• ই-পেপার

ওয়ারফেজের কনসার্ট উপস্থাপনা করবেন মেহজাবিন রিনতি

আপত্তিকর কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

বিনোদন প্রতিবেদক
আপত্তিকর কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা
সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগ  মাধ্যমে নিজের বক্তব্য বিকৃত করে বিভ্রান্তিকর ও আপত্তিকর কনটেন্ট ছড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে এবার আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতিমধ্যে আইনজীবী ও ডিজিটাল টিমকে প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশও দিয়েছেন।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও সংগ্রামের প্রসঙ্গে জাহিদ হাসান বলেছিলেন, ‘আমি কষ্টে মরে যাচ্ছি, তবু মুখে হাসি রাখার চেষ্টা করি।’ তবে সেই বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট উপেক্ষা করে কয়েকটি ফেসবুক পেজ ভিন্ন একটি ঘটনার ভিডিওর সঙ্গে এটি জুড়ে বিভ্রান্তিকর ও আপত্তিকর শিরোনামে প্রচার করে।

বিশেষ করে প্রয়াত অভিনেতা শামস সুমনের জানাজার একটি ভিডিওর সঙ্গে ওই বক্তব্য যুক্ত করে প্রকাশিত কনটেন্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন অভিনেতা।

জাহিদ হাসান বলেন, ‘যা দেখছি, সভ্যতা-ভব্যতার সব সীমা অতিক্রম করছে এসব ভুঁইফোড় ফেসবুক পেজ। দিন দিন এদের দৌরাত্ম্য বাড়ছে। এভাবে তো চলতে পারে না।’

তিনি জানান, তার আইনজীবী ও ডিজিটাল টিম ইতিমধ্যে সংশ্লিষ্ট ফেসবুক পেজগুলোর তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। কারা পরিকল্পিতভাবে এসব বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দিচ্ছে, সে বিষয়েও প্রয়োজনীয় তথ্য জোগাড় করা হয়েছে। শিগগিরই জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে পুলিশের সাইবার অপরাধ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গেও কথা বলেছেন বলে জানান জাহিদ হাসান। তিনি বলেন, ‘আমি ইতিমধ্যে পুলিশের সাইবার অপরাধ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে সাধারণ ডায়েরি করার পরামর্শ দিয়েছেন। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এভাবে ছাড় দেওয়ার কোনো মানে হয় না।’

শুধু আইনগত পদক্ষেপই নয়, এ ঘটনায় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দৃষ্টিও আকর্ষণ করেছেন এই অভিনেতা।

মুস্তাফা মনোয়ারকে দেখতে হাসপাতালে সংস্কৃতিমন্ত্রী

বিনোদন প্রতিবেদক
মুস্তাফা মনোয়ারকে দেখতে হাসপাতালে সংস্কৃতিমন্ত্রী
সংগৃহীত ছবি

দেশের বরেণ্য চিত্রশিল্পী এবং পাপেট শিল্পের পথিকৃৎ মুস্তাফা মনোয়ারের শারীরিক অবস্থা সংকটাপন্ন। নিউমোনিয়াজনিত জটিলতায় রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর পাশে দাঁড়িয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। শিল্পীর চিকিৎসার জন্য পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে আর্থিক সহায়তার চেক।

সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে মুস্তাফা মনোয়ারকে দেখতে যান সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ সময় তারা শিল্পীর শয্যাপাশে কিছু সময় কাটান, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসকদের কাছ থেকে তার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ নেন।

সাক্ষাৎ শেষে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিল্পীর পরিবারের হাতে আর্থিক সহায়তার একটি চেক তুলে দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় জানায়, দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে যেসব গুণীজন অসামান্য অবদান রেখেছেন, তাদের যেকোনো সংকটে পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার। একই সঙ্গে তারা বরেণ্য এই শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেন।

গত সপ্তাহে মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার গণমাধ্যমকে জানান, নিউমোনিয়ার ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে তার স্বামীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালেও গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন মুস্তাফা মনোয়ার। সে সময় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে সুস্থ হয়ে উঠলেও সাম্প্রতিক নিউমোনিয়ার সংক্রমণে আবারও তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবারের সদস্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা।

আর্জেন্টিনাকে ‘সামির-মেহরীনের’ যৌথ সমর্থন

বিনোদন প্রতিবেদক
আর্জেন্টিনাকে ‘সামির-মেহরীনের’ যৌথ সমর্থন
সংগৃহীত ছবি

বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে ফুটবলপ্রেমীরা। আজ রাতে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের সমর্থকদের মধ্যেও। সেই উচ্ছ্বাসে শামিল হয়েছেন শোবিজ অঙ্গনের জনপ্রিয় দুই তারকা খায়রুল বাসার ও কেয়া পায়েল।

ম্যাচের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-নির্মিত ছবি শেয়ার করেন খায়রুল বাসার। ছবিতে আর্জেন্টিনার জার্সি পরে তার সঙ্গে দেখা যায় কেয়া পায়েলকে। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘সামির-মেহরীনের যৌথ সমর্থনে এগিয়ে যাবে আর্জেন্টিনা। ভামোস আর্জেন্টিনা।’

May be an image of text that says 'AFA ARGENTINA VAMOS VAMOSARGENTINA ARGENTINA annebeto V 9 産 E သာ 10'

বাসার ও পায়েল অভিনীত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এ ‘সামির’ ও ‘মেহরীন’ চরিত্রে অভিনয় করে দর্শকদের ব্যাপক ভালোবাসা পেয়েছিলেন। সেই জনপ্রিয় চরিত্র দুটির নামই এবার ব্যবহার করেছেন বাসার, যা ভক্তদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করেছে।

পোস্টটি প্রসঙ্গে বাসার জানান, তিনি ও কেয়া পায়েল—দুজনেই আর্জেন্টিনা দলের সমর্থক। পাশাপাশি সম্প্রতি নাটকে তাদের জুটি দর্শকদের কাছেও বেশ সাড়া ফেলেছে। তাই প্রিয় দলের প্রতি ভালোবাসা জানাতে এভাবেই সমর্থন প্রকাশ করেছেন তারা।

এআই প্রযুক্তিতে তৈরি হলেও বাসার-পায়েলের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। পোস্টটিতে ইতিমধ্যে ৪০ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। পাশাপাশি মন্তব্যের সংখ্যাও ছাড়িয়েছে এক হাজার, যেখানে বেশিরভাগই আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়ে শুভকামনা জানিয়েছেন।
 

আইসিইউতে মনির খানের মা

বিনোদন প্রতিবেদক
আইসিইউতে মনির খানের মা
সংগৃহীত ছবি

জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানের মা মনোয়ারা খাতুন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুকে তীব্র ব্যথা অনুভব করার পর প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোরের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। তবে চিকিৎসার পর বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন এই শিল্পী।

মায়ের অসুস্থতার বিষয়ে গণমাধ্যমে মনির খান বলেন, ‘আম্মা গতকাল (২০ জুন) সন্ধ্যার দিকে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেছিলেন। এরপর আমার ছোট ভাইরা বাড়ির পাশের হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা বলেন, এখন যশোর নিয়ে যান। পরে সেখানে নিয়ে গেলে আইসিইউতে ভর্তি করা হয়।’

প্রথমদিকে পরিবারের সদস্যরা হার্ট অ্যাটাকের আশঙ্কা করলেও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, এটি হৃদ্‌রোগজনিত সমস্যা নয়। বরং শরীরের অভ্যন্তরীণ সংক্রমণের কারণেই এই ব্যথা দেখা দিতে পারে।

মনির খান বলেন, ‘আমার মনে হয়েছিল তিনি কার্ডিয়াক অ্যাটাক করেছেন। আজ বিকেল ৪টার দিকে রিপোর্টগুলো পাওয়ার পর ডাক্তাররা বোর্ড বসিয়ে দেখেছেন, তিনি কার্ডিয়াক অ্যাটাক করেননি। শরীরের ভেতরে কোনো ইনফেকশনের কারণে ব্যথা উঠতে পারে। পাশাপাশি তাঁর রক্তচাপও অনেক নিচে নেমে গিয়েছিল।’

মায়ের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে আশাবাদী এই গায়ক। তিনি বলেন, ‘সেখানে চিকিৎসার পরে তাঁর বেশ উন্নতি হয়েছে। আশা করছি তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে।’

মায়ের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মনির খান। তার ভাষায়, ‘আম্মার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাইছি।’

এর আগে রবিবার (২১ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের সঙ্গে একটি ছবি প্রকাশ করে তিনি অসুস্থতার খবর জানান। পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমার গর্ভধারিণী মা অসুস্থ হয়ে আইসিইউতে।’