চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। নাহিদ হাসান আব্দুল্লাহ্ (১০) নামের এক শিশু সড়ক দুর্ঘনায় এবং মো. মহিন সরকার (২৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়।
শুক্রবার (১৯ জুন) বিকালে আহত নির্মাণ শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একই দিন সকালে অটোরিকশাচাপায় ঘটনাস্থলে শিশুটি মারা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড়ে একটি ভবনে কাজ করাকালে ৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন মহিন। পরে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত মো. মহিন সরকার উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের সরকার বাড়ির মৃত হানিফ সরকারের একমাত্র ছেলে।
অপরদিকে, একই দিন সকালে টোরাগড় এলাকায় পৌর কার্যালয়ের সামনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অতিক্রমকালে অটোরিকশা চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু নাহিদ হাসান আব্দুল্লাহ্।
নিহত শিশু নাহিদ হাসান আব্দুল্লাহ্ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিণ বড়কুল মকবুল খলিফা বাড়ির মনির হোসেনের ছেলে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করার পর তাদের মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যদের মতামতের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




