গাইবান্ধায় এইচএসসি ও সমমান পরীক্ষায় অসদুপায় গ্রহণ করায় ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখা বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছে।
বুধবার (৮ জুলাই) পরীক্ষা চলার সময় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেন কেন্দ্র সংশ্লিষ্টরা।
সূত্র জানায়, ওই ৬ জন পরীক্ষার্থীর মধ্যে গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ৪, তুলসীঘাট শামসুল হক ডিগ্রি কলেজ কেন্দ্রের ২ জন পরীক্ষার্থী রয়েছেন। তুলসীঘাট শামসুল হক ডিগ্রি কলেজের বহিষ্কৃত ২ জনের মধ্যে ১ জন জেনারেল শাখার ও অন্যজন বিএম শাখার পরীক্ষার্থী।
গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব সাইফুল ইসলাম জানান, তাদের প্রশ্নপত্রের উল্টোদিকে প্রশ্নের সমাধান ও বসার বেঞ্চে লেখা উত্তর পাওয়া গেছে।
তুলসীঘাট শামসুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব শফিক আহম্মেদ সরকার ওই কেন্দ্রে বিএম ও জেনারেল শাখার একজন করে ২ শাখার ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের কাছে কাগজে লেখা নকল পাওয়া গেছে।
বিধান অনুযায়ী বহিষ্কৃতরা আগামী পরীক্ষাগুলো দিতে পারবেন না।
উল্লেখ্য, বুধবার সকাল ১০টায় শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা চলে ১টা পর্যন্ত। গাইবান্ধার ৫০টি পরীক্ষাকেন্দ্রে মোট ১৯ হাজার ২১৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১৮ হাজার ৬৩৯ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৫৬০ জন।




