• ই-পেপার

রাবিতে নতুন ভাড়া তালিকা নিয়ে ক্ষোভ, পুনর্বিবেচনার আশ্বাস প্রশাসনের

পারিবারিক বিরোধে বাবার শাবলের আঘাতে ছেলে নিহত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
পারিবারিক বিরোধে বাবার শাবলের আঘাতে ছেলে নিহত
সংগৃহীত ছবি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বাবার শাবলের আঘাতে নুরুজ্জামান (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বাবা শরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের দক্ষিণ হরিরামপুর মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিজ বাড়ির মাটির ঘরের কাঠের দরজা সংস্কারের কাজ করছিলেন শরিফুল ইসলাম। এ সময় তাকে সহযোগিতা করছিল ছেলে নুরুজ্জামান। কাজের একপর্যায়ে বাবা-ছেলের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শরিফুল হাতে থাকা শাবল দিয়ে ছেলের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে নুরুজ্জামান।

পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ও ওসি (তদন্ত) শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত শরিফুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

পুলিশ জানায়, ঘটনার পর থেকে শরিফুল ইসলাম অস্বাভাবিক আচরণ করছিলেন। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি জানতে তদন্ত চলছে।

পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ বলেন, ‘ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

মিরসরাইয়ে চোরকে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ছেড়ে দিলেন এলাকাবাসী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাইয়ে চোরকে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ছেড়ে দিলেন এলাকাবাসী
চট্টগ্রামের মিরসরাইয়ে চুরির অভিযোগে আটক এক যুবককে নফল নামাজ পড়ানো হচ্ছে।

চট্টগ্রামের মিরসরাইয়ে চুরির অভিযোগে আটক এক যুবককে ১০০ রাকাত নফল নামাজ আদায় করিয়ে তওবা করানোর পর ছেড়ে দিয়েছেন এলাকাবাসী।  শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফকির আস্তানা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা রেজাউল করিম (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে একটি মোবাইল ফোনসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ ওঠে। অভিযোগের পর স্থানীয়রা তাকে আটক করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে নিজের ভুল স্বীকার করে তওবা করতে বলা হয়। একই সঙ্গে তাকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করানো হয় এবং ভবিষ্যতে চুরি বা অন্য কোনো অপরাধে জড়াবেন না—এমন অঙ্গীকার নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা ও জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজ আহাম্মদ খান বলেন, ‘এলাকায় দীর্ঘদিন ধরে চুরির ঘটনা ঘটলেও অভিযুক্তকে শনাক্ত করা যাচ্ছিল না। শুক্রবার একটি মোবাইল ফোনসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরির চেষ্টা করলে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন। পরে তাকে সংশোধনের সুযোগ দিতে তওবা করিয়ে ১০০ রাকাত নফল নামাজ আদায় করানো হয়।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ‘ঘটনাটি সম্পর্কে থানায় কেউ অবহিত করেনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। তবে চুরির অভিযোগে কাউকে আটক করা হলে তাকে আইন অনুযায়ী পুলিশের কাছে সোপর্দ করা উচিত।’

টঙ্গীতে শিশু ধর্ষণকারীকে গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
টঙ্গীতে শিশু ধর্ষণকারীকে গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ
শুক্রবার রাত ৮টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর মিলগেট থেকে তোলা। ছবি : কালের কণ্ঠ।

গাজীপুরের টঙ্গীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা না নেওয়া ও আসামি গ্রেপ্তার না করায় পুলিশের গাফিলতির অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। আজ শুক্রবার (১৭ জুলাই) রাতে টঙ্গী মিলগেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবারের দাবি, গত রবিবার (১২ জুলাই) সন্ধ্যার পরে মাছিমপুর জিন্নাত মহল্লা বস্তিতে  স্থানীয় বখাটে বিপ্লব মিয়া ৭ বছরের একটি শিশুকে ধর্ষণ করে। পরে কাউকে না জানাতে ভয়ভীতি দেখানো হয় শিশুটিকে। এক পর্যায়ে সোমবার দুপুরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার মায়ের কাছে ঘটনাটি খুলে বলে। পরে স্থানীয়রা অভিযুক্ত বিপ্লবকে আটক করে শিশুটির পরিবারকে থানায় পাঠায়।

এ ঘটনায় থানায় মামলা না নিয়ে স্থানীয়ভাবে আপস-মীমাংসা করতে বলার অভিযোগ উঠে পুলিশের বিরুদ্ধে। এরপর ঘটনাটি জানাজানি হলে বৃহস্পতিবার (১৬ জুলাই) থানা মামলা গ্রহণ করে। এই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ভুক্তভোগীর পরিবারসহ এলাকাবাসী শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টা থেকে ৯টা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে ৯টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় মহাসড়কের উভয়ের পাশে তীব্র যানজট দেখা দেয়।

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, ‘স্থানীয় প্রভাবশালী সিমা ফারুক দম্পতির ইন্ধনে মামলা নেয়নি পুলিশ। তারা জনতার হাতে আটককৃত আসামি বিপ্লবকে টাকার বিনিময়ে ছেড়ে দেয়। এই ঘটনার সঙ্গে জড়িত ধর্ষক বিপ্লব ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। দ্রুত আসামি গ্রেপ্তার করে ফাঁসির দাবি করেন।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) ইমানুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘ওসি ছুটিতে গেছেন। এই মামলার আসামি দ্রুততম সময়ে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

বাসায় ডেকে নিয়ে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াত নেতা আটক

অনলাইন ডেস্ক
বাসায় ডেকে নিয়ে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াত নেতা আটক

পটুয়াখালীর মির্জাগঞ্জে তাবিজের কথা বলে বাসায় ডেকে নিয়ে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোস্তাফিজুর রহমান মাহাবুব (৪৫) নামের এক জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) উপজেলার মাধবখালি ইউনিয়নের উত্তর চৈতা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মোস্তাফিজুর রহমান মাহাবুব মাধবখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ও উত্তর চৈতা গ্রামের মৃত জয়নাল মৌলভীর ছেলে।

জানা গেছে, বাড়ির পাশে তার একটি ফার্মেসির দোকান রয়েছে। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক।

নারীর অভিযোগ, জামায়াত নেতা মোস্তাফিজুর তার ভাতিজার জন্য তাবিজ দেওয়ার কথা বলে বৃহস্পতিবার সন্ধ্যার পরে ঘরে এনে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।

এ ব্যাপারে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি আমাকে এখনো কেউ জানায়নি। তবে অভিযোগ পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মির্জাগঞ্জ থানার ওসি মো. তৌহিদুজ্জামান জানান, এ বিষয়ে ওই নারী বাদী হয়ে থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেছেন। আসামি মোস্তাফিজুর রহমান মাহাবুবকে গ্রেপ্তার করা হয়েছে।