• ই-পেপার

১০ জুলাই পর্যন্ত বন্ধ বান্দরবানের সব পর্যটন কেন্দ্র

ককটেল বিস্ফোরণে উত্তপ্ত সাভার, প্রতিবাদে মিছিল এনসিপির

অনলাইন ডেস্ক
ককটেল বিস্ফোরণে উত্তপ্ত সাভার, প্রতিবাদে মিছিল এনসিপির
সংগৃহীত ছবি

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে মো. শাহীন খন্দকার (৩০), মো. জসিম (২৬) ও মো. শাহাদাত হোসেনের (৪০) পরিচয় জানা গেলেও অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিবাদী মিছিল করেছে দলটি।

সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডসংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, সমাবেশে ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়।

ইয়াসির আরাফাতের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের সময় সমাবেশের মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এমপি এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ইএমও ডা. হাসান বলেন, আমরা চারজন রোগী পেয়েছি। এর মধ্যে পায়ে একজনের গুরুতর আঘাত ছিল। এর মধ্যে তিনজনকে জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে অস্ত্রোপচারের জন্য পাঠানো হয়েছে। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভুল ট্রেনে খুলনায়, পুলিশের সহায়তায় পরিবারের কাছে ফিরল তৌহিদ

খুলনা অফিস
ভুল ট্রেনে খুলনায়, পুলিশের সহায়তায় পরিবারের কাছে ফিরল তৌহিদ
সংগৃহীত ছবি

বাড়ি ফেরার উদ্দেশে বের হলেও ভুল ট্রেনে উঠে শত শত কিলোমিটার দূরের খুলনায় পৌঁছে যায় আট বছরের শিশু তৌহিদুল ইসলাম বাবু। অচেনা শহরে পথ হারিয়ে বিপদের মুখে পড়লেও শেষ পর্যন্ত খুলনা মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের উদ্যোগে পরিবারের কাছে নিরাপদে ফিরেছে সে।

ভিকটিম সাপোর্ট সেন্টার সূত্র জানায়, গত বৃহস্পতিবার (২ জুলাই) রাত ৮টার পর সোনাডাঙ্গা থানা পুলিশ তৌহিদকে কেন্দ্রটিতে নিয়ে আসে। পরে কর্মকর্তারা তার সঙ্গে কথা বলে জানতে পারেন, ঢাকার একটি মাদরাসায় পড়াশোনা করত সে। পড়াশোনায় আগ্রহ না থাকায় বাড়ি ফেরার উদ্দেশে বের হলেও ভুলবশত কক্সবাজারগামী ট্রেনের পরিবর্তে খুলনাগামী ট্রেনে উঠে পড়ে।

খুলনায় পৌঁছানোর পর এক ব্যক্তি আশ্রয় দেওয়ার কথা বলে তাকে সঙ্গে নিয়ে যায়। তৌহিদের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি তাকে পাঞ্জাবি খুলে ফেলতে বলেন এবং মোবাইল ফোনে আরেকজনকে কল করে বলেন, ‘একজনকে পেয়েছি, নিয়ে আসছি।’

এসব কথা শুনে আতঙ্কিত হয়ে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায় তৌহিদ। পরে সে সোনাডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে কক্সবাজারে ফেরার চেষ্টা করে। কিন্তু তার কাছে কোনো টাকা না থাকায় অসহায় অবস্থায় ঘোরাঘুরি করতে থাকে। এ সময় এক ব্যক্তি তাকে সোনাডাঙ্গা থানায় নিয়ে যান। পরে পুলিশ তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে হস্তান্তর করে।

ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জ এসআই মাহমুদা জানান, শিশুটির দেওয়া একটি মোবাইল নম্বরের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পেয়ে তার খালু কক্সবাজার থেকে খুলনায় এসে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে পরিবারের জিম্মায় নিয়ে যান।

তৌহিদের খালু জুয়েল রানা জানান, গত ৩ জুলাই শিশুটির ছোট মামা তাকে মাদ্রাসা থেকে ঘুরতে বের করেছিলেন। সঙ্গে আরো দুই শিশু ছিল। বেলা সাড়ে ১১টার দিকে রাস্তা পার হওয়ার সময় তৌহিদ সবার পেছনে পড়ে যায়। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, সে অন্যদিকে চলে গেছে। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ঢাকার মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে খুলনা থেকে ফোন পেয়ে তাকে নিতে আসেন তিনি।

ডিবি পুলিশের ওপর হাতবোমা হামলা, ছিনিয়ে নেওয়া হলো আসামি

মাদারীপুর প্রতিনিধি
ডিবি পুলিশের ওপর হাতবোমা হামলা, ছিনিয়ে নেওয়া হলো আসামি
সংগৃহীত ছবি

মাদারীপুর সদর উপজেলার একাধিক মামলার আসামি পারভেজ ব্যাপারীকে গ্রেপ্তারের পর হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে তাকে ছিনিয়ে নিয়েছে সহযোগীরা। এসময় আসামির ফেলে যাওয়া ৩০০টি ইয়াবা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাঈম এ তথ্য জানান। সোমবার (৬ ‍জুলাই) রাত ৮টার দিকে সদর উপজেলার লক্ষ্মীগঞ্জে এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া পারভেজ ব্যাপারী ওই এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে দাবি পুলিশের।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, পারভেজকে গ্রেপ্তারের পর পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য পুকুরপাড়ে যায়। পারভেজের স্বীকারোক্তি অনুযায়ী সেখানে নেওয়ার পর তার লোকজন একাধিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাকে ছিনিয়ে নেয়।

মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নঈম জানান, পারভেজ একজন চিহ্নিত মাদক কারবারি। সন্ধ্যার পর ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তবে এসময় পারভেজের সহযোগীরা হাতবোমা বিস্ফোরণ ঘটালে তিনি পালিয়ে যান। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া ৩০০টি ইয়াবা পাওয়া যায়। তবে কোনো পু‌লিশ সদস্য আহত হননি। পারভেজকে ধরতে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ কাজ করে যাচ্ছে।

নারায়ণগঞ্জের ফতুল্লা

গণপিটুনিতে ‘ছিনতাইকারী’ নিহতের ঘটনায় মামলা, এলাকায় বিক্ষোভ

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
গণপিটুনিতে ‘ছিনতাইকারী’ নিহতের ঘটনায় মামলা, এলাকায় বিক্ষোভ
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম মাসদাইরে গণপিটুনিতে ‘ছিনতাইকারী’ নিহতের ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা মামলায় নিরীহ মানুষ ও সামাজিক সংগঠনের সদস্যদের আসামি করার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (৬ জুলাই) রাতে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, গণপিটুনিতে নিহত সিজানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ছিনতাই, চাঁদাবাজি, মাদকসেবন এবং কিশোর গ্যাং পরিচালনাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। তার কারণে এলাকার মানুষ দীর্ঘদিন আতঙ্কের মধ্যে বসবাস করেছেন।

তাদের দাবি, সিজানকে পুলিশের কাছে সোপর্দ করার উদ্দেশে আটক করা হয়েছিল। পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে তার মৃত্যু হয়। কিন্তু ঘটনার পর মসজিদের ইমাম, সামাজিক সংগঠনের সদস্য এবং নিরীহ এলাকাবাসীকে হত্যা মামলায় আসামি করা হয়েছে, যা হয়রানিমূলক।

বিক্ষোভ মিছিলটি পশ্চিম মাসদাইরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে পরিণত হয়। সমাবেশে এক মাছ ব্যবসায়ী অভিযোগ করেন, সিজান ও তার সহযোগীরা একাধিকবার তার কাছ থেকে ছিনতাই ও জোরপূর্বক টাকা আদায় করেছে। এক নারী পোশাকশ্রমিক বলেন, সিজান ও তার সহযোগীদের কারণে সন্ধ্যার পর এলাকায় নারী ও শিশুদের চলাচল নিরাপদ ছিল না।

সমাবেশ থেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, নিরীহ মানুষকে হয়রানি বন্ধ এবং প্রকৃত অপরাধীদের বিচারের দাবি জানানো হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন,‘ নিহত সিজানের ঘটনায় হত্যা মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। তদন্তের স্বার্থে সব বিষয় গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্তের অগ্রগতি ও ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, গত শনিবার রাতে পশ্চিম মাসদাইর এলাকায় গণপিটুনিতে আহত হওয়ার পর হাসপাতালে সিজানের মৃত্যু হয়। এ ঘটনায় তার মা শিল্পী বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মসজিদের ইমামসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরো ১৪-১৫ জনকে আসামি করা হয়েছে।

স্থানীয়দের দাবি, ঘটনার আগে এক যুবকের মোবাইল ফোন ছিনতাই ও বিক্রির বিষয়ে সিজানের একটি কথিত স্বীকারোক্তিমূলক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনার জের ধরেই ক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দেয় বলে তারা জানান।