• ই-পেপার

বিশ্বম্ভরপুর

ঢলের পানিতে সড়ক প্লাবিত, ঢুকছে লোকালয়েও

  • সাময়িক বন্যার শঙ্কা

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে স্পষ্ট রোডম্যাপের দাবি নাগরিক সমাজের

নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে স্পষ্ট রোডম্যাপের দাবি নাগরিক সমাজের
ছবি: কালের কণ্ঠ

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য একটি সুনির্দিষ্ট ও স্পষ্ট রোডম্যাপ প্রণয়নের দাবি জানিয়েছেন কক্সবাজারের নাগরিক সমাজের প্রতিনিধিরা। একই সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবিলায় স্থানীয় এনজিওগুলোর অংশীদারত্ব বাড়িয়ে আরও অন্তর্ভুক্তিমূলক মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন তারা।

রবিবার (২১ জুন) কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়ে আয়োজিত সেমিনারে এ দাবি জানানো হয়। ‘কক্সবাজার সিএসও এনজিও ফোরাম’ (সিসিএনএফ) এবং ‘কোস্ট ফাউন্ডেশন’ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. ইকবাল উদ্দিন। তিনি বলেন, কক্সবাজারভিত্তিক এবং স্থানীয় জনগণের নেতৃত্বে পরিচালিত সংগঠনগুলোকে রোহিঙ্গা মানবিক কার্যক্রমে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। এর পাশাপাশি তিনি স্থানীয় এনজিওর সংজ্ঞা পুনর্র্নিধারণ এবং জেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও আরআরআরসির অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

সেমিনারে জানানো হয়, বর্তমানে বাংলাদেশে প্রায় ১৬ লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই সংকটের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তার পরিমাণ ক্রমেই কমে আসছে।

চলতি ২০২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানের (জেআরপি) আওতায় কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গা এবং ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর জন্য ৭১০ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা চাওয়া হয়েছিল। কিন্তু জুনের বর্তমান সময় পর্যন্ত পাওয়া গেছে মাত্র ৩৬৮ দশমিক ৩ মিলিয়ন ডলার, যা মোট চাহিদার অর্ধেকেরও কম।

প্রধান অতিথির বক্তব্যে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে কক্সবাজারে রোহিঙ্গাদের অভিবাসনের ইতিহাস বেশ দীর্ঘ। শরণার্থী শিবিরের কারণে ভূগর্ভস্থ পানির ওপর তীব্র চাপ সৃষ্টি হচ্ছে উল্লেখ করে তিনি এর বিকল্প উৎস অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে রোহিঙ্গা কো-অর্ডিনেশন প্ল্যাটফর্মের প্রধান ডেভিড বাগডেন সংকটকালীন মুহূর্তে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। তবে সংকট সমাধানে প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে আন্তর্জাতিক কূটনীতির ভূমিকার ওপর বিশেষ জোর দেন তিনি।

অন্যদিকে, ইউএনএইচসিআরের স্ট্র্যাটেজিক ওভারসাইট সার্ভিসের প্রধান মার্সেল গ্রোগান নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠী ও শরণার্থীদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান।

মুক্ত আলোচনায় বক্তারা শরণার্থী শিবিরের পরিবেশ পুনরুদ্ধার, নিরাপত্তা জোরদার, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধ এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য বরাদ্দ বৃদ্ধির দাবি জানান।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্থানীয় এনজিওগুলোকে উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। তারা বলেন, জাতিসংঘের ঘোষিত ‘হিউম্যানিটারিয়ান রিসেট’ নীতিতে স্থানীয় নেতৃত্বাধীন মানবিক কার্যক্রম ও সরাসরি তহবিল বণ্টনের ওপর গুরুত্ব দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।

সংকট উত্তরণে বক্তারা একটি নতুন ‘জয়েন্ট রিপ্যাট্রিয়েশন প্ল্যান (জেআরপি ২.০)’ প্রণয়নের প্রস্তাব দেন। তারা আশা প্রকাশ করেন, এই নতুন পরিকল্পনাটি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য একটি কার্যকর রোডম্যাপ হিসেবে কাজ করবে।

বগুড়া

আলোচিত ৩ ইউনিয়নের নতুন নাম নির্ধারণে হবে গণশুনানি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
আলোচিত ৩ ইউনিয়নের নতুন নাম নির্ধারণে হবে গণশুনানি

প্রধানমন্ত্রী কার্যালয়ের চিঠি পাওয়ার পর বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার আলোচিত তিনটি ইউনিয়নের নাম বাতিল পূর্বক পরিবর্তনের কাজ শুরু করেছেন জেলা প্রশাসক। তিনটি ইউনিয়নের নামই চূড়ান্ত করা হবে গণশুনানির পর।

ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার চিঠি জেলায় এসে পৌঁছেছে। এর পরই জেলা প্রশাসন থেকে এ বিষয়ে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বগুড়া জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমান কালের কণ্ঠকে জানান, শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলায় নবগঠিত ‘মীরবাড়ি’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের বিষয়ে শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছেছে। চিঠিতে আগের নাম পরিবর্তন করে স্থানীয় জনগণের মতামত নিয়ে এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানি করতে বলা হয়েছে।

এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া জেলা প্রশাসককে ফোন করে নবগঠিত ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের নির্দেশনা দেন।

জেলা প্রশাসক আরো জানান, চিঠি পাওয়ার পরপরই জেলা প্রশাসন থেকে তিন ইউনিয়নের নাম পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করা হয়েছে। স্থানীয়ভাবে নতুন নাম চূড়ান্ত হওয়ার পর যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

চলতি মাসের ১১ তারিখে প্রকাশিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। এতে শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ি’ এবং নবগঠিত মোকামতলা উপজেলায় সৈয়দপুর ভেঙে ‘সীমান্ত’, দেউলি ভেঙে ‘দিগন্ত’ ও ময়দানহাট্টা ভেঙে ‘স্বর্ণগ্রাম ’ নামে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। নতুন ইউনিয়নগুলোর নামকরণ নিয়ে শুরু থেকেই বিতর্কের সৃষ্টি হয়।

গাজীপুরে ফসলি জমির মাটি কাটার দায়ে লাখ টাকা জরিমানা

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
গাজীপুরে ফসলি জমির মাটি কাটার দায়ে লাখ টাকা জরিমানা
সংগৃহীত ছবি

গাজীপুরের কালীগঞ্জের নাগরী এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা ও মাদকদ্রব্য রাখার অপরাধে দুই ব্যক্তিকে দণ্ডিত করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে মাটি কাটায় ১ লাখ টাকা অর্থদণ্ড এবং মাদক রাখায় এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রবিবার (২১ জুন) কালীগঞ্জ উপজেলার গাড়ারিয়া, নাগরী ও দক্ষিণ ভাদাত্তার্তী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া কৃষিজমির মাটি কেটে বিক্রির দায়ে রাথুরা গ্রামের বিল্লাল শেখের ছেলে হুমায়ুন শেখকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অন্যদিকে দক্ষিণ ভাদাত্তার্তী এলাকার বাসিন্দা আক্তার দেওয়ানের ছেলে আবির দেওয়ানকে ৩ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

জামালপুরে ৯০ বোতল ভারতীয় মদসহ ২ যুবক আটক

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরে ৯০ বোতল ভারতীয় মদসহ ২ যুবক আটক
সংগৃহীত ছবি

জামালপুরে মাদকবিরোধী অভিযানে ৯০ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রবিবার (২১ জুন) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের সোবহান তালুকদারের ছেলে তাবিবুর রহমান তালুকদার (২৬) এবং পলাশতলা গ্রামের মোখলেস তালুকদারের ছেলে রিদুয়ান বারী তালুকদার (৩০)।

পুলিশ সূত্র জানায়, জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি-১-এর একটি দল শনিবার (২০ জুন) বিকেলে জামালপুর-বকশীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাখিমারা এলাকায় অভিযান চালায়। এ সময় বিদেশি মদ বহনের অভিযোগে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে ৯০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় পাচার করতেন।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আটক দুই ব্যক্তিকে আদালতে পাঠানো হয়।

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, ‘মাদকমুক্ত জামালপুর গড়ে তুলতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকা ব্যবহার করে যারা অবৈধভাবে মাদক ও নিষিদ্ধ পণ্য দেশে প্রবেশ করানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘মাদক নির্মূলে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ বিষয়ে জনগণের সহযোগিতাও প্রয়োজন।’