• ই-পেপার

চট্টগ্রাম বিমানবন্দরে ৯৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

মাদক কারবারিতে বাধা, সাবেক পুলিশ কর্মকর্তাকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
মাদক কারবারিতে বাধা, সাবেক পুলিশ কর্মকর্তাকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা
সংগৃহীত ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে মাদক কারবারিকে বাধা দেওয়ায় মো. আনোয়ার হোসেন নামের এক অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপারকে (এএসপি) দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে স্থানীয় চিহ্নিত মাদক কারবারিরা। পরে তাকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আড়পাড়া এলাকায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কালীগঞ্জের আড়পাড়া এলাকায় কতিপয় চিহ্নিত অপরাধী ও মাদক সিন্ডিকেট এলাকায় মাদক বিক্রি ও সেবনের স্বর্গরাজ্য গড়ে তুলেছে। এলাকার সামাজিক পরিবেশ রক্ষার্থে এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে অবসরপ্রাপ্ত এএসপি আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে এর প্রতিবাদ করে আসছিলেন।


রাত সাড়ে ১১টার দিকে মাদক কারবারিদের একটি দল প্রকাশ্যে অপকর্ম করার সময় তিনি পুনরায় বাধা দিলে, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। দেশীয় অস্ত্র দিয়ে সাবেক এই পুলিশ কর্মকর্তার ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে ও পেটাতে থাকে। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং বর্তমানে সেখানে চিকাৎসাধীন আছেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুততম সময়ে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। অপরাধী যেই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।
 

ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ আটক, পিটুনির পর কারাগারে

অনলাইন ডেস্ক
ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ আটক, পিটুনির পর কারাগারে
নাজমুল হাসান হিমেল

সুনামগঞ্জের তাহিরপুরে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া এক যুবককে এক হাজার ইয়াবাসহ আটক করে মারধরের পর পুলিশে দিয়েছে জনতা। মাদক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গত বুধবার উপজেলার সীমান্ত গ্রাম পুরান লাউড়েরগড় মাদরাসার সামনে নাজমুল হাসান হিমেল নামের ওই যুবক এবং তার সহযোগী সোহাগ আহমদকে আটক করেন স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করেন তারা। 

নাজমুল বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ছাতারকোণা গ্রামের নজরুল ইসলামের ছেলে ও সোহাগ একই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে হিমেল ও সোহাগ সীমান্ত এলাকা থেকে ফিরছিলেন। পথে লাউড়েরগড় এলাকার লোকজন তাদের আটক করে তল্লাশি করেন। এ সময় তাদের কাছে সাড়ে ৯৫০ ইয়াবা পাওয়া যায়। বিক্ষুব্ধ লোকজন তাদের দোকানের খুঁটিতে বেঁধে মারধর করেন। পরে পুলিশে খবর দেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী সাবেক ইউপি সদস্য মোস্তফা মিয়া বলেন, এলাকার মানুষজন হিমেলকে আটক করে তার কাছে বিপুল ইয়াবা পান। পরে পুলিশ ডেকে ধরিয়ে দেন। সে ভারত থেকে ইয়াবার চালান এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত।

ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমদ বলেন, হিমেল একজন জুলাইযোদ্ধা। জুলাই আন্দোলনের সময় মিটিং-মিছিল করেছে। তার ভাই তোফায়েল আহমদ বিশ্বম্ভরপুর উপজেলা বৈষম্যবিরোধী আন্দোলনের যুগ্ম সদস্যসচিব। হিমেল ইয়াবার চালানসহ গত রাতে তাহিরপুরের লাউড়েড়গড় সীমান্তে আটক হয়েছে। ৫ অগাস্টের পর মামলা দিয়ে অনেক নিরীহ মানুষকে সে হয়রানি-নির্যাতন করেছে।

তাহিরপুর উপজেলার বাদাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মোখলেছুর রহমান বলেন, হিমেলের বিরুদ্ধে মাদকবিরোধী সংগঠনের ব্যানারে মাদক কারবারের অভিযোগ আছে। আদালত হিমেল ও সোহাগকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন চাল জব্দ, আটক ১

শেরপুর প্রতিনিধি
শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন চাল জব্দ, আটক ১

শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন চাল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ১টার দিকে শহরের চাপাতলী এলাকার জেবীন রাইস প্রসেসিংয়ের গোডাউন থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব চাল জব্দ করা হয়। এসময় ওই গোডাউনের মালিক মো. বোরহান উদ্দিনকে আটক করা হয়।

আটক বোরহান উদ্দিন শহরের কসবা কাছারিপাড়া মহল্লার মৃত বাবুল মিয়ার ছেলে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা সরকারি চালসহ একজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে শহরের চাপাতলী এলাকায় অবস্থিত জেবীন রাইস প্রসেসিংয়ের গোডাউনে অভিযান শুরু করা হয়। এসময় বস্তায় ২০২৬ সালের জুন মাসের সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল সীলমোহরকৃত ৩৩ টন চাল পাওয়া যায়।

এতে দেখা যায়, অন্য জায়গায় পাচারের উদ্দেশে খাদ্য অধিদপ্তরের ৫০ কেজি ওজনের ৫০০ বস্তা এবং ৩০ কেজি ওজনের ২৭০ বস্তাসহ মোট ৭৭০ বস্তায় ভর্তি ৩৩ টন ১০০ কেজি চাল রয়েছে। যার মোট মূল্য ১৬ লাখ  ২১ হাজার ৯০০ টাকা। পরে চালগুলো জব্দ এবং গোডাউনের মালিক মো. বোরহান উদ্দিনকে আটক করা হয়।

শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সদর থানার ওসি সোহেল রানা, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা ও পুলিশ সদস্যরা সঙ্গে ছিলেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান জানান, খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন ক্ষতিকর কার্যক্রম ২০২৩-এর ৫-এর ক ও খ এবং ৬ ধারা মোতাবেক উপযুক্ত বিচারের জন্য জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করার জন্য সদর থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

ওসি মো. সোহেল রানা জানান, ভ্রাম্যমাণ আদালত আটক গোডাউনের মালিক মো. বোরহান উদ্দিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালগুলোর সঠিক হিসাব দিতে না পারায় সদর থানা পুলিশকে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। জব্দ চালগুলো গোডাউনে সিলগালা করে আটক ব্যক্তিকে আদালতে প্রেরণ এবং মামলা দায়ের করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সৌদি আরবে গাড়ির ধাক্কায় নিহত চরভদ্রাসনের সাবেক ইউপি সদস্য

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
সৌদি আরবে গাড়ির ধাক্কায় নিহত চরভদ্রাসনের সাবেক ইউপি সদস্য
গিয়াস উদ্দিন শিকদার। সংগৃহীত ছবি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য গিয়াস উদ্দিন শিকদার (৬০)।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহতের ভাই শাহিনুজ্জামান শিকদার। 

এর আগে বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে দেশটির আল-জউফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গিয়াস উদ্দিন শিকদার উপজেলার উত্তর আলমনগর গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় সাড়ে ৩ বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান গিয়াস শিকদার। সেখানে আল-জউফ এলাকার একটি কৃষি ফার্মে কর্মরত ছিলেন। বুধবার কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই শাহিনুজ্জামান শিকদার জানান, বুধবার বিকেলে আমরা তার মৃত্যুর খবর পাই। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আমরা দিশাহারা হয়ে পড়েছি। তার স্ত্রী-সন্তান শোকে ভেঙে পড়েছেন। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করছি।

চরভদ্রাসন সদর ইউপির চেয়ারম্যান আজাদ খান বলেন, গিয়াস উদ্দিন শিকদার একজন ভালো মানুষ ছিলেন। জনপ্রতিনিধি হিসেবে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিদেশের মাটিতে তার এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।

ফরিদপুর প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক আশিক সিদ্দিকী বলেন, সাধারণত সংশ্লিষ্ট কম্পানি মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করে থাকে। এ ছাড়া মরদেহ দেশে পৌঁছানোর পর সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়। কোনো কারণে কম্পানি সহযোগিতা না করলে পরিবারের আবেদনের ভিত্তিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।