• ই-পেপার

টঙ্গী

মাজার বস্তিতে র‌্যাবের অভিযান, মিলল সুড়ঙ্গের সন্ধান

শ্রীমঙ্গলে সড়ক সংস্কারে অনিয়ম, কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

মৌলভীবাজার প্রতিনিধি
শ্রীমঙ্গলে সড়ক সংস্কারে অনিয়ম, কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী
ছবি: কালের কণ্ঠ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের হোসনাবাদ-বিলাসছড়া সড়ক সংস্কার প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। উন্নতমানের উপকরণের পরিবর্তে নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা। একইসঙ্গে তারা এই দায়সারা কাজ বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, সিডিউল অনুযায়ী উন্নতমানের ভিটি বালু, পাথর ও প্রথম শ্রেণির ইট ব্যবহারের কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স সানি এন্টারপ্রাইজ’ পুরোনো ইটের খোয়া (রাবিশ) ও বালু ব্যবহার করছে।

ত্রুটিপূর্ণ নির্মাণ পদ্ধতি যেমন রোলার বা ভাইব্রেটর দিয়ে সঠিকভাবে কমপ্যাকশন না করা এবং রাস্তার পাশে গাইডওয়ালের ওপর ইট-পিলার ও বালু-সিমেন্টের বস্তা ব্যবহারের ফলে কাজ শুরুর আগেই ফাটল দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রকৌশল (এলজিইডি) বিভাগের দায়িত্বরত কর্মকর্তাদের যথাযথ তদারকির অভাবেই ঠিকাদারি প্রতিষ্ঠান স্বেচ্ছাচারিতার সুযোগ পাচ্ছে।

উপজেলা সূত্রে জানা গেছে, প্রকল্পের নাম- কালিঘাট-মনু-দলই সার্কুলার রোড সংস্কার। মোট বরাদ্দ ৪ কোটি ৫ লাখ ২২ হাজার ৮৪৬ টাকা। মেয়াদ ২০২৭ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সানি এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী মো. হাসানুজ্জামান দাবি করেন, দরপত্র অনুযায়ী সরকার তাদের কাছ থেকে ৭৫ লাখ টাকায় ‘সেলবেজ’ (পুরোনো ইট) কিনে নিয়েছে, যা তারা কাজে ব্যবহার করছেন।

এ ব্যাপারে শ্রীমঙ্গল এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী সঞ্জয় পন্ডিত স্বীকার করেছেন যে, কাজে কিছুটা ‘উনিশ-বিশ’ হয়েছে এবং শতভাগ মান বজায় রাখা সম্ভব হয়নি।
তবে এলজিইডি উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রাকিব জানান, অভিযোগের ভিত্তিতে তিনি সরেজমিনে তদন্ত করবেন এবং নিম্নমানের সামগ্রী পাওয়া গেলে তা অপসারণের ব্যবস্থা নেবেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান জানান, তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন। অনিয়ম বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এলাকাবাসীর তীব্র প্রতিবাদের মুখে বর্তমানে ওই সড়কের আরসিসি ঢালাইয়ের কাজ বন্ধ রয়েছে। চা শ্রমিকসহ ৭টি গ্রামের হাজারো মানুষের চলাচলের একমাত্র এই প্রধান সড়কটির টেকসই উন্নয়ন নিয়ে স্থানীয়রা চরম অনিশ্চয়তায় ভুগছেন। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে সঠিক মানের নির্মাণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
 

মায়ের অভিযোগে মাদকসহ ছেলে গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড

লালপুর (নাটোর) প্রতিনিধি
মায়ের অভিযোগে মাদকসহ ছেলে গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড
ছবি: কালের কণ্ঠ

নাটোরের লালপুরে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে পুলিশের কাছে অভিযোগ করেন এক মা। পরে পুলিশের অভিযানে মাদকসহ ওই যুবককে গ্রেপ্তার করা হলে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সোমবার (২৯ জুন) উপজেলার ওয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলামিন (২৩) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা জোগাড় করতে গিয়ে তিনি প্রায়ই তার মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। একপর্যায়ে অতিষ্ঠ হয়ে তার মা ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির একটি দল সোমবার দুপুরে অভিযান চালিয়ে আলামিনকে মাদকসহ গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পরে তাকে লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ঘটনায় স্থানীয়রা পুলিশের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাউফলে ইয়াবাসহ গ্রেপ্তারের পর দল থেকে বহিষ্কার ছাত্রদল নেতা

পটুয়াখালী প্রতিনিধি
বাউফলে ইয়াবাসহ গ্রেপ্তারের পর দল থেকে বহিষ্কার ছাত্রদল নেতা
সংগৃহীত ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল ভূঁইয়াকে (২৫) ইয়াবাসহ গ্রেপ্তারের পর দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

সোমবার (২৯ জুন) বাউফল উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক জুবায়ের রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাউফল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নিয়াজ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট ও স্পষ্ট অভিযোগের ভিত্তিতে মো. রুবেলকে সূর্যমণি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ এবং বাউফল উপজেলা ছাত্রদলের প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরো বলা হয়, বহিষ্কারাদেশে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের রুবেলের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নিয়াজ খান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নিয়াজ খান বলেন, ‘দলীয় শৃঙ্খলা ও আদর্শের প্রশ্নে ছাত্রদল কোনো ধরনের আপস করে না। সংগঠনবিরোধী বা আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সত্যতায় সাংগঠনিক বিধি অনুযায়ী রুবেল ভূঁইয়াকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতেও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন কোনো কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে ২৬ জুন ইয়াবাসহ রুবেল ভূঁইয়াকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই দলীয়ভাবে তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সহকারীর চালানো ট্রাক রেললাইনে উঠে বিকল, ৬ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল

রাজবাড়ী প্রতিনিধি
সহকারীর চালানো ট্রাক রেললাইনে উঠে বিকল, ৬ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল
সংগৃহীত ছবি

রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকায় সহকারীর চালানো একটি জিপসামবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে উঠে গেলে প্রায় ছয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। 

সোমবার (২৯ জুন) ভোর ৪টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় খুলনা-রাজবাড়ী রুটের দুটি ট্রেন নির্ধারিত সময়ের পরে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, যশোরের নওয়াপাড়া থেকে জিপসামবোঝাই একটি ট্রাক মানিকগঞ্জের দৌলতপুরের উদ্দেশে যাচ্ছিল। ভোরে বসন্তপুর রেলগেট এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উঠে যায়। এতে ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। রেলওয়ের প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নিতে সক্ষম হন। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনার কারণে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশীকাঁথা এক্সপ্রেস রাজবাড়ীর পাচুরিয়া স্টেশনে দীর্ঘ সময় আটকে থাকে। একই সময়ে রাজবাড়ী থেকে ভাঙ্গার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকা রাজবাড়ী এক্সপ্রেসও রাজবাড়ী রেলস্টেশন থেকে নির্ধারিত সময়ে যাত্রা শুরু করতে পারেনি। পরে রেললাইন সচল হওয়ার পর নকশীকাঁথা এক্সপ্রেস প্রায় ৩ ঘণ্টা ২০ মিনিট এবং রাজবাড়ী এক্সপ্রেস প্রায় ৩ ঘণ্টা ১০ মিনিট বিলম্বে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালকের সহকারী মো. সোহেল বলেন, ‘আমার ওস্তাদ (চালক) অসুস্থ বোধ করছিলেন। তখন তিনি আমাকে ট্রাক চালাতে বলেন। ট্রাক চালানোর সময় হঠাৎ আমার ঘুম চলে আসে। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উঠে যায়।’

রাজবাড়ী রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মো. মাহবুব হাসান বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। সকাল ১০টার দিকে ট্রাকটি রেললাইন থেকে সরানো সম্ভব হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় দুটি ট্রেনের সময়সূচিতে উল্লেখযোগ্য বিলম্ব হয়েছে।’