চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকার ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট দুই ওয়ার্ডের বিদ্যমান পানি সংকট অনেকাংশে কমবে। স্থানীয় সংসদ সদস্য ও সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর অনুরোধে নেদারল্যান্ডস সরকার প্রকল্পটি বাস্তবায়নে এগিয়ে এসেছে।
রবিবার (৫ জুলাই) চট্টগ্রাম ওয়াসা কার্যালয়ে বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের প্রথম সচিব (পানি ও জলবায়ু) ইঙ্গি ক্লাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।
আলোচনা শেষে নেদারল্যান্ডস দূতাবাসের প্রথম সচিব ইঙ্গি ক্লাসে জানান, বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে নেদারল্যান্ডস সরকার সম্পূর্ণ অনুদানের ভিত্তিতে পতেঙ্গার ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নে আগ্রহী। এ জন্য প্রথমে একটি প্রি-ফিজিবিলিটি স্টাডি পরিচালনা করা হবে। ওই সমীক্ষায় এলাকার পানির চাহিদা নিরূপণ, বিদ্যমান পানি সরবরাহ ও পাইপলাইন নেটওয়ার্কের অবস্থা মূল্যায়ন, সম্ভাব্য পানির উৎস নির্ধারণ এবং পানি পরিশোধনের উপযোগিতা যাচাই করা হবে।
তিনি আরো বলেন, প্রি-ফিজিবিলিটি স্টাডির ফলাফলের ভিত্তিতে ভবিষ্যতে বড় পরিসরে পিপিপি স্কিমের আওতায় প্রকল্প বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হতে পারে। এ লক্ষ্যে চট্টগ্রাম ওয়াসার সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়েরও প্রস্তাব দেওয়া হয়েছে।
চট্টগ্রাম ওয়াসার এমডি প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম জানান, পাইলট প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে পতেঙ্গার ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের পানি সংকট অনেকটাই দূর হবে। একই সঙ্গে ভবিষ্যতে বৃহৎ পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রাম মহানগরের পানি উৎপাদন ও সরবরাহ ঘাটতি কমিয়ে নগরবাসীর জন্য টেকসই ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
প্রতিনিধি দলে ছিলেন ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ইয়ামিন ফারুক, ম্যাক্স ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর এটিএম তারিকুল ইসলাম এবং বাহনের ম্যানেজিং ডিরেক্টর সাঈদ সামিউল হক।
বৈঠকে চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক বিষ্ণু কুমার সরকার, প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন এবং মড-১-এর নির্বাহী প্রকৌশলী ইফতেখার উল্লাহ মামুন উপস্থিত ছিলেন।




