পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগে বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। সোমবার (১৫ জুন) দুপুরে পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রের বিরুদ্ধে করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সময় শারীরিক নির্যাতন ও মানসিক হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রীর বাবা দিলীপ কুমার শীল বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, গত ২২ মে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরে ওই ছাত্রী তার বাবাকে জানান যে শিক্ষক তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয়। পরবর্তীতে থানায় গেলে মেয়েটির এসএসসি পরীক্ষা ও ভবিষ্যৎ শিক্ষাজীবনের বিষয়টি সামনে এনে অভিযোগ প্রত্যাহার অথবা অভিযুক্ত শিক্ষকের কাছে ক্ষমা চাইতে বলা হয় বলেও অভিযোগে দাবি করা হয়েছে।
ছাত্রীর বাবা দিলীপ কুমার শীল বলেন, ‘আমার মেয়ের নিরাপত্তা ও লেখাপড়ার ভবিষ্যৎ নিয়ে আমি উদ্বিগ্ন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
এদিকে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক নির্মল চন্দ্র ভদ্র কোনো মন্তব্য করতে রাজি হননি।
পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’




