সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঝাঁপার চর এলাকা থেকে দুটি বালুভর্তি কার্গো জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে।
রবিবার (১৪ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজিব, পিএসসি’র নেতৃত্বে খোলপেটুয়া নদীর ঝাঁপার চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মো. ইব্রাহিম গাজী, মো. নাঈম ইসলাম, মো. আজারুল ইসলাম, মো. সজিব শেখ এবং মো. জামিরুল ইসলাম।
স্থানীয়দের অভিযোগ, পরিবেশ সংকটাপন্ন এই এলাকা থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। জব্দ হওয়া একটি কার্গোর মালিক জামিরুল ইসলাম বলে জানা গেছে।
অভিযানের বিষয়ে নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. শাহারিয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি বালুভর্তি কার্গো জব্দ এবং পাঁচজনকে আটক করা হয়। তারা বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
তিনি আরো বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা হয়েছে।





