বর্তমান সরকার জনগণের সরকার বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। বর্তমান বাজেট তার বাস্তব উদাহরণ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি। স্বাস্থ্যসেবা ও শিক্ষাখাতে ব্যাপক বরাদ্দ দেওয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ঢাকা-২ আসনের কালিন্দী ইউনিয়নে ২০২৫–২৬ অর্থবছরের জিআর খাদ্যশস্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আমানউল্লাহ আমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক ছিলেন। তিনি দেশের মানুষের কল্যাণে নিজহাতে খাল খনন করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষকে রেখে বিদেশে চলে যাননি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সুদূর লন্ডন থেকেও দেশ ও দেশের মানুষের শান্তি, উন্নয়ন এবং একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করেছেন।
কেরাণীগঞ্জ উপজেলার কালিন্দী ইউনিয়নের প্রশাসক ও যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী, বিএনপি নেতা মেহবুব, আংকু, সেলিম রেজা, আতাউর রহমান হীরা, নিবাস সরকারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।






