• ই-পেপার

গোপালগঞ্জ

স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

মান্নত পূরণ করতে নদী পার হতে গিয়ে গৃহবধূর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি:
মান্নত পূরণ করতে নদী পার হতে গিয়ে গৃহবধূর মৃত্যু
ছবি: কালের কণ্ঠ

নওগাঁ শহরের ছোট যমুনা নদী সাঁতরে পার হওয়ার সময় পানিতে ডুবে শাহিদা বানু (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, মান্নত পূরণের উদ্দেশ্যে তিনি নদী পার হওয়ার চেষ্টা করেছিলেন।

সোমবার (৬ জুলাই) বিকেলে শহরের বিহারী কলোনি এলাকার ছোট যমুনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত শাহিদা বানু সদর উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মাথাব্যথা ভালো হওয়ার আশায় শাহিদা বানু শহরের নদীর পূর্ব পাশে অবস্থিত জিন্দা পীরের মাজারে মান্নত করেছিলেন। পরিবারের দাবি, তিনি স্বপ্নে দেখেছিলেন নদী দুইবার সাঁতরে পার হলে তার মাথাব্যথা সেরে যাবে। সেই বিশ্বাস থেকেই সোমবার বিকেলে মাজারে গিয়ে মান্নত শেষে তিনি একাই নদীর পূর্ব তীর থেকে পশ্চিম তীরে সাঁতরে যাওয়ার চেষ্টা করেন।

নদীর মাঝামাঝি পৌছালে তিনি পানিতে ডুবে যান। স্থানীয়রা নৌকা নিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করলেও খুঁজে পাননি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভারত থেকে এলো ৩ টন জিরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ভারত থেকে এলো ৩ টন জিরা
ছবি : কালের কণ্ঠ

নতুন অর্থবছরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে জিরা আসার মধ্য দিয়ে আমদানি কার্যক্রম শুরু হলো। ব্যবসায়ীরা বলছেন, চলতি বছরে বেশি বেশি পণ্য আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 

বন্দর সূত্রে জানা গেছে, রবিবার ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে একটি ট্রাকে করে ১০০ বস্তায় তিন টন জিরার চালান আখাউড়া স্থলবন্দরে পৌঁছায়। শুল্ক ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে সোমবার বিকেলে জিরা খালাসের অনুমতি দেওয়া হয়।

জিরা আমদানিকারক প্রতিষ্ঠান হলো মদিনা ট্রেডার্স। সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করে মেসার্স শোয়েব ট্রেডার্স। জিরা আমদানির প্রয়োজনীয় কাগজ সরবরাহ করে তারা।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ও শোয়েব ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রাজীব উদ্দিন ভূঁইয়া বলেন, কেজিপ্রতি জিরা আমদানিতে মোট ব্যয় হয়েছে ২৩৮ টাকা। তিন টন জিরা আমদানির বিপরীতে সরকার প্রায় সাত লাখ ১৩ হাজার টাকা রাজস্ব পেয়েছে।

আখাউড়া স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জিরা আমদানির বিষয়টি নিশ্চিত করে জানান, পণ্যের ওজন, মূল্য ও প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে আমদানীকৃত জিরার চালানের ছাড়পত্র দেওয়া হয়েছে।

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি টাকার বাজেট ঘোষণা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি টাকার বাজেট ঘোষণা
কুলাউড়া পৌরসভা মিলনায়তনে সোমবার বাজেট ঘোষণা করছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার।

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত ও ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯৮ কোটি ২৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত এ বাজেটে জনকল্যাণ, নাগরিক সেবার মানোন্নয়ন এবং আধুনিক, পরিচ্ছন্ন পৌরসভা গড়ার প্রত্যয় নিয়ে উন্নয়ন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে কুলাউড়া পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন। পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়ের সঞ্চালনায় বাজেটের বিভিন্ন খাত উপস্থাপন করেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা হীরেন্দ্র চন্দ্র পাল।

কোনো প্রকার নতুন কর আরোপ ছাড়াই ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৬১ কোটি ১ লাখ ৪০ হাজার ৬৪২ টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি ৫ লাখ টাকা। এছাড়া সরকারি সরকারি অনুদান ধরা হয়েছে ২ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা। রাজস্ব উদ্ধৃত্ত উন্নয়ন তহবিলে স্থানান্তর ১৬ লাখ ৪০ হাজার ৬৪২ টাকা।

কুলাউড়া পৌরসভা এ গ্রেডের হলেও গত ৫ বছরে কোন নতুন কর আরোপ করা হয়নি। গৃহকর ও ভূমি করের ওপর জোর দেওয়া হয়। কিন্তু কর আদায়ের পরিমান খুবই নগন্য। ফলে বাজেটে পৌরবাসীর জন্য কোন চমক থাকে না। ফলে পৌরবাসীও গতানুগতিকতায় অভ্যস্থ হয়ে পড়েছেন।

পৌরসভায় বাস্তবায়নাধীন আইইউজিআইপি প্রকল্পের কাজে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেন উপস্থিত নাগরিকবৃন্দ। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন ড্রেন নির্মাণ তাজ চলছে কচ্ছপ গতিতে। ফলে পৌরবাসীর ভোগান্তির পাশাপাশি যানজটও প্রকট আকার ধারণ করেছে।

বাজেট অধিবেশনে সমাপনী বক্তব্যে পৌর প্রশাসক সানজিদা আক্তার বলেন, এটি একটি জনকল্যাণমুখী ও বাস্তবসম্মত বাজেট। এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবার মানোন্নয়ন, টেকসই অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা গড়ে তোলার পাশাপাশি জনবান্ধব প্রশাসন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করা হবে। এ লক্ষ্য অর্জনে পৌরবাসীর আন্তরিক সহযোগিতা ও সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বর্তমানে চলমান উন্নয়ন প্রকল্পগুলো সাময়িক জনদুর্ভোগ সৃষ্টি করলেও

নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে পৌরবাসী এর সুফল ভোগ করবেন। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, প্রভাষক সিপার উদ্দিন, পৌর নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম, সহকারী প্রকৌশলী কামরুল হাসান, হিসাব রক্ষক তাজুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও সুধীজন।

রাজবাড়ীতে বিস্কুটের প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে বিস্কুটের প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১
সংগৃহীত ছবি

রাজবাড়ীতে বিস্কুট খাওয়ানোর প্রলোভনে ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. রাতুল মোল্লা (১৫) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার রাতুল রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের মো. রহিম মোল্লার ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, গত শনিবার (৪ জুলাই) দুপুরে মেয়েকে বাড়িতে রেখে বাহিরে যান মা। এই সুযোগে চাচাতো ভাই রাতুল মোল্লা বিস্কুট খাওয়ানোর প্রলোভনে শিশুটিকে ডেকে একটি ঘরের মধ্যে নিয়ে যায় এবং তাকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে মেয়েকে খোঁজাখুঁজির এক পর্যায়ে চিৎকার শুনতে পেয়ে ওই বাড়ির দিকে এগিয়ে যান মা। ওই সময় তার উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত রাতুল।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ‘শিশুটির মা বাদী হয়ে গত রবিবার রাতে রাজবাড়ী থানায় একটি মামলা করেন। ওই মামলার একমাত্র আসামি হিসেবে রাতুলকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।’