• ই-পেপার

হালুয়াঘাটে সড়কের পাশে ধানের বাজার, যানজটে ভোগান্তিতে হাজারো মানুষ

নিজের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণে আপত্তি এলজিআরডি প্রতিমন্ত্রীর

মাল্টিমিডিয়া রিপোর্টার, বগুড়া
নিজের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণে আপত্তি এলজিআরডি প্রতিমন্ত্রীর
সংগৃহীত ছবি

নিজের নামে নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণ না করার জন্য অনুরোধ জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। গত ১ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো এক আধা-সরকারি (ডিও) পত্রে তিনি এই অনুরোধ জানান। পত্রে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকে কিছু ব্যক্তি নিজেদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে তাঁর নামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণের অপচেষ্টা ও প্রস্তাব পাঠাচ্ছেন, যা তাঁর কাছে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। তিনি মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানের দীর্ঘদিনের ঐতিহ্য, পরিচিতি ও স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রাখাই অধিকতর সমীচীন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, শিবগঞ্জ-মোকামতলা এলাকায় দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে জমি দান, নিজ অর্থে জমি ক্রয়, প্রতিষ্ঠাকালীন ব্যয় বহন ও সার্বিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে তিনি শিক্ষা বিস্তারে কাজ করে আসছেন। তাঁর প্রত্যক্ষ সহযোগিতায় ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত মীরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতগাড়ি মীরবাড়ি সরকারি এতিমখানা, বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয়, বেতগাড়ি মীর শাহে আলম কারিগরি স্কুল অ্যান্ড বিএম মহাবিদ্যালয়, তিয়াইল মীর লাবনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতগাড়ি মীর শাহে আলম মৎস্য ও কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট, বেতগাড়ি মীর মাহাতাব–শাহে আলম মহিলা দাখিল মাদ্রাসা, মোকামতলা মীর শাহে আলম–ছাত্তার তালুকদার মহাবিদ্যালয়, কিচক মীর শাহে আলম কলেজ এবং বেতগাড়ি মীর শাহে আলম ভেটেরিনারি ইনস্টিটিউটসহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠিত ও উন্নত হয়েছে।

পত্রের শেষাংশে প্রতিমন্ত্রী স্পষ্টভাবে অনুরোধ করেন, ইতিপূর্বে প্রতিষ্ঠিত এসব প্রতিষ্ঠানের বাইরে তাঁর বা তাঁর পরিবারের কোনো সদস্যের নামে নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব যেন গ্রহণ বা অনুমোদন করা না হয়। একই সঙ্গে তিনি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পূর্বের নাম ও পরিচিতি সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

জানা গেছে, এই চিঠির অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবরও প্রেরণ করা হয়েছে।

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ২ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ২ নেতা গ্রেপ্তার
অ্যাড. শাহজালাল ও বাবুল শেখ (বাঁ দিক থেকে)। সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুর ও তাড়াশ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌর এলাকার শেরখালি গ্রামের বাসিন্দা অ্যাড. শাহজালাল এবং তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সদস্য বাবুল শেখ।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পতনের পর অ্যাডভোকেট শাহজালালের বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় দুটি হত্যা এবং শাহজাদপুর থানায় বিস্ফোরক আইনে দুটি মামলা হয়েছে। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার রাতে পাবনা সদরের শালগড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে শাহজাদপুর চৌকি আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।’

তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান বলেন, ‘২০১৮ সালের ১২ ডিসেম্বর বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে বিএনপির প্রার্থী আবদুল মান্নান তালুকদার নির্বাচনী পথসভায় অংশ নেন। ওই সময় মান্নান তালুকদারের গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং বিএনপির নেতাকর্মীরা আহত হন। ওই ঘটনায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান বাদী হয়ে অপসারিত সংসদ সদস্য ডা. আব্দুল আজিজসহ ৯৯ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৩০০ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। বাবুল শেখ ওই মামলার এজাহারভুক্ত আসামি।’

তিনি জানান, বৃহস্পতিবার রাতে তাড়াশ সদরের নিজ বাড়ি থেকে বাবুল শেখকে গ্রেপ্তার করা হয়। আদালতের নির্দেশে শুক্রবার তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

হাটহাজারীতে বোনের বিয়েতে এসে সড়কে নিহত ভাই

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
হাটহাজারীতে বোনের বিয়েতে এসে সড়কে নিহত ভাই
প্রতীকী ছবি

হাটহাজারীতে বোনের বিয়েতে এসে সড়ক দুর্ঘটনায় মো. সামির (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকালের দিকে হাটহাজারী পৌরসভার ডায়মন্ড টার্চ নামক কমিউনিটি সেন্টারের সামনে হাটহাজারী-রাউজান আঞ্চলিক মহাসড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামির পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ শায়েস্তা খাঁ পাড়া এলাকার প্রবাসী জসিমের ছেলে। সে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,  শুক্রবার দুপুরের দিকে সামির তার বড় বোনের বিয়েতে উল্লেখিত কমিউনিটি সেন্টারে আসে। সেখান থেকে বের হয়ে বেলা আড়াইটার দিকে রাস্তা পার হতে গেলে নগরমুখী বেপরোয়া গতির একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দেয় এতে গুরুতর আহত হয় সামির। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাক ও চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

রাউজান হাইওয়ে থানা পুলিশ শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। 

কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে ১ কিলোমিটার রাস্তা মেরামত

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে ১ কিলোমিটার রাস্তা মেরামত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে নতুন কুঁড়ি ক্লাবের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে প্রায় ১ কিলোমিটার রাস্তা মেরামত কাজ করছেন স্বেচ্ছাসেবীরা। ছবি : কালের কণ্ঠ।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে নতুন কুঁড়ি ক্লাব নামে স্থানীয় একটি সামাজিক সংগঠনের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে প্রায় ১ কিলোমিটার রাস্তা মেরামত কাজ সম্পন্ন করা হয়েছে। ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব সিঙ্গুর গ্রামে শুক্রবার (১৯ জুন) দিনব্যাপী কাজ করে ইট ও বালু দিয়ে রাস্তাটি মেরামত করে চলাচলের উপযোগী করা হয়। পূর্ব সিঙ্গুর গ্রামের প্রবাসী জুনেল আহমদ, মনসুর আহমদ, জাকির হোসেন ও সাংবাদিক বশির আল ফেরদাউসসহ স্থানীয় কয়েকজন ব্যক্তির আর্থিক সহযোগিতা ও স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ করা হয়। এ কাজে সহযোগিতা করেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, বরমচাল ইউনিয়নের ৮ ওয়ার্ডের জনবহুল গ্রাম পূর্ব সিঙ্গুর ও পশ্চিম সিঙ্গুর গ্রামের প্রায় দুই শতাধিক লোকজন এ রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করেন। এমনকি এই গ্রামের কৃষকরা হাকালুকি হাওরে কৃষিকাজের জন্য যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ে এবং শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে ভোগান্তি পোহাতে হয় এলাকাবাসীকে।

এলাকাবাসী আরো জানান, কয়েক বছর আগে স্থানীয় ইউপি সদস্য ময়নুল হক সোনা মিয়ার মাধ্যমে সরকারিভাবে রাস্তাটিতে ইট সলিং কাজ করা হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে সড়কে যানবাহন চলাচল ও বৃষ্টির পানিতে রাস্তার বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হলে ইট উঠে গিয়ে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ অবস্থায় সরকারি বরাদ্দের অপেক্ষা না করে এলাকার নতুন কুঁড়ি ক্লাব রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়। এলাকাবাসী আশা করছেন, এই উদ্যোগের ফলে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।