• ই-পেপার

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

কিশোরীকে গণধর্ষণের সময় হাতেনাতে ধরল পুলিশ, আটক ৩

ঠাকুরগাঁও প্রতিনিধি
কিশোরীকে গণধর্ষণের সময় হাতেনাতে ধরল পুলিশ, আটক ৩
সংগৃহীত ছবি

ঠাকুরগাঁওয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ।

শনিবার (১৩জুন) দিবাগত রাত ৩ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজারের পাশের একটি গুদামে (গোডাউন) এ ঘটনা ঘটে।

আটককৃত হলেন, মো. তামিম ইসলাম (২২), মো. রনি (২১) ও মো. মাসুদ (২২)। এরমধ্যে তামিম ইসলাম কালিতলা এলাকার মো. আনারুলের ছেলে,মো. রনি একই এলাকার মো. মিন্টুর ছেলে এবং  রহমানের ছেলে মাসুদ মজিদুর।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, মায়া (রূপক নাম) নামে এক কিশোরীর সঙ্গে এক সপ্তাহ আগে তামিম ইসলামের পরিচয় হয়। গতকাল বিকেলে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে আসেন তামিম। ঠাকুরগাঁও শহরে ঘোরাঘুরি শেষে রাত ১১টার দিকে কালিতলা বাজারের পাশে ‘ঘষমিন্টুর গোডাউন ঘরে’ ওই কিশোরীকে নিয়ে তার দুই বন্ধু রনি ও মাসুদসহ পালাক্রমে ধর্ষণ করেন। পুলিশের টহল দল রাত তিনটার দিকে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিষয়টি বুঝতে পেরে তিন যুবককে আটক করে এবং মেয়েটিকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, আটককৃত তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

রূপগঞ্জ

মহাসড়কের পাশে ময়লা অপসারণ ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
মহাসড়কের পাশে ময়লা অপসারণ ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
ছবি: কালের কণ্ঠ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কের পাশের ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রবিবার (১৪ জুন) সকালে উপজেলার গোলাকান্দাইল গোলচত্বর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানুর রহমান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঈদের ছুটিতে মহাসড়কের পাশে ময়লা ফেলা হয়েছিল। বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হওয়ায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। গত দুই দিন ধরে ময়লা অপসারণের কাজ চলছে। ভবিষ্যতে যাতে কেউ মহাসড়কের পাশে ময়লা না ফেলে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন,  আমরা একটি আলাদা ল্যান্ডফিলের ব্যবস্থা করছি। সেখানে শিল্প-কারখানা ও পৌরসভার বর্জ্য ফেলা হবে। বর্তমানে অনেক বিদেশি প্রতিষ্ঠান বর্জ্য থেকে বিদ্যুৎ, জৈব সার ও গ্যাস উৎপাদনের প্রযুক্তি নিয়ে কাজ করছে। এসব প্রযুক্তি কাজে লাগানো গেলে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হবে।

লালপুর

অবৈধভাবে মাটিকাটায় ইটভাটা মালিকসহ গ্রেপ্তার ২, ভেকু-ট্রাক জব্দ

লালপুর (নাটোর) প্রতিনিধি
অবৈধভাবে মাটিকাটায় ইটভাটা মালিকসহ গ্রেপ্তার ২, ভেকু-ট্রাক জব্দ
সংগৃহীত ছবি

নাটোরের লালপুরে আবাদি জমির মাটি বিক্রির করার অভিযোগে ইটভাটা মালিকসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুই জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী লালপুর থানায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর (ভেকু) ও মাটি পরিবহনের একটি ট্রাক জব্দ করা হয়।

গ্রেপ্তার দুই জন হলেন– ইটভাটা মালিক মো. রফিকুল ইসলাম (৪০) এবং ভেকু চালক মো. মেহের আলী (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন এস আই সঞ্জয় কুমার। সেখানে দেখেন এক্সকাভেটর (ভেকু) দিয়ে জমির টপ সয়েল কেটে তা বিক্রির উদ্দেশে ট্রাকে তোলা হচ্ছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই জনকে গ্রেপ্তার ও সরাঞ্জাম জব্দ করা হয়। 

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আবাদি জমির মাটি অবৈধভাবে কাটা ও পরিবহনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান।

বরগুনায় চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা

বরগুনা ও আমতলী প্রতিনিধি
বরগুনায় চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা

বরগুনার তালতলীতে চিরকুট লিখে মো. ফারুক হোসেন (৫২) নামের এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। রবিবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফারুক হোসেন ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার আংগারিয়া গ্রামের রতন আলী গাজীর ছেলে। তিনি বাংলাদেশ পুলিশ-এর সদস্য হিসেবে তালতলী থানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ফারুক হোসেন শনিবার রাতের ডিউটি শেষ করে রোববার সকালে পুলিশ ব্যারাকে ফিরে যান। পরে ব্যারাকে অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরে পুলিশ ব্যারাক থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। সেখানে তিনি লেখেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আমার নিজের ইচ্ছায় মৃত্যু মেনে নিচ্ছি। অযথা কাউকে হয়রানি না করা হয়। আর আমার অনুরোধ বাড়ীর কাছে দয়া করে জানাবেন যে, সে স্ট্রোক করে মৃত্যু বরণ করেছে। আমার ডেথ সার্টিফিকেটের সাথে পাঠাইয়া দিবে। বাড়ি জানালে কোথায় তারা আসবে নিশ্চিত করে জানাবে যাহাতে তারা হয়রানি না হয় এবং মহিলারা যাতে না আসে দয়া করে বলে দিবেন।’ 

চিরকুটে তিনি আরো লেখেন ‘আমার লাশ পুরান বাড়িতে দাফন করবে। আমার স্ত্রীকে যেন আগে না জানায় তাহলে সে মারা যাবে।’ পাশাপাশি পরিবারের সদস্যদের কাছে মৃত্যুর খবর কীভাবে জানাতে হবে, সে বিষয়ে নির্দেশনাও উল্লেখ করেন।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. সোহাগ বলেন, প্রাথমিকভাবে পাওয়া গেছে তিনি গ্যাসের ট্যাবলেট সেবন করেছেন। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আমতলী সার্কেল সহকারী পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম মাসুদ বলেন, রাতের ডিউটি শেষ করে সকালের দিকে তিনি আত্মহত্যা করেছেন। তবে ঠিক কী কারণে এই চরম পথ বেছে নিয়েছেন, চিরকুটে বিশেষ কিছু লেখা নেই, কেবল পরিবারের বিভিন্ন সদস্যকে উদ্দেশ্য করে কিছু কথা লেখা রয়েছে। 

তিনি আরো বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।