• ই-পেপার

শ্রীমঙ্গলে সড়ক সংস্কারে অনিয়ম, কাজ বন্ধ করে দিল এলাকাবাসী

মেহেরপুরে পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে রামিম নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেলে গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ভিটাপাড়া এলাকায় মহাসিন হাজির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রামিম (৮) উপজেলার গোপালনগর গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী রুহুল আমিনের ছেলে। সে স্থানীয় আলিমুল কোরআন মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। তারা বর্তমানে গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সবজি আড়ত পাড়ায় বসবাস করছে।

নিহতের স্বজনরা জানায়, বিকেলে রামিম ও তার বন্ধু সিয়াম মহসিন হাজির পুকুর পাড়ে একটি বাঁশের তৈরি চাটাইয়ের ওপর দাঁড়িয়ে খেলার সময় রামিম পানিতে পড়ে তলিয়ে যায়। এ সময় তার বন্ধু সিয়াম দ্রুত রামিমের পরিবারকে খবর দেয়। পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুর থেকে তার অচেতন দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরীক্ষা-নিরীক্ষাশেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাসমেরী খাইরুন নাহার জানান, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।

কালের কণ্ঠে সংবাদ প্রকাশ, সেই গুচ্ছগ্রামের ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
কালের কণ্ঠে সংবাদ প্রকাশ, সেই গুচ্ছগ্রামের ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চরের গুচ্ছগ্রামে গৃহহীনদের পুনর্বাসনের ঘর।

'গৃহহীনদের পুনর্বাসনের ৬০ ঘরে সন্ধ্যা পেরোলেই জমে মাদকের আসর' শিরোনামে কালের কণ্ঠ অনলাইনে সংবাদ প্রকাশের পর ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চরের গুচ্ছগ্রাম থেকে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রবিবার (২৮ জুন) রাত ৮টার দিকে উপজেলার মটুকচর এলাকা থেকে নিশাত খালাসী (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার (২৭ জুন) রাতে আকোট এলাকা থেকে জাকির হোসেন (৩৯) নামে আরেক মাদক ব্যবসায়ীকে ২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নিশাত খালাসী ও জাকির হোসেন আকোটের চর ইউনিয়নের বাসিন্দা।

সদরপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ২ জনই দীর্ঘদিন ধরে আকোটের চর গুচ্ছগ্রামের পরিত্যক্ত ৬০টি ঘরকে কেন্দ্র করে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সদরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেকেন্ড অফিসার মোখলেছুর রহমান বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আকোটের চর গুচ্ছগ্রামসহ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালানো হবে।’

 

নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রীর

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রীর
সংগৃহীত ছবি

নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরে ডুবে অনামিকা দাস (১০) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অনামিকা দাস ওই গ্রামের আবুল চন্দ্র দাসের মেয়ে। সে স্থানীয় সুরুজ আলী ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দুপুর আড়াইটার দিকে পাড়ার কয়েকজন সহপাঠীর সঙ্গে বাড়ির পুকুরে গোসল করতে নামে অনামিকা। গোসলের একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে সহপাঠীরা খোঁজাখুঁজি শুরু করে। পরে পানির নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিকেল সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্কুলছাত্রীর মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে। ঘটনাটি তদন্তে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বরিশালে অটো-সিএনজির পূর্বের ভাড়া বহাল থাকবে : বিসিসি প্রশাসক

অনলাইন ডেস্ক
বরিশালে অটো-সিএনজির পূর্বের ভাড়া বহাল থাকবে : বিসিসি প্রশাসক
সংগৃহীত ছবি

বরিশালে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের পর ভাড়া বাড়ছে না বলে জানিয়েছে বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। সোমবার (২৯ জুন) দুপুরে বরিশাল সিটি কপোরেশনের সভাকক্ষে এক আলোচনাসভা এ কথা জানান তিনি। 

বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জানান, বরিশাল সিটি কপোরেশন এলাকায় পূর্বের ভাড়া বহাল থাকবে। কোনো ধরনের ভাড়া বৃদ্ধি করা যাবে না। কেউ বাড়তি ভাড়া চাইলে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

তিনি জানান, সোমবার থেকে শহরের অবৈধ সব যানবাহনের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়া হবে।

বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, যারা অবৈধভাবে অটোরিকশা তৈরি করছে, সেসব কারখানা বন্ধ করে দেওয়া হবে। আমরা শৃঙ্খলা ফেরাতে চাই।

এর আগে হঠাৎ করে বরিশাল নগরীতে চলাচলরত সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা নানা অজুহাতে ভাড়া বৃদ্ধি করে। ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে গত ২৮ জুন বিএম কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন এবং অটোরিকশা আটক করে প্রতিবাদ জানান।

আলোচনাসভায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও শিক্ষার্থীসহ অটোচালকরা উপস্থিত ছিলেন।