বরিশালে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। বিক্ষোভ শেষে তারা বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অবরোধ করে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১টায় বরিশাল নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে এই কর্মসূচি পালন করা হয়। এতে বরিশালের অধিকাংশ কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে। ভিক্ষোভকারীদের দাবি টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে সোমবার এইচএসসি পরীক্ষা গ্রহণ সম্পূর্ণ স্বৈরাচারী সিদ্ধান্ত। একই সঙ্গে অভিন্ন প্রশ্নপত্র অতীতের চেয়ে কঠিন করা হয়েছে এবং তার সিলেবাসের বাইরে। তাই বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন। অবরোধের ফলে সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকে চরম যাত্রী দুর্ভোগ হয়।
সরকারি বিএম কলেজ শিক্ষার্থী সৈয়দ এজাজ বলেন, ‘বৈরি পরিবেশের মধ্যেও সোমবার পরীক্ষা গ্রহণ করা হয়েছে। তাছাড়া কঠিন পরীক্ষার আগেও পর্যাপ্ত বন্ধ দেওয়া হয়নি। উল্টো অতীতের চেয়ে এবার প্রশ্নপত্র কঠিন হয়েছে। এমনকি সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করা হয়েছে। অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার পরও এক বোর্ডে পরীক্ষা স্থগিত করা হলেও সব বোর্ডে তা স্থগিত করা হয়নি। সমস্যাগুলো সমাধান না করেই শিক্ষামন্ত্রী আমাদের কটুক্তি করেছেন তাই আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছি।’
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রবেশদ্বারে এসে বিক্ষোভ করে। আমরা তাদেরকে শান্ত থাকতে বলেছি। পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত সম্পূর্ণ আন্ত শিক্ষা বোর্ডের। এ বিষয়ে আমাদের কিছুই করার নেই।’






