• ই-পেপার

শিবির নেতার ধর্ষণ ও গুমের নাটকের বিরুদ্ধে রাবিতে ছাত্রদলের বিক্ষোভ

টেকনাফে বিপুল পরিমাণ গ্রেনেড ও গোলাবারুদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
টেকনাফে বিপুল পরিমাণ গ্রেনেড ও গোলাবারুদ উদ্ধার
ছবি: কালের কণ্ঠ

কক্সবাজারের টেকনাফে মাটির নিচে লুকিয়ে রাখা ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড তাজা গুলি ও ২ কেজি গাঁজা উদ্ধার করেছে কোস্ট গার্ড। শনিবার (১৩ জুন) রাতে টেকনাফ উপজেলার জাদিমুড়া এলাকায় নাফ নদী সংলগ্ন সীমান্ত অঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রবিবার (১৪ জুন) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, নাফ নদী ও বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান এবং সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। গোপন সূত্রে খবর আসে, জাদিমুড়া এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী বিপুল পরিমাণ গ্রেনেড ও গোলাবারুদ মাটির নিচে মজুত করে রেখেছে।

এই তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে মাটির নিচ থেকে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ২টি হ্যান্ড গ্রেনেড (৩৬ এমএমকে-আই), ৮টি এইচইডিপি গ্রেনেড (৪০ মিলিমিটার), ২৮ রাউন্ড তাজা গুলি (৭.৬২ মিলিমিটার) এবং ২ কেটি গাঁজা উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ও মাদক পাচারকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

কোস্ট গার্ডের কর্মকর্তারা ধারণা করছেন, উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ বিস্ফোরক কোনো অসাধু বা সন্ত্রাসী চক্রের হাতে পড়লে সাধারণ মানুষের জানমালের বড় ধরনের ক্ষতি হতে পারত। সময়োপযোগী এই অভিযানের ফলে একটি বড় ধরনের নাশকতা প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

চরফ্যাশনে অবৈধ ট্রলিং বোট ও ৮০০ কেজি মাছসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশনে অবৈধ ট্রলিং বোট ও ৮০০ কেজি মাছসহ আটক ৩
ছবি: কালের কণ্ঠ

ভোলার চরফ্যাশনে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ৭ লাখ টাকা মূল্যের ৬টি নিষিদ্ধ ট্রলিং জাল ও ৮০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে তিন জেলেকে আটক করা হয়েছে।

রবিবার (১৪ জুন) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে চরফ্যাশন থানার সুলতান ব্রিজ সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকার সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একটি সন্দেহভাজন অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট আটক করা হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৭ লাখ টাকা মূল্যের ৬টি অবৈধ ট্রলিং জাল এবং ৮০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। একই সঙ্গে বোটে থাকা তিন জেলেকে আটক করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ ও অবৈধ মৎস্য আহরণ রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এই নিয়মিত অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জব্দকৃত ট্রলিং বোট, জাল, মাছ এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ব্রাহ্মণবাড়িয়ার চ্যাম্পিয়ন বালিকা ক্রিকেট দলকে সংবর্ধনা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার চ্যাম্পিয়ন বালিকা ক্রিকেট দলকে সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া জেলার আন্তঃস্কুল বালিকা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এবং ফুটবল প্রতিযোগিতায় রানার্সআপ হওয়ার গৌরব অর্জনকারী আখাউড়ার হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশন।

রবিবার (১৪ জুন) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য কবীর আহমেদ ভূঁইয়া।

এ সময় কবীর আহমেদ ভূঁইয়া বলেন, স্কুল শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে নিজেদের মেধা ও প্রতিভা বিকাশের অন্যতম প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি’ এখন তাদের জন্য একটি বাতিঘরে পরিণত হয়েছে। নতুন কুঁড়ির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গৌরবময় উদ্যোগের ধারাবাহিকতা ধরে রেখে হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রীরা জেলা পর্যায়ে সাফল্য অর্জন করে বিদ্যালয় ও এলাকার জন্য গৌরব বয়ে এনেছে।

তিনি আরো বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি তরুণদের মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়তা করে এবং সুস্থ-সবল জাতি গঠনে অপরিসীম অবদান রাখে। গ্রামের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী, পরিশ্রমী এবং খেলাধুলায়ও পারদর্শী। তাদের এই সাফল্যে আমরা গর্বিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, উপজেলা বিএনপির সভাপতি হাজী জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আখতার খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ খান, জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী, জেলা কৃষক দলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মহসিন ভূঁইয়া, নবীনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু কাউসার এবং ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের সমন্বয়ক অ্যাডভোকেট আশরাফ আনন্দ।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জেলার চ্যাম্পিয়ন বালিকা ক্রিকেট দল ও কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিরা।

বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল
ছবি : ভিডিও থেকে নেওয়া

বগুড়ার শেরপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের একটি ঝটিকা বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ভবানীপুর ইউনিয়নের ইটালী এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। পরে মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের ছেলে ও ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনির সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের শেরপুর উপজেলা শাখার সাবেক সভাপতি গালিব সরকারের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

মিছিলকারীদের হাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন দেখা যায়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ‘এই মুহূর্তে দরকার, শেখ হাসিনার সরকার’ এবং ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’ স্লোগানও শোনা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, সিএনজিচালিত অটোরিকশাযোগে একদল যুবক হঠাৎ ইটালী বাজার এলাকায় এসে ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল শুরু করেন। কয়েক মিনিট মিছিল করার পর তারা আবার অটোরিকশাযোগে শেরপুর শহরের দিকে চলে যান।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, ‘বিক্ষোভ মিছিলের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ী অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’