দক্ষিণী সুপারস্টার ধানুশ এবং বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুরের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল। একাধিকবার একসঙ্গে জনসমক্ষে দেখা যাওয়ায় তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়।
তবে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেই সম্পর্ক নাকি এখন শেষ হয়ে গেছে।
ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দুই তারকা ইতিমধ্যেই আলাদা হয়ে গেছেন। তবে তাঁদের বিচ্ছেদের কারণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
কয়েক মাস ধরে তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও ধানুশ এবং মৃণাল—দুজনেই বরাবরই বিষয়টি অস্বীকার করে এসেছেন। এমনকি জনসমক্ষে একসঙ্গে উপস্থিত হলেও তারা কখনোই সম্পর্ক নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।
গুঞ্জনের সূত্রপাত হয় বিভিন্ন ইভেন্ট ও সিনেমার প্রিমিয়ারে তাঁদের ঘনিষ্ঠ উপস্থিতি ঘিরে। বিশেষ করে ধানুশের একটি সিনেমার প্রিমিয়ারে মৃণালকে ঘিরে আলোচনার ঝড় ওঠে।
তবে সে সময় মৃণাল বিষয়টি এড়িয়ে গিয়ে জানান, আমন্ত্রণের বিষয়টি পরিচালকের পক্ষ থেকেই এসেছে।
ধানুশ বরাবরই তাঁর ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন। এর আগে ২০২২ সালে তিনি স্ত্রী ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন। ১৮ বছরের দাম্পত্য জীবনের পর তাঁদের আলাদা হওয়ার সিদ্ধান্ত ভক্তদের জন্য ছিল বড় ধাক্কা।
বর্তমানে ধানুশ ক্যারিয়ারে ব্যস্ত সময় পার করছেন। তাঁকে শেষ দেখা গেছে ‘ইডলি কড়াই’ ছবিতে। পাশাপাশি তিনি কাজ করছেন নতুন প্রজেক্ট ‘ওম চ্যাপ্টার ১’-এ।
অন্যদিকে মৃণাল ঠাকুরও দারুণ ফর্মে আছেন। সাম্প্রতিক সময়ে তাঁর একাধিক সিনেমা মুক্তি পেয়েছে এবং নতুন বেশ কিছু বড় প্রজেক্টেও কাজ করছেন তিনি। এর মধ্যে রয়েছে ‘পূজা মেরি জান’ ও ‘রাকা’। ‘রাকা’ ছবিতে তাঁকে দেখা যাবে আল্লু অর্জুন, দীপিকা পাড়ুকোন ও রাশমিকা মান্দানার মতো তারকাদের সঙ্গে।






