রাজশাহীতে সংস্কৃতি মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তর ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ পাঠাগার থেকে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সম্পর্কিত ৩০০ বই জব্দ করেছে জেলা প্রশাসন। রাজশাহী মহানগর ছাত্রদলের দাবির মুখে বুধবার (১০ জুন) দুপুরে বইগুলো জব্দ করা হয়।
এর আগে বেলা সাড়ে এগারোটায় রাজশাহী কলেজ চত্বরে ভ্রাম্যমাণ পাঠাগারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে লেখা ও সম্পর্কিত বই পাওয়ায় বাসটি জেলা প্রশাসক কার্যালয়ে নিয়ে আসে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। পরে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠাগারে তল্লাশি করে বইগুলো জব্দ করে।
বিশ্বসাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে শেখ মুজিব ও হাসিনার বয়ান সংশ্লিষ্ট কোনো গ্রন্থ, সাময়িকী ও প্রবন্ধ রাখবে না মর্মে মুচলেকা দেওয়া হয়েছে।
মগনগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন বলেন, স্বৈরাচার পতনের পর তাদের বই পাওয়া মানে সরিষার মধ্যে ভূত রয়েছে৷ একটি গোষ্ঠী আওয়ামী লীগকে পুনর্বাসনে কাজ করছে। আমরা বইগুলো জব্দ এবং দোষীদের শাস্তি চাই।
ভ্রাম্যমাণ পাঠাগারের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, রাজশাহীতে বই রাখার জায়গা না থাকায় বইগুলো গাড়ির মধ্যেই ছিল। তবে এগুলো কাউকে পড়তে দেওয়া হতো না। তবে বই জব্দ নিয়ে বক্তব্য দেননি রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।






