জামালপুরে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার দিগপাইত বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার দিগপাইত এলাকার মৃত মজিদের ছেলে আতাউর রহমান (৬০) এবং সরিষাবাড়ী উপজেলার মাটিয়াজানী গ্রামের বাসিন্দা মো. হাফিজ (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বাজার করতে দিগপাইত বাজারে এসেছিলেন দুইজন। বাজার শেষে একসঙ্গে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আতাউর রহমান নিহত হন। গুরুতর আহত অবস্থায় মো. হাফিজকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনিও মারা যান।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’





