অভিযোগ ওঠে শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে। 

এছাড়াও সাংবাদিকতা বিভাগের সভাপতি ও বিএনপিপন্থী শিক্ষক সংগঠন ইউট্যাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামানের অসহযোগিতায় বিভাগটির শিক্ষক নিয়োগবোর্ড স্থগিত হয়। পরে গত ১৪ মে বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ও বিএনপিপন্থী শিক্ষক নেতা ড. এ কে এম মতিনুর রহমান। দায়িত্বগ্রহণের পর  তিনি পূর্বের দুর্নীতি-অনিয়মের ইতিহাস ভুলে ইতিবাচক কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার বার্তা দেন। তারই ধারাবাহিকতায় আজ (২৩ জুন) থেকে পূর্বে স্থগিত হওয়া সাংবাদিকতা বিভাগের শিক্ষক নিয়োগের মধ্য দিয়ে নতুন নিয়োগ শুরু করতে যাচ্ছে তার নেতৃত্বাধীন প্রশাসন। এছাড়াও আগামী ২৪ ও ২৫ জুন সমাজকল্যাণ ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হবে। নিয়োগ বোর্ডকে কেন্দ্র করে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি মহল তৎপর হয়ে উঠেছে। পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে জোর লবিং ও তোড়জোড় চলছে।

উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বিভাগগুলোতে প্রচুর শিক্ষক সংকট এবং নতুন বিভাগগুলোতে শিক্ষক সংখ্যা মাত্র ২-৩ জন। বিভাগগুলোতে একাডেমিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় আমরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় যাচ্ছি। অ্যাকাডেমিক ও নিয়োগ নির্বাচনী কমিটির মাধ্যমে স্বচ্ছতা এবং অ্যাকাডেমিক দক্ষতার মধ্য দিয়ে যারা বিবেচিত হবেন তাদেরকেই চূড়ান্ত নিয়োগের বিষয়ে বোর্ড সুপারিশ করবে। আমি আশ্বস্ত করতে চাই, নিয়োগের বিষয়ে আমার জায়গা থেকে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

কানাডায় ইউসিএমএএস ‘গ্র্যান্ড চ্যাম্পিয়ন’ বাংলাদেশি শিক্ষার্থী কুশল সাহা

আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
কানাডায় ইউসিএমএএস ‘গ্র্যান্ড চ্যাম্পিয়ন’ বাংলাদেশি শিক্ষার্থী কুশল সাহা
কানাডায় পুরস্কার হাতে বাবা মায়ের সঙ্গে কুশল সাহা

বাংলাদেশি ক্ষুদে শিক্ষার্থী কুশল সাহা (৯) এ বছর কানাডার ছয়টি প্রভিন্সের শিক্ষার্থীদের প্রতিযোগিতা-২০২৬, ইউসিএমএএস ‘গ্র্যান্ড চ্যাম্পিয়ন’ হওয়ার গৌরব অর্জন করেছে। ক্ষুদে অদম্য মেধাবী এই কুশল সাহা কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সুভাষ সাহার দৌহিত্র (একমাত্র মেয়ে সুস্মিতা সাহার পুত্র)।

তবে গত বছর ২০২৫, ইউসিএমএএস গ্র্যান্ড চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছিল একজন চাইনিজ শিক্ষার্থী।

কানাডায় অনুষ্ঠিত শিশুদের মস্তিষ্কের সার্বিক বিকাশের লক্ষ্যে এই মেধা অন্বেষণ মূলক প্রতিযোগিতায় এবার কানাডায় বসবাসরত বিভিন্ন দেশের  শিক্ষার্থীদের মধ্য থেকে বাংলাদেশি শিক্ষার্থী কুশল সাহা গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়ে গোটা কানাডায় রীতিমত তাক লাগিয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করলো।

কুশল সাহার বাবা কমল কৃষ্ণ সাহা ঢাকা বিশ্বিবদ্যালয় থেকে ফাইনান্সে স্নাতকোত্তর (এমবিএ) করেন। এছাড়া আমেরিকার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে সিএফএ এবং সিএমটি (চার্টার্ড ফাইনান্সিয়াল এনালিস্ট এবং চার্টার্ড মার্কেট টেকনিশিয়ান) উত্তীর্ণ হয়ে বর্তমান কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয় থেকেও এমবিএ সম্পন্ন করে ম্যাথে পিএইচডি করছেন।

আর কুশলের মা সুস্মিতা সাহা বাংলাদেশে দন্ত চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করে বর্তমানে কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটির হেল্থকেয়ারে কর্মরত আছেন।

নবীনগরের বিটঘরে জন্মগ্রহণকারী কুশল সাহার দাদু কালের কণ্ঠের সাংবাদিক সুভাষ সাহা বলেন, ‘কানাডায় ইউসিএমএএস মানে হল ইউনিভার্সাল কনসেপ্ট অব মেন্টাল এরিথমেটিক সিস্টেম, এটি শিশুদের মস্তিষ্কের সার্বিক বিকাশ এবং মানসিক গণনার (মেন্টাল ম্যাথ) দক্ষতা বৃদ্ধির একটি বিশ্বব্যাপী স্বীকৃত বৈজ্ঞানিক পদ্ধতির পরীক্ষা। যেখানে ৮ মিনিটে ২০০ প্রশ্নের জবাব দিয়ে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হতে হয়। গত ৫ দিন আগে কুশল সাহা কানাডার ৬ টি প্রভিন্সে (রাজ্য) অংশগ্রহণকারী ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে সম্মিলিত গ্রুপের ইউসিএমএএস পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে এবছর  ‘গ্র্যান্ড চ্যাম্পিয়ন’ হওয়ার গৌরব অর্জন করেন। সুভাষ সাহা তার দৌহিত্র কুশল সাহার জন্য সবার কাছে  আশীর্বাদ চেয়েছেন।’

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ কবে, জানাল অধিদপ্তর

অনলাইন ডেস্ক
প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ কবে, জানাল অধিদপ্তর

দীর্ঘ প্রতীক্ষার পর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সময় জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। জানানো হয়েছে সবকিছু ঠিক থাকলে চলতি জুন মাসের শেষ সপ্তাহেই প্রকাশ করা হতে পারে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল।

সোমবার (২২ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট নীতিনির্ধারক ও কর্মকর্তারা ফল প্রকাশের প্রস্তুতির সর্বশেষ অগ্রগতি সম্পর্কে তথ্য জানিয়েছেন।

অধিদপ্তরের তথ্য-ব্যবস্থাপনা বিভাগের সিস্টেম অ্যানালিস্ট দিলীপ কুমার সরকার জানান, প্রাথমিক বৃত্তির ফল প্রস্তুতের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ফলাফল প্রস্তুত হলেও ডাটাবেজে কিছু কারিগরি যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

তিনি বলেন, আগামী তিন দিনের মধ্যে চূড়ান্ত ফল প্রশাসন বিভাগে পাঠানো হবে। এরপর প্রশাসন বিভাগ ফল প্রকাশের তারিখ ও সময় নির্ধারণ করবে।

এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সংস্থাপন) এ. এস. এম. সিরাজুদ্দোহা জানান, ফল প্রকাশে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তার ভাষ্য, তথ্যবিভাগ থেকে চূড়ান্ত ডাটা হাতে পেলেই জরুরি সভা করে পরদিনই ফল প্রকাশ করা সম্ভব হবে। আমরা আশাবাদী, চলতি মাসের শেষের দিকেই শিক্ষার্থীরা তাদের ফলাফল পাবে।

চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সারাদেশ থেকে প্রায় ৬ লাখ ৪০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে ৫ লাখ এবং বেসরকারি ও কিন্ডার গার্টেন বিদ্যালয়ের প্রায় ৯০ হাজার শিক্ষার্থী রয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনে নির্ধারিত সার্ভারের মাধ্যমে ফলাফল দেখতে পারবে। ফল প্রকাশের আনুষ্ঠানিক তারিখ ও সময় শিগগিরই জানানো হবে।

১. মেধাবৃত্তি বা ট্যালেন্টপুল 

যেসব শিক্ষার্থী মেধা তালিকায় শীর্ষে থেকে ট্যালেন্টপুল বা মেধাবৃত্তি লাভ করবে, তারা প্রতি মাসে ৩০০ টাকা করে মাসিক ভাতা পাবে। এর পাশাপাশি এই ক্যাটাগরির শিক্ষার্থীরা এককালীন অনুদান হিসেবে পাবে ২২৫ টাকা।

২. সাধারণ বৃত্তি

সাধারণ কোটায় বা সাধারণ ক্যাটাগরিতে যারা বৃত্তির জন্য মনোনীত হবে, তাদের মাসিক ভাতার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২২৫ টাকা। এ ছাড়া এই ক্যাটাগরির সাধারণ শিক্ষার্থীরাও এককালীন অনুদান হিসেবে ২২৫ টাকা করে পাবে।

চলতি বছরের গত ১৫ এপ্রিল বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে দেশের ৬১টি জেলায় একযোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছিল। এরপর ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে মূল পরীক্ষা শেষ হয়। তবে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় বিশেষ ব্যবস্থাপনায় ১৭, ১৮, ১৯ ও ২০ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, চলতি বছরই প্রথমবারের মতো দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয় তথা কিন্ডার গার্টেনের শিক্ষার্থীরাও সরকারি এই বৃত্তি পরীক্ষায় সরাসরি অংশগ্রহণের ঐতিহাসিক সুযোগ পেয়েছে।

ঘরে বসেই রেজাল্ট চেক করার সহজ উপায় :

১. অনলাইনের মাধ্যমে (রোল নম্বর দিয়ে) :
ipemis.dpe.gov.bd অথবা dpe.gov.bd ওয়েবসাইটে যান।
পরীক্ষার সন (প্রাথমিক বৃত্তি পরীক্ষা) সিলেক্ট করুন।
শিক্ষার্থীর রোল নম্বর দিয়ে ‘সাবমিট’ করলেই রেজাল্ট স্ক্রিনে চলে আসবে। এখান থেকে জেলা ও উপজেলা ভিত্তিক PDF মেধা তালিকাও ডাউনলোড করা যাবে।

২. মোবাইল এসএমএস-এর মাধ্যমে :
যেকোনো মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে লিখুন : DPE <স্পেস> রোল নম্বর এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
(উদাহরণ : DPE 123456 লিখে Send করুন 16222 নম্বরে)। ফিরতি এসএমএস-এ ফলাফল চলে আসবে।