ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসচালক মিজানুর রহমান ভূঁইয়া (৫৮) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টার দিকে উপজেলার বাতিসা এলাকার বসন্তপুর রাস্তার মাথা সংলগ্ন মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান ভূঁইয়া কুমিল্লার দেবীদ্বার উপজেলার ঘোষঘর গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস চৌদ্দগ্রামের বাতিসা এলাকার বসন্তপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় বাসচালক মিজানুর রহমান ভূঁইয়া ও কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বাসচালককে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করেছে।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নিহত ব্যক্তির মরদেহের বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত উভয় যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’




