• ই-পেপার

জন্মদিনে আক্ষেপ

এন্ড্রু কিশোরের গানের রয়্যালিটি পাচ্ছে না পরিবার!

এলো জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’ মুক্তির ঘোষণা

বিনোদন প্রতিবেদক
এলো জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’ মুক্তির ঘোষণা
সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গে জয়া আহসান অভিনীত প্রশংসিত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’-র সাফল্যের পর এবার আসছে এর বহুল প্রতীক্ষিত সিক্যুয়াল ‘আজও অর্ধাঙ্গিনী’। সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, অভিমান ও অমীমাংসিত অতীতের গল্প নিয়ে নির্মিত নতুন এই ছবির মুক্তির তারিখও ঘোষণা করেছেন নির্মাতা কৌশিক গাঙ্গুলি।

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ দর্শক ও সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসা পায়। কৌশিক গাঙ্গুলির পরিচালনায় নির্মিত ছবিটিতে অভিনয় করেছিলেন জয়া আহসান, কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলি। গল্পের কেন্দ্রীয় চরিত্র সুমনের অসুস্থতাকে ঘিরে তার সাবেক স্ত্রী শুভ্রা এবং বর্তমান স্ত্রী মেঘনার মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে আবেগঘন এক সম্পর্কের জটিলতা ফুটে উঠেছিল পর্দায়।

সেই গল্পেরই ধারাবাহিকতায় নির্মিত হয়েছে ‘আজও অর্ধাঙ্গিনী’। গত বছরের জুনে ছবিটির শুটিং শুরু হয়। দীর্ঘ অপেক্ষার পর নির্মাতা জানিয়েছেন, আগামী ১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

নতুন কাহিনিতে সময় এগিয়েছে কয়েক বছর। এবার একটি বিয়েকে কেন্দ্র করে আবারও মুখোমুখি হন সুমন, শুভ্রা ও মেঘনা। কিন্তু অতীতের স্মৃতি এবার শুধু স্মৃতিতেই সীমাবদ্ধ থাকে না, বরং বর্তমানের সম্পর্ক ও সিদ্ধান্তকে গভীরভাবে প্রভাবিত করতে শুরু করে। ফলে আবেগ ও দ্বন্দ্বের মাত্রা আরো বেড়ে যায়।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, এই পর্বে চরিত্রগুলোর অজানা অনেক দিক সামনে আসবে। বিশেষ করে মেঘনার সন্তান টিকলিকে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা গল্পের গুরুত্বপূর্ণ মোড় তৈরি করবে। তার পরিচয় ও সেই সত্য উদ্ঘাটনের মধ্য দিয়ে তিনটি জীবনের সম্পর্ক নতুন করে প্রশ্নের মুখে দাঁড়াবে।

ছবিটি নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জয়া আহসান বলেন, ‘অর্ধাঙ্গিনী ছিল খুব পরিণত একটি গল্প। সেই ছবির সিকুয়ালের অংশ হতে পারা আমার জন্য আনন্দের। দর্শক যেভাবে প্রথম ছবিটিকে গ্রহণ করেছেন, সেই প্রত্যাশা আমাদের ওপর বড় দায়িত্ব তৈরি করেছে। আমরা চেষ্টা করেছি সেই আবেগকে আরো গভীরভাবে ফিরিয়ে দিতে।’

এই সিক্যুয়ালে কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলির পাশাপাশি নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন ইন্দ্রাশিস রায়।  

‘ও এখন আরো ছোট হয়ে গেছে’, শাকিবকে দেখে মুগ্ধ পূর্ণিমা

বিনোদন প্রতিবেদক
‘ও এখন আরো ছোট হয়ে গেছে’, শাকিবকে দেখে মুগ্ধ পূর্ণিমা
সংগৃহীত ছবি

ঢালিউডের এক সময়ের জনপ্রিয় জুটি শাকিব খান ও পূর্ণিমাকে দীর্ঘদিন পর আবারও একসঙ্গে দেখে উচ্ছ্বসিত হয়েছেন ভক্তরা। একটি টেলিভিশন অনুষ্ঠানে হঠাৎ দেখা হওয়ায় পুরোনো দিনের স্মৃতি, হাসি-আড্ডা আর খুনসুটিতে জমে ওঠে পুরো পরিবেশ।

শনিবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে মুখোমুখি হন দুই তারকা। দীর্ঘ বিরতির পর একে অপরকে দেখে আন্তরিক অভ্যর্থনা জানান তারা। আলাপচারিতার একপর্যায়ে শাকিব খানকে দেখে মজার মন্তব্য করেন পূর্ণিমা।

হাসিমুখে তিনি বলেন, ‘তাকে আমি যা দেখেছি, তার থেকে তো ও এখন অনেক ছোট হয়ে গেছে। আরো বেশি ছোট। তার যতগুলো ছবি আছে, আমি কিন্তু দেখি। ‘তুফান’ পুরোটা দেখেছি, অন্য ছবিগুলোও দেখেছি।’

পূর্ণিমা জানান, একসঙ্গে নিয়মিত কাজ না হলেও শাকিব খানের নতুন সিনেমা ও ক্যারিয়ারের অগ্রগতি তিনি আগ্রহ নিয়ে অনুসরণ করেন। দেশীয় সিনেমার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও শাকিবের উপস্থিতি তার নজরে এসেছে।

এ সময় আরো একটি মজার মন্তব্য করে পূর্ণিমা বলেন, ‘আমাদের যখন একসঙ্গে কাজ হয়েছিল, তখন যদি এই লুকের শাকিবকে পেতাম, তাহলে আরো ভালো লাগত।’

এক সময় ঢালিউডের অন্যতম সফল জুটি ছিলেন শাকিব খান ও পূর্ণিমা। ‘আই লাভ ইউ’, ‘মা আমার স্বর্গ’, ‘তুমি কত সুন্দর’ ও ‘বাধা’সহ তাদের একাধিক সিনেমা দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। সময়ের সঙ্গে দুজনের কর্মব্যস্ততা ভিন্ন পথে গেলেও পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের সম্পর্ক যে অটুট রয়েছে, সাম্প্রতিক এই সাক্ষাৎ তারই ইঙ্গিত দিয়েছে।

জানা গেছে, একটি সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে অংশ নিতে চ্যানেল আই কার্যালয়ে গিয়েছিলেন শাকিব খান। তাকে স্বাগত জানাতে বিশেষভাবে সাজানো হয়েছিল পুরো প্রাঙ্গণ। অনুষ্ঠানের আবহে বাজানো হয় জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’, যা পরিবেশকে আরো প্রাণবন্ত করে তোলে।

সেই মুহূর্তে মজার ছলে পূর্ণিমা বলেন, ‘আজকে কিন্তু দুষ্টু কোকিল আমি হবো। দুষ্টু দুষ্টু প্রশ্ন করবো।’ জবাবে হেসে শাকিব খান বলেন, ‘যা ইচ্ছা করো।’

দুই তারকার এই পুনর্মিলনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই আবারও তাদের একসঙ্গে বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

কবে ঢাকার মঞ্চে গাইবেন অনুপম রায়?

বিনোদন ডেস্ক
কবে ঢাকার মঞ্চে গাইবেন অনুপম রায়?
সংগৃহীত ছবি

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়কে নিয়ে আবারও উচ্ছ্বসিত ঢাকার সংগীতপ্রেমীরা। দেশের শীর্ষস্থানীয় টি ব্র্যান্ড সিলনের উদ্যোগ এবং আয়োজনে আবারও ঢাকার মঞ্চ মাতাবেন এই গায়ক। 

জানা গেছে, আগামী ২৬ জুন রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘দি অনুপম রায় ব্যান্ড’ একটি বিশেষ লাইভ কনসার্টে সংগীত পরিবেশন করবে। 

আয়োজকরা জানান, এই আয়োজন দর্শকদের জন্য হয়ে উঠবে স্মরণীয় এক সংগীত সন্ধ্যা।

এর আগে ২০২৫ সালে বিশ্বখ্যাত জাল ব্যান্ড ও বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড ওয়ারফেজের লাইভ কনসার্টে টি পার্টনার হিসেবে অংশ নেয় সিলন। এ ছাড়া ২০২৬ সালের মার্চে আয়োজিত তিন দিনব্যাপী রিকশা ফেস্টিভ্যালের মুখ্য পৃষ্ঠপোষক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিষ্ঠানটি।

আয়োজকদের বিশ্বাস, অনুপম রায়ের সুর ও গানে মুখরিত এই বিশেষ সন্ধ্যায় সংগীতপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে তৈরি হবে এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলা।
 

করণ-আদিত্যর বারণ সত্ত্বেও ‘লাগান’ ছবির শুটিং করেন আমির

অনলাইন ডেস্ক
করণ-আদিত্যর বারণ সত্ত্বেও ‘লাগান’ ছবির শুটিং করেন আমির

আগামী ১৫ই জুন ভারতীয় সিনেমার অন্যতম সেরা চলচ্চিত্র ‘লাগান’ মুক্তির ২৫ বছর পূর্ণ হতে যাচ্ছে। অস্কার-মনোনীত এই কালজয়ী ছবিটি নিয়ে সম্প্রতি একটি পুরনো স্মৃতির কথা শেয়ার করেছেন আমির খান। তিনি জানিয়েছেন, ছবিটির শুটিং শুরু করার আগে তার দুই নির্মাতা বন্ধু করণ জোহর ও আদিত্য চোপড়া এই সিনেমাটি নিয়ে তাকে সতর্ক করেছিলেন এবং এক শিডিউলে শুটিং করতে নিষেধ করেছিলেন।

এক সাক্ষাৎকারে আমির খান জানান, গুজরাটে ছবিটির শুটিংয়ে যাওয়ার মাত্র কয়েক দিন আগে একটি পার্টিতে করণ জোহর ও আদিত্য চোপড়ার সঙ্গে তার দেখা হয়। তখন তারা আমিরকে বলেছিলেন যে, এক শিডিউলে পুরো সিনেমার শুটিং করাটা হবে একটা বড় ভুল। তাদের ধারণা ছিল, এত বড় প্রজেক্ট একবারে করতে গেলে সবকিছু এলোমেলো বা গণ্ডগোল হয়ে যাবে।

বন্ধুদের এমন পরামর্শ সত্ত্বেও আমির খান নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। পরিচালক আশুতোষ গোয়ারিকরের পরিকল্পনা অনুযায়ী গুজরাটের একটি শিডিউলে ছবির পুরো শুটিং শেষ করা হয়, যা তৎকালীন ভারতীয় সিনেমার ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা ছিল। আমির রসিকতা করে বলেন, সেদিন তারা বারণ করলেও আজ আদি (আদিত্য) এবং করণ দুজনেই এক শিডিউলে এবং সরাসরি সেটের শব্দ ধারণ (সিঙ্ক সাউন্ড) করে শুটিং করছেন।

আমির খান এই ছবিতে অভিনয় ও এটি প্রযোজনা করার সিদ্ধান্তকে তার জীবনের অন্যতম বড় ‘টার্নিং পয়েন্ট’ বা মোড় পরিবর্তনকারী ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। ছবিটি ২০০১ সালে মুক্তির পর দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা কুড়ায়। পরবর্তীতে ২০০২ সালে এটি বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘অস্কার’ পুরস্কারের সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগেও মনোনয়ন লাভ করেছিল।

সূত্র : এনডিটিভি

এন্ড্রু কিশোরের গানের রয়্যালিটি পাচ্ছে না পরিবার! | কালের কণ্ঠ