পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পৃথক ঘটনায় বজ্রাঘাতে এক দিনে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৫ জুন) সকালে উপজেলার আমখোলা ইউনিয়নে এবং দুপুরে চরকাজল ইউনিয়নে এ দুটি মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার আমখোলা ইউনিয়নের উত্তর আমখোলা গ্রামের মো. খলিল হাওলাদারের ছেলে মো. রিয়াজ হাওলাদার (৩০) এবং চরকাজল ইউনিয়নের পশ্চিম চরকাজল গ্রামের আলমগীর সরদার (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন রিয়াজ হাওলাদার। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
এদিকে একই দিন দুপুরে নিজের গরু আনতে মাঠে যান আলমগীর সরদার। গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকেলের দিকে মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, আমখোলা এলাকায় বজ্রপাতে আহত এক কৃষকের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। মরদেহ গলাচিপায় আনার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. জিলোন সিকদার বলেন, চরকাজল এলাকায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।





