নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী এলাকায় ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৯ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা, শাপলা চত্বর সংলগ্ন সিটি গলিতে হাজী মোহাম্মদ নুরুল আমিনের পাঁচতলা ভবনের পঞ্চম তলা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, গত ১২ জুলাই রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। গ্রেপ্তার আলী আজগর (৪৫) একই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, ঘটনার রাতে ভুক্তভোগী টিভি দেখার উদ্দেশ্যে অভিযুক্তের বাসায় গেলে তার স্ত্রী বাসার বাইরে থাকার সুযোগে আলী আজগর এই ঘটনা ঘটানোর চেষ্টা করেন। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ সংবাদ পাওয়ার পর সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী ও পরিবারের বক্তব্য শুনে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’





