ফেনীর পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (১০ জুন) সকালে জেলার সোনাগাজী ও ছাগলনাইয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দাগনভূঞা উপজেলার দক্ষিণ করিমপুর গ্রামের সেলিম চেয়ারম্যান বাড়ির জালাল আহমেদের ছেলে মোহাম্মদ দুলাল (৩৫) এবং ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের সোনাপুর গ্রামের ভূঁইয়াবাড়ীর নজির আহমেদের ছেলে মানিক (৩৭)।
সোনাগাজী মডেল থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে সোনাগাজীর চর মজলিশপুর ইউনিয়নের ওয়াহিদ উদ্দিনের নতুন বাড়িতে আইপিএস মেরামতের কাজ করছিলেন মোহাম্মদ দুলাল। কাজ করার একপর্যায়ে অসতর্কতাবশত তিনি বিদ্যুতায়িত হন। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নে বিদ্যুতায়িত হয়ে মানিক নামে আরেক যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে নিজ কক্ষে অসতর্কতাবশত বিদ্যুতায়িত হন মানিক। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুলালের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া জানান, মানিকের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলাসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।






