সময়, স্মৃতি ও বৈজ্ঞানিক জটিলতাকে পর্দায় রূপ দেওয়া বিশ্বখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলান প্রকাশ করলেন তার প্রিয় চলচ্চিত্রের তালিকা। সম্প্রতি ‘ক্রাইটেরিয়ন ক্লোজেট’ পরিদর্শনের সময় হলিউডের এই মাস্টারমাইন্ড নিজের পছন্দের সিনেমাগুলোর একটি তালিকা তৈরি করেন। আর অরসন ওয়েলস, ডেভিড লিঞ্চ বা স্পাইক লি-র মতো কিংবদন্তিদের পেছনে ফেলে নোলান তার এই অভিজ্ঞতার শুরুটাই করেন সত্যজিৎ রায়ের কালজয়ী চলচ্চিত্র ‘পথের পাঁচালী’ (১৯৫৫) দিয়ে।
নোলান জানান, ‘পথের পাঁচালী’ দেখে তিনি গভীরভাবে বিস্ময় প্রকাশ করেছিলেন এবং খুব শিগগিরই অপু ট্রিলজির বাকি দুটি পর্ব দেখার ইচ্ছা রাখেন। নোলানের মতে, এই সংকলনটি তার নিজের চলচ্চিত্র যাত্রার এক গোপন মানচিত্র। তার পছন্দের তালিকায় আরো রয়েছে অরসন ওয়েলসের ‘মিস্টার আরকাডিন’ ও ‘সিটিজেন কেন’, ফ্রিটজ ল্যাং-এর ‘দ্য টেস্টামেন্ট অফ ডক্টর মাবুসে’, স্পাইক লি-র ‘ম্যালকম এক্স’, ডেভিড লিঞ্চের ‘লস্ট হাইওয়ে’, রবার্ট অল্টম্যানের ‘দ্য প্লেয়ার’ এবং রিচার্ড লিঙ্কলেটারের ‘বয়হুড’-এর মতো বিখ্যাত সব সিনেমা।
নোলান প্রতিটি চলচ্চিত্রের পেছনে থাকা নিজের ব্যক্তিগত স্মৃতির কথাও তুলে ধরেন। তিনি প্রকাশ করেন যে, ফ্রিটজ ল্যাং-এর ‘দ্য টেস্টামেন্ট অফ ডক্টর মাবুসে’ ছবিটি তার বিখ্যাত ‘দ্য ডার্ক নাইট’ চলচ্চিত্রের ‘জোকার’ চরিত্রটি তৈরিতে দারুণ অনুপ্রেরণা জুগিয়েছিল। অন্যদিকে, ডেভিড লিঞ্চের ‘লস্ট হাইওয়ে’ প্রথমে তার কাছে দুর্বোধ্য মনে হলেও এটি যে তার অবচেতন মনে স্বপ্নের মতো স্থায়ী প্রভাব ফেলেছিল, তা অকপটে স্বীকার করেন। আবার স্পাইক লি-র ‘ম্যালকম এক্স’ ৭০ মিমি স্ক্রিনে দেখার স্মৃতিও তিনি রোমন্থন করেন।
আইম্যাক্স ক্যামেরা, পারমাণবিক বিস্ফোরণ বা সময়কে পেঁচিয়ে ফেলা জটিল গল্পের পেছনে ছোটা নোলান যে আড়ালে আবেগের গভীরতা ও ভিন্ন ধাঁচের চলচ্চিত্রের এক পরম অনুরাগী, তা এই তালিকা দেখলেই বোঝা যায়। সত্যজিৎ রায়ের গ্রামীণ বাংলার এক কিশোরের গল্পকে এভাবে বিখ্যাত সব হলিউড ও আন্তর্জাতিক মাস্টারপিসের পাশে স্থান দিয়ে নোলান কেবল ‘পথের পাঁচালী’র প্রতি সম্মানই জানাননি, বরং বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে ভারতীয় সিনেমার অন্যতম এই অর্জনকে আবারও নতুন করে স্মরণ করিয়ে দিলেন।





