• ই-পেপার

হবিগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় আটক ২৪

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় আটক ২৪
সংগৃহীত ছবি

নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগের ২৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ না করলেও পুলিশের দাবি, আটকদের মধ্যে ৯ জন যুবলীগ এবং ১৫ জন ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন।

শনিবার (৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম। তিনি জানান, শুক্রবার দিবাগত রাতে উপজেলার এওজবালিয়া, কালাদরাপ ও নোয়াখালী পৌরসভা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এর আগে গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার বাঁধেরহাট বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা মব সন্ত্রাস ও চাঁদাবাজিবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিছিল চলাকালে বাজার এলাকায় কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত থাকলেও মিছিলকারীর সংখ্যা বেশি হওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। ঘটনাটি জেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল করিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আগে দুপুর থেকেই সংগঠনটির বিপুলসংখ্যক নেতাকর্মী বাঁধেরহাট বাজার এলাকায় জড়ো হতে থাকেন।

ওসি তৌহিদুল ইসলাম বলেন, ‘মিছিলের সম্ভাব্য তথ্য পাওয়ার পর আগেই বাঁধেরহাট বাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছিল। নির্ধারিত স্থানে কর্মসূচি পালন করতে না পেরে পরে তারা বাজারের বাইরে মিছিল করে। ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করা হয়েছে।’

তিনি আরো জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই পরিবহনকে জরিমানা

পিরোজপুর প্রতিনিধি
অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই পরিবহনকে জরিমানা
সংগৃহীত ছবি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি বাসস্ট্যান্ডে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই পরিবহনকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (৬ জুন) দুপুর ১২টার দিকে নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বরূপকাঠি বাসস্ট্যান্ডে অভিযানের সময় বিভিন্ন পরিবহনের ভাড়ার তালিকার সঙ্গে যাত্রীদের কাছ থেকে নেওয়া ভাড়া এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় কয়েকজন যাত্রীর কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হয়। যাচাই-বাছাই শেষে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় গোল্ডেন লাইন পরিবহনকে ১৫ হাজার টাকা এবং রয়েল পরিবহনকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত অর্থ তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ বলেন, সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা আইনত দণ্ডনীয় অপরাধ। যাত্রীদের সঙ্গে কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত ভাড়া আদায় মেনে নেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে এবং কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নড়াইলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইজি বাইকচালক গ্রেপ্তার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইজি বাইকচালক গ্রেপ্তার
অভিযুক্ত সেলিম শেখ। সংগৃহীত ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে সেলিম শেখ (২৬) নামের এক ইজি বাইকেরচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার সেলিম শেখ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের আজিয়ার শেখের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের কুচিয়াবাড়ী গ্রাম থেকে ১৩ বছর বয়সী ওই কিশোরীকে ইজি বাইকে তুলে নিয়ে যান সেলিম। পরে তাকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করা হয়। ঘটনার পর ভুক্তভোগীকে লুটিয়া বাজার এলাকায় নামিয়ে দিয়ে পালিয়ে যান তিনি।

এ ঘটনায় ভুক্তভোগীর মা আদরী বেগম বাদী হয়ে শনিবার (৬ জুন) দুপুরে লোহাগড়া থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ‘ইজি বাইকচালক সেলিমের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা করার পর তাকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।’

মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি
ছবি : কালের কণ্ঠ

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসিফ কবির।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবিরুল ইসলাম ও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. দ্বীপ সাহাসহ প্রমুখ। 

র‌্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গুমুক্ত ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা সম্ভব।