চাঁপাইনবাবগঞ্জ শহরে পূর্বশত্রুতার জেরে দুই বন্ধুর ছুরিকাঘাতে রজব আলী (২৫) নামে আরেক বন্ধু নিহত হয়েছেন। নিহত যুবক জেলা শহরের ১৫ নং ওয়ার্ডের মসজিদপাড়া মহল্লার নজরুল ইসলাম বাবুর ছেলে রজব আলী (২৫)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৪ জুন) দুপুর ১টার দিকে জেলা হাসপাতালের বিপরীতে আম বাজারে ঘটনাটি ঘটে। এ সময় রজবের ওপর ছুরি নিয়ে হামলা করে তাঁরই বন্ধু একই মহল্লার আজিমুদ্দিন আকুর ছেলে মেহেদী (২৫) ও মৃত বাবুর ছেলে জিসান (২৬)। এতে ঘটনাস্থলে বুকের ডান দিকে ছুরিকাঘাতে ও মাথায় মারধরে মাটিতে লুটিয়ে পড়েন রজব। পরে স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাঁকে জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক ইসারুল আলম তুষার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই মেহেদী ও জিসান পালিয়ে যায়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, পলাতক দুই বন্ধুর ছুরিকতাঘাতেই রজব নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি আরো বলেন, ওই তিনজনের বিরুদ্ধেই মাদকাসক্তির অভিযোগ রয়েছে। কয়েকদিন আগে আমবাজারের ক্রেট (আমের ঝুড়ি) চুরি নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়। এ ছাড়া হাসপাতালের সরকারি ওষুধ সরানোর অভিযোগও রয়েছে ওই তিনজনের বিরুদ্ধে। এখন ঠিক কিসের দ্বন্দ্বে খুনের ঘটনা ঘটল তা বিস্তারিত তদন্ত করেই বলা যাবে।
ওসি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশ, ডিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।





