বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের সমন্বিত উদ্যোগে ভারতে আটক থাকা ৯১ জন বাংলাদেশি জেলে এবং তাদের ৪টি ফিশিং বোট দেশে ফিরেছে। সোমবার (৮ জুন) কোস্ট গার্ড বেইস মোংলায় জেলেদের ও তাদের মাছ ধরার নৌযানসহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শাহ্ কামরুজ্জামান সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্র জানায়, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমাসংলগ্ন ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে গত ১৬ ও ১৭ ডিসেম্বর ২০২৫ এবং ২০ জানুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভারতীয় কোস্ট গার্ড ৪টি বাংলাদেশি ফিশিং বোটসহ ৯১ জন জেলেকে আটক করে।
পরবর্তীতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টা এবং বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আটক জেলে ও ফিশিং বোটগুলো দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, গত রবিবার (৭ জুন) বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (IMBL)-এ বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯১ জন জেলে ও ৪টি ফিশিং বোট গ্রহণ করা হয়।
এরপর সোমবার দুপুর ১২টায় কোস্ট গার্ড বেইস মোংলায় আনুষ্ঠানিকভাবে জেলেদের তাদের ফিশিং বোটসহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ড কর্মকর্তারা জানান, বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের কারণে এ ধরনের প্রত্যাবর্তন কার্যক্রম আরো গতিশীল ও সহজতর হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, ভবিষ্যতেও দেশের জেলেদের স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।




