• ই-পেপার

রাজধানীর নদ্দায় দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড

বিমানবন্দরে হারিয়ে যাওয়া শিশু আনসারদের সহায়তায় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
বিমানবন্দরে হারিয়ে যাওয়া শিশু আনসারদের সহায়তায় উদ্ধার
সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের বহুতল কার পার্কিং এলাকা থেকে তাকে পাওয়া যায়।

পরবর্তীতে যথাযথ পরিচয় যাচাই-বাছাই শেষে তাকে অভিভাবকের নিকট নিরাপদে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এদিন সকাল আনুমানিক ৯টা ২৫ মিনিটে বিমানবন্দরের বহুতল কার পার্কিং এলাকা থেকে ইতালিপ্রবাসী মোহাম্মদ আজিজুল ইসলামের ৬ বছর বয়সী ছেলে মো. আব্দুল্লাহ মাতব্বরকে কাঁদতে দেখেন আনসার সদস্য মো. মিজানুর রহমান। শিশুটির নিরাপত্তার স্বার্থে তিনি তাৎক্ষণিকভাবে তাকে নিজের হেফাজতে নেন।

পরবর্তীতে তিনি বিষয়টি শিফট ইনচার্জ পিসি মো. নিজাম উদ্দিনকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটির কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একই সঙ্গে মাইকিংয়ের মাধ্যমে শিশুটির স্বজনদের সন্ধান করা হয়।

এক পর্যায়ে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকা থেকে শিশুটির মামা মো. সুমন মাতব্বরকে শনাক্ত করা হয়। পরে শিশুটিকে ডিএসও অফিসে নিয়ে গিয়ে যথাযথ পরিচয় যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষের উপস্থিতিতে তার মামার নিকট নিরাপদে হস্তান্তর করা হয়।

শিশুটিকে ফিরে পেয়ে তার স্বজনরা আনসার সদস্যদের সতর্কতা, মানবিকতা ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন এবং আন্তরিক কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের বিমানবন্দর, সমুদ্রবন্দর, হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হারিয়ে যাওয়া ব্যক্তি ও মালামাল উদ্ধার, জনসেবামূলক কার্যক্রম পরিচালনা এবং সেবাগ্রহীতাদের সহায়তায় পেশাদারি, মানবিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছেন।

তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

অনলাইন ডেস্ক
তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। আজ সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক বিবেচনা করে শর্ত সাপেক্ষে হাসপাতালটিকে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরীর সই এক স্মারক চিঠিতে হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়। তবে ওই চিঠিতে তিনটি শর্তের কথা বলা হয়েছে।

শর্তগুলো হলো :

১. ‘দ্য মেডিক্যা ল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশনস) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর নির্দেশনা প্রতিপালন অব্যাহত রাখতে হবে;

২. লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে;

৩. লাইসেন্সের শর্তাবলি প্রতিপালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যে কোনো সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

বিষয়টি নিশ্চিত করে ফেসবুক পোস্ট দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। পোস্টে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতাল লাইন্সেস ফিরে পেল।’

চিকিৎসায় অবহেলায় গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ড-২-এ ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করে এবং এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। তদন্ত প্রতিবেদনে ওয়ার্ডে অক্সিজেনের স্বল্পতা, দীর্ঘ সময় এসি বন্ধ থাকা, বিকল্প ভেন্টিলেশন ব্যবস্থা না থাকা, বাতাসে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধি এবং হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলাকে মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হয়। পরে হাসপাতালটির লাইসেন্স স্থগিত (বাতিল) করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

পরে পুনরায় লাইসেন্স চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন জমা দেয় আদ্-দ্বীন কর্তৃপক্ষ। সেই আবেদনের প্রেক্ষিতে আজ হাসপাতালটি আবার তাদের চিকিৎসা সেবাদানের ক্ষমতা ফিরে পেল।

রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
ছবি : কালের কণ্ঠ

রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে তেজগাঁও স্টেশনের ১ নম্বর প্ল্যাটফরমের শেষ মাথায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আজ সকালে তেজগাঁও স্টেশনের ১ নম্বর প্ল্যাটফরমের শেষ প্রান্তে ট্রেনলাইনের পাশে ওই যুবক ট্রেনের ধাক্কায় মাথায় ও কানে গুরুতর আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঢাকা রেলওয়ে থানা পুলিশ সকাল পৌনে ৯টার দিকে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মরদেহ উদ্ধারকারী কর্মকর্তা ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবকের পরনে নীল রঙের ফুলহাতা শার্ট ও লুঙ্গি ছিল। তার নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ঢামেক ভবনের পাশ থেকে দুই নারীর মরদেহ উদ্ধার, নেপথ্যে কী

নিজস্ব প্রতিবেদক
ঢামেক ভবনের পাশ থেকে দুই নারীর মরদেহ উদ্ধার, নেপথ্যে কী

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ভবনের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর।

সোমবার (২৭ জুলাই) সকালে হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেক)-এর পেছনের দিক থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুই নারী ওই স্থানে ঘুমিয়ে ছিলেন। সকালে তাদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালের ভারপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী বিষয়টি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িকে জানান। পরে সকাল সোয়া ১০টার দিকে পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় তাদের উদ্ধার করে জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. ফারুক জানান, ওই দুই নারী ভবঘুরে প্রকৃতির। হাসপাতাল চত্বরে ঘোরাফেরা করতেন। অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে।

রাজধানীর নদ্দায় দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড | কালের কণ্ঠ