• ই-পেপার

সিংগাইরে ডাকাত সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুরের জানাজায় মানুষের ঢল

অনলাইন ডেস্ক
শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুরের জানাজায় মানুষের ঢল

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ও তার বোনের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) বেলা ১১টায় মাধখলা এলাকায় নিজ বাসভবনের পাশের ইংলিশ এডুকেয়ার মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের মানুষের ঢল নামে। 

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। এ ছাড়া বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। 

জানাজা শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান উপস্থিত মুসল্লিরা।

আরো পড়ুন
বিশ্বকাপ-বঞ্চিত ইতালির সান্ত্বনার জয়

বিশ্বকাপ-বঞ্চিত ইতালির সান্ত্বনার জয়

 

উল্লেখ্য, আনিছুর রহমান (৬৫) গতকাল রবিবার বিকেলে ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি কিডনি, হৃদ্‌রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। নিয়মিত তিনি হাসপাতালে গিয়ে ডায়ালাইসিস করাতেন। গতকালও ডায়ালাইসিস করাতে হাসপাতালে গিয়েছিলেন। এ সময় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বিকেল চারটার দিকে মারা যান তিনি। পরে তার মৃত্যুর খবর শুনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ছোট বোন রাশিদা খাতুন (৬২)। হাসপাতালে নেওয়ার পথে বিকেলে তিনিও মারা যান। 

নড়াইল

২৮০ প্রাথমিক চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে

শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত সংকট সমাধানের দাবি

নড়াইল সংবাদদাতা
২৮০ প্রাথমিক চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে
নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নে অবস্থিত ডিএসবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে। সোমবার তোলা। -কালের কণ্ঠ

প্রতিষ্ঠানটির নাম ডিএসবি সরকারি প্রাথমিক বিদ্যালয়। নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নে অবস্থিত বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৫৪ সালে। ১৯৭৪ সালে জাতীয়করণ হয়। বর্তমানে এই বিদ্যালয়ে ১৩২ জন শিক্ষার্থী রয়েছে। কিন্তু গত দুই বছর ধরে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের পদ শূন্য। 

শুধু ডিএসবি প্রাথমিক নয়, নড়াইলে অর্ধেকের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। জেলার ৪৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৮০টিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষক। এতে একদিকে বাড়ছে দাপ্তরিক চাপ, অন্যদিকে ব্যাহত হচ্ছে পাঠদান। 

জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলায় মোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫৭ শতাংশেই বর্তমানে স্থায়ী প্রধান শিক্ষক নেই। এ ছাড়া সহকারী শিক্ষকের অনেক পদও শূন্য রয়েছে। ফলে অনেক বিদ্যালয়ে সীমিত সংখ্যক শিক্ষক দিয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। 

ডিএসবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন বিদ্যালয়টির সহকারী শিক্ষক মাহমুদা পারভীন। তিনি বলেন, 'আমি যেহেতু প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছি। অনেক সময় অফিসের কাজে আমাকে ব্যস্ত থাকতে হয়। ফলে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হয়।'

একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোনিয়া খানম বলেন, 'সহকারী শিক্ষক যেহেতু প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এ কারণে দাপ্তরিক ও প্রশাসনিক কাজে প্রায়ই বিদ্যালয়ের বাইরে থাকতে হয়। শিক্ষক সংখ্যা ও তুলনামূলক কম।ফলে প্রধান শিক্ষকের প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি পাঠদান কার্যক্রম সচল রাখতে হিমসিম খেতে হচ্ছে।’

নড়াইল সদর উপজেলার তুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃপা সিকদার জানান, ২০১৮ সাল থেকে তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। তবে দায়িত্ব প্রধান শিক্ষকের হলেও বেতন পাচ্ছেন সহকারী শিক্ষকের স্কেল অনুযায়ী। প্রধান শিক্ষকদের জন্য নির্ধারিত দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা ও সংশ্লিষ্ট সুবিধাও পান না তারা। 

দীর্ঘ আট বছর ধরে অতিরিক্ত দায়িত্ব পালন করে ও বেতন ও পদমর্যাদাগত সুবিধা না পাওয়ায় ক্ষোভ ও হতাশা বাড়ছে বলে জানান কৃপা। তার ভাষ্য, 'দায়িত্ব প্রধান শিক্ষকের, কিন্তু সুবিধা সহকারী শিক্ষকের। বছরের পর বছর এভাবেই কাজ করে যাচ্ছি।'

শিক্ষকদের ভাষ্য, একজন সহকারী শিক্ষককে একই সঙ্গে শ্রেণিকক্ষে পাঠদান এবং প্রধান শিক্ষকের প্রশাসনিক দায়িত্ব পালন করতে হচ্ছে। বিদ্যালয়ের নথিপত্র সংরক্ষণ, সরকারি বিভিন্ন তথ্য অনলাইনে পাঠানো, সভা-সমন্বয় ও অফিস ব্যবস্থাপনার কাজ করতে গিয়ে অনেক সময় শ্রেণিকক্ষে পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব হয় না। বিশেষ করে শিক্ষক সংকট রয়েছে- এমন বিদ্যালয়ে এ সমস্যা আরো বেশি। 

অভিভাবকেরা বলছেন, প্রধান শিক্ষক একটি বিদ্যালয়ের একাডেমি ও প্রশাসনিক নেতৃত্বের কেন্দ্রবিন্দু। দীর্ঘদিন ধরে পদ শূন্য থাকলে বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা দুর্বল হয়ে পড়ে। একই সঙ্গে শিক্ষকদের ওপর পড়ে বাড়তি চাপ।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষক স্বল্পতার কারণে বিদ্যালয়গুলোতে সমস্যা হচ্ছে, সেটি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে সমাধানের চেষ্টা করা হচ্ছে। সেইসঙ্গে শূন্য পদের বিষয়ে শিক্ষা অধিদপ্তরে জানানো হয়েছে। মামলা জটিলতার কারণে দীর্ঘদিন ধরে পদগুলো শূন্য পড়ে আছে। আশা করি দ্রুত সমাধান হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৪

অনলাইন ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী একটি লোকাল বাস খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

সোমবার (৮ জুন) ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বইশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত আসছে...

স্বামীর সঙ্গে অভিমান, স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
স্বামীর সঙ্গে অভিমান, স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জয়পুরহাটের আক্কেলপুরের সোনামুখী ইউনিয়নের উত্তর রামশালা গ্রামে শারমিন (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামীর দাবি গত রাতে পারিবারিক কলহের জেরে অভিমান করে শারমিন আত্মহত্যা করেছেন।

সোমবার (৮ জুন) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শারমিন ওই এলাকার কৃষক শামীমের স্ত্রী এবং বগুড়া জেলার আদমদীঘি উপজেলার মঙ্গলপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।

আরো পড়ুন
৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী

৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী

 

নিহতের স্বামী, স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে,  বাড়িতে দেরি করে ফেরা নিয়ে রবিবার রাতে স্বামী ও স্ত্রীর মধ্যে কলহ হয়। এর পরে স্বামী ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে পাশের রান্নাঘরে শারমিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্বামী। স্বামীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তার ঝুলন্ত মরদেহ নামিয়ে এনে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

নিহতের স্বামী শামীম বলেন, ক্যারাম খেলে রাতে বাড়ি ফিরতে দেরি হয়েছিল। এ কারণে সে রাগ করে আমার সঙ্গে চিৎকার চেঁচামেচি করে। পরে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে উঠে আমি তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।

আরো পড়ুন
নারায়ণগঞ্জে ওয়াসার পানি শোধনাগার প্রকল্প পরিদর্শনে মির্জা ফখরুল

নারায়ণগঞ্জে ওয়াসার পানি শোধনাগার প্রকল্প পরিদর্শনে মির্জা ফখরুল

 

একই এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান সোলায়মান আলী সরদার বলেন, যতদূর জেনেছি তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জেরে সে আত্মহত্যা করেছে। তাদের মধ্যে বড় ধরনের কোনো রকমের ঝামেলা ছিল না। পুলিশ মরদেহ থানায় নিয়ে গেছে।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহের শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।