• ই-পেপার

মিরসরাইয়ে ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু
সংগৃহীত ছবি

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আ. রহমান সরদার (৪৮) নামের এক ঘের মালিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার আড়ুয়াডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহমান সরদার উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের আড়ুয়াডাঙ্গা গ্রামের মৃত আ. রাজ্জাক সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে নিজ ঘেরে মাছের খাবার দেওয়ার পর বিদ্যুৎ লাইনের কাজ করার সময় রহমান সরদার বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ফকিরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) শিবলী নোমান হাসপাতালে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. রেহেনা আক্তার বলেন, হাসপাতালে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘের মালিকের মৃত্যুর ঘটনায় মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কর পরিদর্শক সেজে জাল সনদে এনআইডি সংশোধনের চেষ্টা, আটক ২

কুমিল্লা প্রতিনিধি
কর পরিদর্শক সেজে জাল সনদে এনআইডি সংশোধনের চেষ্টা, আটক ২
সংগৃহীত ছবি

কুমিল্লায় কর পরিদর্শক সেজে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন ও জাল সনদ ব্যবহারের দায়ে দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) দুপুরে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান কালের কণ্ঠকে তথ্যটি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার বামতিয়া গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদ ও দেবীদ্বার উপজেলার ইউসুফপুর গ্রামের বাসিন্দা শামছুল হক।

জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, দুপুর ১২টার দিকে আবুল কালাম আজাদ নিজেকে কর পরিদর্শক পরিচয় দিয়ে অন্য এক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য নির্বাচন অফিসে আসেন। কিছুক্ষণ পর শামছুল হক জাল সনদ ব্যবহার করে তার এক স্বজনের জাতীয় পরিচয়পত্র সংশোধনের চেষ্টা করেন। এক পর্যায়ে দুই যুবকের কথায় সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে দুজনই প্রতারণার বিষয়টি স্বীকার করেন। পরে কুমিল্লা তাদের কোতোয়ালি মডেল থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বলেন, কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে ফোন পেয়ে দুই যুবককে থানায় নিয়ে আসা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে নির্বাচন অফিস থেকে এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্যান্ডেল উদ্ধার করতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
স্যান্ডেল উদ্ধার করতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু
মুনতাসির। ছবি : সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে পড়ে যাওয়া স্যান্ডেল উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে মুনতাসির নামে ছয় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল নয়টার দিকে উপজেলার চর মধুয়া ইউনিয়নের গাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুনতাসির উপজেলার গাজীপুর এলাকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে। সে গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মা একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা যায়, সকালে বাড়ির পাশে মেঘনা নদীর তীরে সমবয়সী এক শিশুর সঙ্গে খেলাধুলা করছিল মুনতাসির। খেলার একপর্যায়ে তার পায়ের একটি স্যান্ডেল নদীতে পড়ে যায়। স্যান্ডেলটি তুলতে নদীর পানিতে নামলে সে হঠাৎ তলিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চর মধুয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রহিছ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদী থেকে স্যান্ডেল তুলতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। পরে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, শিক্ষকমাতা-পিতার চার সন্তানের (দুই ছেলে ও দুই মেয়ে) মধ্যে মুনতাসির ছিল তৃতীয়। শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে।

উল্লেখ্য, রায়পুরা উপজেলায় গত ১১ দিনে পানিতে ডুবে মোট নয়জনের মৃত্যু হলো, যাদের মধ্যে সাতজন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দুইজন শিশু। একের পর এক এমন মর্মান্তিক ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আশুলিয়ায় চলন্ত বাসে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ৩

সাভার (ঢাকা) প্রতিনিধি
আশুলিয়ায় চলন্ত বাসে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ৩
সংগৃহীত ছবি

সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে এক নারী যাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাসচালক ও তার সহযোগীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন, বাসচালক মো. ইমরান (৩৫), তার সহকারী মো. মুসফেকুর রহমান জনি (২০) ও চালকের পরিচিত মো. সুমন প্রামাণিক (৩০)। 

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে সাভারের নবীনগর যাওয়ার উদ্দেশে সাভার পরিবহনের একটি বাসে ওঠেন ওই নারী। নবীনগর বাসস্ট্যান্ডে পৌঁছানোর আগে বাসের চালক ইমরান তার সহকারী মুসফেকুরকে বাস চালানোর দায়িত্ব দেন। পরে ইমরান ওই নারীর সঙ্গে থাকা রুবেলকে মারধর এবং হত্যার হুমকি দিয়ে বাস থেকে শ্রীপুর এলাকায় নামিয়ে দেয়। এক পর্যায়ে ইমরানও বাস থেকে নেমে যায়। এসময় মুসফেকুর ও সুমন প্রামাণিক বাসে ছিলেন। পরে সুমনের সহায়তায় মুসফেকুর চলন্ত বাসে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন। অন্যদিকে রুবেল জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে আশুলিয়ার রাড়ইপাড়া বাসস্ট্যান্ড এলাকায় আরেকটি বাস দিয়ে ব্যারিকেড দিয়ে সাভার পরিবহনের বাসটি থামায়। পরে বাস থেকে ওই নারীকে উদ্ধার করা হয় এবং জনি ও সুমনকে বাসসহ আটক করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরদিন রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে ইমরানকে গ্রেপ্তার করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে বিষয়টি জানতে পেরে পুলিশের কয়েকটি দল অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধারসহ জনি ও সুমনকে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর রবিবার রাতে আশুলিয়ার রাড়ইপাড়া এলাকা থেকে থেকে বাসচালক ইমরানকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।