বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের ‘পুশ ইনের’ প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। আজ রবিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। তিনি বলেন, ভারত যেন অবিলম্বে ‘পুশ ইন’ কার্যক্রম বন্ধ করে এবং ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের বাংলাদেশে ফেরত পাঠাতে সহযোগিতা করে। অন্যথায় এ ধরনের কর্মকাণ্ডকে সুদূরপ্রসারী ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করা হবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরো বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে উভয় দেশের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়া উচিত।’
সমাবেশের শেষদিকে ইশতিয়াক আজিজ উলফাত বলেন, ‘এ কর্মসূচিতে অংশ নিতে এসে ৭৮ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি স্ট্রোক করে মারা যান।’ এ সময় উপস্থিত নেতাকর্মীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
এতে আরো বক্তব্য দেন গণফ্রন্টের সভাপতি কমরেড টিপু বিশ্বাস, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, উপজাতিবিষয়ক সহ-সম্পাদক কর্নেল (অব.) মনীষ দেওয়ান, সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, ভাষানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু, মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি মোবারক হোসেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টিসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, ভারত সীমান্তজুড়ে ‘পুশ ইন’-এর মাধ্যমে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তারা এ ধরনের কর্মকাণ্ডকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেন।





