• ই-পেপার

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা অংশে ৫ ঘন্টাব্যাপী যানজট, যাত্রীদের দুর্ভোগ

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা অংশে ৫ ঘন্টাব্যাপী যানজট, যাত্রীদের দুর্ভোগ
ছবি: কালের কণ্ঠ

ঢাকা-চট্টগ্রাম মাহসড়কে চান্দিনা অংশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। কুমিল্লা থেকে ঢাকাগামী লেনে ওই যানজট প্রায় ৫ ঘন্টা স্থায়ী হয়। এতে ঢাকাগামী যাত্রীসহ দূর-দূরান্তের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দিলে পুকুরে পড়ে যায় একটি লং ভেহিকল (লরি)। এতে সিএনজি অটোরিক্সার চালকসহ ২জন নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত হয় আরো এক যাত্রী।

ওই দুর্ঘটনার পর থেকে যানজট সৃষ্টি হতে থাকে। দুর্ঘটনা কবলিত লং ভেহিকল (লরি) টি উদ্ধার করতে প্রায় ১ ঘন্টা সময় লেগে যায়। ফলে ঢাকামুখী লেনটি বন্ধ থাকে এই ১ঘন্টার মধ্যে যানজট তীব্র আকার ধারণ করে। এসময় মহাসড়কে বুড়িচং উপজেলার ময়নামতি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়।

যানজটে আটকাপড়া সততা পরিবহনের যাত্রী শরীফুল ইসলাম জানান, তিনি চান্দিনা বাস স্টেশন থেকে রাত ৮টায় মাধাইয়া স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। হাড়িখোলা পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে তাকে বহনকারী গাড়িটির ১ঘন্টারও বেশি সময় লেগেছে। বিপরীত দিক থেকে আসা গাড়িগুলো নিয়ম ভেঙ্গে মহাসড়কের একটি লাইল দিয়ে চলাচল করার কারণে ওই যানজট হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এদিকে রাত ৯টায় সরেজমিনে চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকা পর্যন্ত যানজট দেখা গেছে। তবে রাত সাড়ে ৯টায় এরিপোর্ট লেখা পর্যন্ত যানবাহন ধীর গতিতে ঢাকা অভিমুখে চলতে শুরু করে।

এব্যাপারে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মো. জাকির শিকদার জানান, দুর্ঘটনা কবলিত লং ভেহিকল (লরি) টি উদ্ধার করতে প্রায় ১ ঘন্টা সময় লেগেছে। এসময় ঢাকামুখী লেন বন্ধ থাকায় যানজট সৃষ্টি হয়েছে। এখন গাড়ি চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

মাদারীপুরে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ সদস্য

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ সদস্য
ছবি : কালের কণ্ঠ

মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাতুব্বর আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তার সঙ্গে ইউনিয়ন পরিষদের ১২ জন সদস্য এবং শতাধিক নেতাকর্মী-সমর্থকও দল থেকে অব্যাহতির ঘোষণা দেন।

বুধবার (৮ জুলাই) বিকেলে হরিদসদী-মহেন্দ্রদী ইউনিয়ন পরিষদের সামনে সংবাদ সম্মেলনে রেজাউল করিম মাতুব্বর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে মৌখিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

একই সঙ্গে উপস্থিত থেকে মৌখিকভাবে অব্যাহতি নেন ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেন মুন্সী, সাহেব আলী খাঁ, আব্দুল জলিল মাতুব্বর, গিয়াসউদ্দিন হাওলাদার, আবুল মোল্লা, আব্দুর রশিদ মিনা ও সংরক্ষিত নারী আসনের মেম্বার শিরিন আক্তার ও বুড়ি বেগম। এ সময় তাদের সঙ্গে সমর্থন দেন শতাধিক কর্মী-সমর্থক।

আওয়ামী লীগ থেকে অব্যাহতির ঘোষণা দিয়ে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাতুব্বর বলেন, আমি জনগণের সেবা দিয়ে তাদের পাশে থাকার জন্য আওয়ামী লীগের রাজনীতি করতাম। বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জনগণের স্বার্থে দল থেকে পদত্যাগ করলাম।

তিনি আরো বলেন, ‘আমাদের ঠাঁই দেওয়ার মতো কেউ নেই। এ ছাড়া দলের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ দলে থেকে কোনো লাভ নেই। আমি জনগণের প্রতিনিধিত্ব করি, তাদের উন্নয়নের লক্ষ্যে কাজ করি। তারা আমাকে ভালোবেসে দুইবার চেয়ারম্যান নির্বাচিত করেছে। তাই আজ থেকে আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে অব্যাহতি নিলাম। আমার সঙ্গে ১২ জন মেম্বারও আজ থেকে অব্যাহতি নিয়েছেন। বিএনপির সরকার চাইলে তাদের মাধ্যমে আমরা জনগণের সেবা করব।’

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি, শতাধিক পর্যটককে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি, শতাধিক পর্যটককে উদ্ধার

টানা ভারি বর্ষণ এবং সাঙ্গু নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের থানচি উপজেলার অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে বলিপাড়া বাগানপাড়া, অন্তনীপাড়া, হিন্দুপাড়া, মুসলিমপাড়াসহ বেশ কয়েকটি নিম্নাঞ্চলের বাসিন্দারা দুর্ভোগে পড়েছে। এ অবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৮ জুলাই) দুপুরে বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিমের নেতৃত্বে বিজিবির একটি দল বন্যাদুর্গত এলাকায় যায়। তারা বন্যার্ত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি দুর্গত পরিবারের মাঝে চাল, ডাল, শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করে।

66

এ ছাড়া থানচি উপজেলার বন্যাদুর্গত ও দুর্গম নাফাখুম, রেমাক্রী, জিন্নাহপাড়া ও বড়পাথর এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক পর্যটককে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে বিজিবি।

চুয়াডাঙ্গায় শিক্ষার্থীকে শাসন করায় প্রধান শিক্ষিকাকে মারধর অভিভাবকের

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় শিক্ষার্থীকে শাসন করায় প্রধান শিক্ষিকাকে মারধর অভিভাবকের
চুয়াডাঙ্গার ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে প্রধান শিক্ষক কাবেরী করিমকে মারধর করছেন সামসউর রহমান শুভ নামে এক অভিভাবক। ছবি : সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া।

চুয়াডাঙ্গার ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে ঢুকে প্রধান শিক্ষক কাবেরী করিমকে মারধরের অভিযোগ উঠেছে সামসউর রহমান শুভ নামে এক অভিভাবকের বিরুদ্ধে। বুধবার (৮ জুলাই) দুপুরে দিকে এ ঘটনা ঘটে। শিক্ষককে চড়-থাপ্পড় মারার দৃশ্যের এমন একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ওই ভিডিওতে দেখা যায়, বুধবার (৮ জুলাই) বেলা ১২টা ২০ মিনিটে শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা চলছে। এক পর্যায়ে অফিসকক্ষে নিজ চেয়ারে বসে থাকা প্রধান শিক্ষক কাবেরী করিমকে আচমকা চড়-থাপ্পড় মারতে দেখা যায় ওই ভিডিওতে। পরে অফিসে উপস্থিত কয়েকজন শিক্ষিকা অভিভাবককে থামিয়ে বাইরে নিয়ে যান।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, সামসউর রহমান শুভ ও মিতালী খাতুন দম্পতির মেয়ে বিসমাহ জান্নাত ঐশ্বর্য (৯) ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। বুধবার সকালে বিদ্যালয়ের সমাবেশ চলাকালে এক সহপাঠীর সঙ্গে কথা বলার কারণে তাকে শাসন করেন প্রধান শিক্ষক। এ সময় শিশুটির গালে একটি চড় মারেন তিনি। বিষয়টি জানার পর ক্ষুব্ধ হয়ে শিশুটির বাবা বিদ্যালয়ের পার্শ্ববর্তী ফার্মপাড়া এলাকার বাসিন্দা সামসউর রহমান শুভ বিদ্যালয়ে প্রবেশ করেন। এ সময় তিনি অসৌজন্যমূলক আচরণ করতে থাকেন। এক পর্যায়ে  প্রধান শিক্ষককে চড়ও মারেন।

এ বিষয়ে অভিযুক্ত অভিভাবক সামসউর রহমান শুভর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে ওই শিক্ষার্থীর মা মিতালি খাতুন বলেন, ‘আমার মেয়ের গায়ে হাত তোলার কারণে আমরা প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে যাই। কথা বলার একপর্যায়ে উত্তেজিত হয়ে আমার স্বামী ও ওই শিক্ষকের মধ্যে হাতাহাতি শুরু হয়। আমার বাচ্চা অসুস্থ। সেটি জানার পরও মেরেছে ওই প্রধান শিক্ষক।’

লাঞ্ছনার শিকার প্রধান শিক্ষক কাবেরী করিম মুঠোফোনে বলেন, ‘আমি ওই শিক্ষার্থীকে আলতো করে একটা চড় মেরেছিলাম। কিন্তু এজন্য একজন অভিভাবক আমার অফিসে ঢুকে আমার গায়ে হাত তুলবেন, এটা আমার ধারণা ছিল না। এ অবস্থায় বিদ্যালয়ে যেতে আমি নিরাপত্তাহীনতা ভুগছি। মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘এমন খবর জেনেছি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’