• ই-পেপার

শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে শিশুর কবজি বিচ্ছিন্ন

এক মাসেও মেলেনি শামীমের মাথা, উদ্ধারের আশ্বাস পুলিশের

অনলাইন ডেস্ক
এক মাসেও মেলেনি শামীমের মাথা, উদ্ধারের  আশ্বাস পুলিশের

বরগুনায় নিখোঁজের পর খাল থেকে মো. শামীম (৪০) নামে এক ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধারের এক মাস পারও সে মাথা উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে হত্যাকাণ্ডের পরপর জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ছাড়া খুব দ্রুত সময়ের মধ্যেই হত্যার প্রকৃত রহস্য উন্মোচনসহ শামীমের মাথাটি উদ্ধার করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা। 

গ্রেপ্তাররা হলেন—সজিব, শ্যামল, সফিক, দুর্জয়, সাগর ও শিমুল। আদালতের নির্দেশে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে বর্তমানে তারা কারাগারে আছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ৮ জুন বরগুনা সদর উপজেলার গৌরীচন্না বাজার সংলগ্ন একটি খাল থেকে নিখোঁজ শামীমের মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ী শামীম স্থানীয় ওই গৌরীচন্না বাজারে হাঁস-মুরগির ব্যবসাসহ বিভিন্ন এলাকায় জায়গাজমি কেনাবেচার কাজ করতেন। এ ছাড়া মানুষের কাছে তার টাকা-পয়সা লেনদেনও ছিল। মরদেহ উদ্ধারের আগের দিন ৭ জুন সন্ধ্যায় নিজ বাড়ি থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। 

পরদিন সকালে শামীমের ছোটভাই গৌরীচন্না বাজারে যান। সেখানে বিভিন্ন মানুষের কাছে বড় ভাইয়ের খোঁজ জানতে চাইলে রাতে বাজারসংলগ্ন ব্রিজের পাশে গাছের ওপরে বসে কয়েকজনের সঙ্গে কথা বলতে দেখেছেন বলে জানায় স্থানীয়রা। পরে ওই জায়গায় গিয়ে রক্তের দাগ দেখতে পান তিনি। এ ছাড়া আশপাশে খোঁজাখুঁজি করলে শামীমের একটি জুতাও পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানিয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে স্থানীয়দের সহযোগিতায় খালের কচুরিপানার ভেতর থেকে শামীমের মাথাবিহীন মরদেহটি উদ্ধার করেন। এ ঘটনার এক মাস পার হলে এখন পর্যন্ত ওই ব্যবসায়ীর মাথা উদ্ধার করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহ ছয়জনকে গ্রেপ্তার করলেও তারা জড়িত কি না তা-ও নিশ্চিত করেনি পুলিশ। আর এ কারণে নিহত শামীমের স্বজন ও স্থানীয়দের দাবি হত্যার রহস্য উন্মোচন করে জড়িত আসামিদের নাম প্রকাশসহ দ্রুত শামীমের মাথাটি উদ্ধার করা হোক।  

শামীমের ছেলে মো. নাইম বলেন, আমাদের পরিবারের একমাত্র ভরসাই ছিল বাবা। আমাদের সব চাহিদা তিনিই পূরণ করতেন। এখন আর আমাদের চাহিদা পূরণের কেউ নেই। প্রশাসনের কাছে আমার একটাই চাওয়া, বাবার মাথাটি উদ্ধারসহ জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করুক। 

শামীমের স্ত্রী রেকসোনা বলেন, এক মাসেরও বেশি হয়েছে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। ছয়জনকে গ্রেপ্তার করলেও আমার স্বামীর মাথাটি এখন পর্যন্ত পাইনি। তবে তাদের সন্দেহের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করছে। কারণ আমি কারও নাম উল্লেখ করে মামলায় অভিযোগ দিতে পারিনি। আমি প্রশাসনের কাছে বিচার চাই এবং স্বামীর মাথাটা উদ্ধারের দাবি জানাই। 

এ বিষয়ে পুলিশ সুপার কুদরত-ই-খুদা ঢাকা পোস্টকে বলেন, ঘটনার পরপরই মামলা হয়েছে। বিভিন্ন ধরনের আলামত পর্যালোচনা করে পরপর ছয়জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞেসাবাদ করা হচ্ছে।

ধলাই নদীতে নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠল মাসুক মিয়ার মরদেহ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
ধলাই নদীতে নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠল মাসুক মিয়ার মরদেহ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীতে ডুবে নিখোঁজ হওয়ার চার দিন পর মাসুক মিয়া (৪৫) নামে এক কৃষকের মরদেহ ভেসে উঠেছে। বুধবার (১৫ জুলাই) সকাল ৬টার দিকে ঘটনাস্থল থেকে থেকে প্রায় এক কিলোমিটার দূরে নদীতে মরদেহটি ভেসে উঠে। 

মাসুক মিয়া মাধবপুর ইউপির হীরামতির গ্রামের মৃত আজিজ মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার সকালে গরুর জন্য ঘাস কাটতে ধলাই নদী পারাপারের সময় অসাবধানতাবশত তীব্র স্রোতে তলিয়ে নিখোঁজ হন মাসুক মিয়া। তার নিখোঁজের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয় লোকজন উদ্ধার কাজ শুরু করেন। না কয়েকদিন ধরে নদীর বিভিন্ন পয়েন্টে ব্যাপক তল্লাশি চালানো হলেও তার কোনো সন্ধান মেলেনি। অবশেষে আজ বুধবার ভোরে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ১ কিলোমিটার ভাটিতে নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা মরদেহটি মাসুক মিয়ার বলে শনাক্ত করেন। 

কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানান, নিখোঁজের দিন থেকেই ফায়ার সার্ভিসের টিম উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়ে আসছিল। চার দিন পর তার মরদেহটি ভেসে উঠেছে। স্থানীয়রা সকালে মরদেহটি নদী থেকে উদ্ধার করেছেন।

তিন ঘণ্টার চেষ্টায় আদমজী ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
তিন ঘণ্টার চেষ্টায় আদমজী ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী ইপিজেডের অন্তত অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১৫ জুলাই) ভোর ৪টা ১০ মিনিটের দিকে কারখানাটির গোডাউনে আগুনের সূত্রপাত হয় এবং ৭ টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, ভোর রাতে হঠাৎ করে কারখানার গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে আদমজী,কাঁচপুর, শিবু মার্কেট ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং ৯টি ইউনিট  আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপ-পরিচালক  মো. ছালেহ উদ্দিন বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ৯টি ইউনিট কাজ করছে। অতিরিক্ত আরও দুইটি ইউনিট উপস্থিত ছিল। ইতোমধ্যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। অল্প সময়ের মধ্যেই পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা করছি। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়।

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে ফতুল্লার সস্তাপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের খানপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে কারখানায় ফিরিয়ে আনা হয়েছে।

আহতরা হলেন–বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল এলাকার আবুল কালাম সিকদারের ছেলে মামুন (২৩) এবং কুড়িগ্রামের অলিপুর এলাকার নজির হোসেনের ছেলে আশরাফুল আলম (৩৬)। তারা উভয়েই ফতুল্লার সস্তাপুর গাবতলা মোড় এলাকার হলি ফেব্রিক্স ডাইং কারখানায় কর্মরত ছিলেন।

জানা গেছে, সস্তাপুর গাবতলা মোড়ে আঞ্জু মিয়া ও রেজাউল হকের মালিকানাধীন হলি ফেব্রিক্স ডাইং কারখানার বয়লার হঠাৎ বিস্ফোরিত হলে বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার চারপাশের দেয়াল, টিনের চাল, দরজা ও জানালা ক্ষতিগ্রস্ত হয়।

এছাড়া বয়লারের প্রায় ৮ ফুট লম্বা, ৪ ফুট প্রশস্ত এবং আনুমানিক ৭০ থেকে ৮০ কেজি ওজনের একটি লোহার প্লেট উড়ে পাশের আটতলা স্যামসন্স সুয়েটার গার্মেন্টসের ওপর দিয়ে প্রায় ৫০০ গজ দূরে গিয়ে মাসুম মিয়ার একটি আধাপাকা ঘরের টিনের চালে পড়ে। এতে ঘরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের বহু বাড়ি ও প্রতিষ্ঠানের কাঁচের জানালা ভেঙে যায়।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বয়লারের ত্রুটির কারণেই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বিষয়টি বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে।’