• ই-পেপার

বিশ্বকাপ উন্মাদনায় আখাউড়ায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

  • মাদক নির্মূলের বার্তা বক্তাদের

তালাকের পর স্ত্রীর ছবি বুকে জড়িয়ে স্বামীর আত্মহনন

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
তালাকের পর স্ত্রীর ছবি বুকে জড়িয়ে স্বামীর আত্মহনন
সংগৃহীত ছবি

চাঁদপুরের হাজীগঞ্জে স্ত্রীর দেওয়া তালাক মেনে নিতে না পেরে তার ছবি বুকে নিয়ে আত্মহত্যা করেছেন শান্ত হোসেন নামের এক যুবক। 

শনিবার (২৭ জুন) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পশ্চিম হাটিলা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের উত্তর পাটোয়ারী বাড়িতে ঘটনাটি ঘটে। 

নিহত শান্ত হোসেন (২৫) এ বাড়ির আবুল বাসারের ছেলে।

স্থানীয়রা জানায়, বিয়ের পর থেকেই স্ত্রীকে সন্দেহ করতেন। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছি। এরই মাঝে গত কয়েক দিন আগে স্ত্রী তাকে তালাক দেন। এ বিষয়ে শনিবার স্থানীয়ভাবে একটি সালিস-বৈঠক হওয়ার কথা ছিল। তবে সালিস শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে স্ত্রীর একটি ছবি বুকে নিয়ে নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন। দুপুরের পরে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান কালের কণ্ঠকে বলেন, ‘ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’

কেরানীগঞ্জে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলের জয়

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলের জয়
কেরানীগঞ্জে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচে জয়ী ব্রাজিল দল।

বিশ্বকাপ ফুটবলের আমেজে মেতে উঠেছে দেশ। সেই উন্মাদনাকে আরো প্রাণবন্ত করতে কেরানীগঞ্জে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ। জমজমাট এই ম্যাচে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে জয় তুলে নেয় ব্রাজিল। 

আজ শনিবার বিকেলে কেরানীগঞ্জের শুভাঢ্যা উচ্চ বিদ্যালয় মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ব্রাজিলের নেতৃত্ব দেন নাজিম উদ্দিন ইমন ও আর্জেন্টিনা হয়ে নেতৃত্ব দেন এম আশিক নূর।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকটি আক্রমণ চালালেও কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা একটি পেনাল্টি পেলেও সেটিকে গোলে রূপ দিতে ব্যর্থ হয়। ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার ১০ মিনিট আগে ব্রাজিলের হয়ে একমাত্র এবং জয়সূচক গোলটি করেন ‘ছবিওয়ালা’ খ্যাত স্ট্রাইকার তুষার আব্দুল্লাহ। এরপর শক্ত রক্ষণভাগ গড়ে ব্রাজিল নিজেদের এগিয়ে থাকা স্কোরলাইন ধরে রাখে। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।

00
সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচে পরাজিত আর্জেন্টিনা দল। 

দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জয়সূচক গোলদাতা তুষার আব্দুল্লাহ ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন। খেলা শেষে কেরানীগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

ম্যাচ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, ‘জয়-পরাজয় এখানে মুখ্য বিষয় নয়। বিশ্বকাপের আনন্দ ভাগাভাগি করে নেওয়া, সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একটি আনন্দঘন সময় কাটানো এবং পারস্পরিক সম্প্রীতি আরো সুদৃঢ় করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।’ 

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২
ছবি : কালের কণ্ঠ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সুধবালা (৪৮) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর ছেলে সারজেন সিংহ এবং বোন মেজানি রানী।

শনিবার (২৭ জুন) বিকেলে বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল মহাসড়কের লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুধবালা বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া গ্রামের ধীরেন সিংহের স্ত্রী। আহত সারজেন সিংহ তাঁর ছেলে এবং মেজানি রানী ধনতলা ইউনিয়নের বানাগাঁও গ্রামের বিনত সিংহের স্ত্রী।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, তিনজন একটি মোটরসাইকেলে করে পীরগঞ্জ উপজেলার একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই সুধবালার মৃত্যু হয়। গুরুতর আহত হন মোটরসাইকেলের অপর দুই আরোহী।

তিনি বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকচালক ও তাঁর সহকারী পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ছুটির দিনেও হাসপাতাল পরিদর্শনে এমপি মাসুদ সাঈদী

নিজস্ব প্রতিবেদক
ছুটির দিনেও হাসপাতাল পরিদর্শনে এমপি মাসুদ সাঈদী
ছবি : কালের কণ্ঠ

ছুটির দিনেও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখে পিরোজপুর জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। শনিবার (২৭ জুন) তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবা সম্পর্কে তাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য মাসুদ সাঈদী হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা এবং রোগীদের সুযোগ-সুবিধা নিয়ে খোঁজ নেন।

রোগীদের উদ্দেশে মাসুদ সাঈদী বলেন, ‘সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা পান, সে বিষয়ে আমরা আন্তরিকভাবে কাজ করছি। চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না।’

ছুটির দিনেও সংসদ সদস্যকে হাসপাতালে পাশে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন রোগী ও তাদের স্বজনরা। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের তদারকি অব্যাহত থাকলে হাসপাতালের সেবার মান আরো উন্নত হবে। পরিদর্শন শেষে এমপি মাসুদ সাঈদী হাসপাতালের বিদ্যমান সমস্যা ও উন্নয়নের প্রয়োজনীয় বিষয়গুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেন।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি জহিরুল হক, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি হাসান শেখসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হাসপাতাল পরিদর্শনের আগে সকালে মাসুদ সাঈদী জিয়ানগর উপজেলা পরিষদে আয়োজিত একটি তামাকবিরোধী সমাবেশে যোগদান করেন। সমাবেশ শেষে তিনি তার ঐচ্ছিক তহবিল থেকে এলাকার অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে নগদ অর্থ সহায়তা বিতরণ করেন। এরপর তিনি বাগেরহাট ও পিরোজপুর জেলা সংযোগকারী একটি ব্রিজের নির্মাণকাজের উদ্বোধন করেন।

বিকেলে পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা ও পিরোজপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণে অবদান রাখায় নাজিরপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে পিরোজপুরের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তাকে একটি গণসংবর্ধনা দেওয়া হয়। এমপি মাসুদ সাঈদী উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।