রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। আজ সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক বিবেচনা করে শর্ত সাপেক্ষে হাসপাতালটিকে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরীর সই এক স্মারক চিঠিতে হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়। তবে ওই চিঠিতে তিনটি শর্তের কথা বলা হয়েছে।
শর্তগুলো হলো :
১. ‘দ্য মেডিক্যা ল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশনস) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর নির্দেশনা প্রতিপালন অব্যাহত রাখতে হবে;
২. লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে;
৩. লাইসেন্সের শর্তাবলি প্রতিপালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যে কোনো সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
বিষয়টি নিশ্চিত করে ফেসবুক পোস্ট দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। পোস্টে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতাল লাইন্সেস ফিরে পেল।’
চিকিৎসায় অবহেলায় গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ড-২-এ ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করে এবং এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। তদন্ত প্রতিবেদনে ওয়ার্ডে অক্সিজেনের স্বল্পতা, দীর্ঘ সময় এসি বন্ধ থাকা, বিকল্প ভেন্টিলেশন ব্যবস্থা না থাকা, বাতাসে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধি এবং হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলাকে মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হয়। পরে হাসপাতালটির লাইসেন্স স্থগিত (বাতিল) করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
পরে পুনরায় লাইসেন্স চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন জমা দেয় আদ্-দ্বীন কর্তৃপক্ষ। সেই আবেদনের প্রেক্ষিতে আজ হাসপাতালটি আবার তাদের চিকিৎসা সেবাদানের ক্ষমতা ফিরে পেল।







