একসময় গান ও উপস্থাপনায় শ্রোতাদের মুগ্ধ করা কণ্ঠশিল্পী ও উপস্থাপিকা সামা মেহজাবিন রিনতি দেশের বাইরে পাড়ি জমিয়েছেন। বিয়ের পর এখন স্বামীর সঙ্গে লন্ডনে স্থায়ী হয়েছেন ‘বৃষ্টি হয়ে নামব’ খ্যাত এ শিল্পী। স্বামী, সংসার ও সন্তান এই তিন ‘স’-তে নিজেকে আবদ্ধ না রেখে সেখানে উপস্থাপনায়ও ব্যস্ত সময় পার করছেন।
এবার দীর্ঘদিন পর বড় একটি সংগীত আয়োজনে উপস্থাপকের ভূমিকায় দেখা যাবে তাকে। আগামী ১৯ জুলাই লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ারফেজের বিশেষ কনসার্ট উপস্থাপনা করবেন রিনতি। এ আয়োজনে তার সহ-উপস্থাপক হিসেবে থাকবেন রাফসান সাবাব।
যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া ‘বাংলা ফেস্ট অ্যান্ড অ্যাওয়ার্ড ইউকে’ শীর্ষক এই আয়োজনে প্রথমবারের মতো পারফর্ম করবে ব্যান্ড ওয়ারফেজ। তাদের সঙ্গে মঞ্চে থাকবেন জনপ্রিয় শিল্পী জেফার, মুযা এবং বাপ্পীও।

লন্ডন থেকে কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে রিনতি বলেন, ‘স্বামী, সংসার সামলানোর পাশাপাশি এখানে এখন নানা কিছু নিয়েই ব্যস্ত সময় পার করছি। লাইফস্টাইল ভ্লগিং করছি, পাশাপাশি উপস্থাপনা করছি। এখানে বাঙালি কমিউনিটির আয়োজনে প্রায় প্রতিদিনই নানা রকম অনুষ্ঠান হয়। আমি সবগুলোতে অংশ না নিলেও কয়েকটাতে অংশ নিই, উপস্থাপনা করি। তবে এম্ব্রোশিয়ানের আয়োজনে ওয়ারফেজের কনসার্ট উপস্থাপনা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড। অনেক দিন পর এ রকম একটা অনুষ্ঠান উপস্থাপনা করব। সত্যি অনেক ভালো লাগছে।’
বিদেশে থাকলেও দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়নি তার। প্রায় প্রতিবছরই ছুটি কাটাতে বাংলাদেশে আসেন রিনতি। সর্বশেষ গত বছর দেশে এসেছিলেন। এর আগে প্রায় আড়াই বছর আগে একটি টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপনাও করেছিলেন।

তিনি আরো বলেন, ‘পর্দায় থাকার ব্যাপারটা আমি খুব মিস করি। আমাকে অনেকেই অনুরোধ করেন আবারও একদম নিয়মিত হতে। শুধু তা-ই নয়, গানের অনুরোধও পাই অনেক বেশি। এবার দেশে আসার পর ইচ্ছে আছে গান করার।’
উপস্থাপনা ও ভ্লগিংয়ের পাশাপাশি রিনতি একজন উদ্যোক্তাও। ‘হেয়ার ফান বাই মেহজাবিন রিনতি’ নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে, যা এখন শুধু বাংলাদেশেই নয়, দেশের বাইরেও পরিচিতি পেয়েছে।

বলা দরকার, ২০১০ সালে প্রকাশিত ‘হৃদয় মিক্স ২’ অ্যালবামের ‘মনের গভীরে’ ও ‘বলে দাও আমায়’ গান দুটি দিয়ে শ্রোতাদের নজর কাড়েন মেহজাবিন রিনতি। এরপর প্রায় এক দশকের বেশি সময় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সফলভাবে উপস্থাপনা করেছেন। পাশাপাশি নাটকের জন্যও গান গেয়েছেন তিনি। বিশেষ করে ‘টু মাচ লাভ’ নাটকে ব্যবহৃত তার গাওয়া ‘বৃষ্টি হয়ে নামব’ গানটি দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।





