• ই-পেপার

গোপালগঞ্জে চোর সন্দেহে রিকশাচালককে হত্যার অভিযোগ

আজিমনগর স্টেশনে চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতির অনুমোদন

অনলাইন ডেস্ক
আজিমনগর স্টেশনে চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতির অনুমোদন
সংগৃহীত ছবি

নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির অনুমোদন পেয়েছে আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেন। আগামী ২৬ মে থেকে ট্রেনটি স্টেশনটিতে দুই মিনিটের জন্য যাত্রাবিরতি করবে।

বুধবার (২০ মে) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজারের কার্যালয় থেকে জারি করা এক দপ্তরাদেশে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) মো. আব্দুল আওয়াল।

দপ্তরাদেশে বলা হয়, রেলভবনের নির্দেশনার আলোকে ৮০৬ ও ৮০৫ নম্বর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের আজিমনগর রেলওয়ে স্টেশনে দুই মিনিটের যাত্রাবিরতি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ২৬ মে, মঙ্গলবার থেকে নতুন সময়সূচি অনুযায়ী ট্রেনটি চলাচল করবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সব বিভাগ ও কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কেরানীগঞ্জে ভেজাল শিশুখাদ্য তৈরি, যুবকের কারাদণ্ড ও জরিমানা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জে ভেজাল শিশুখাদ্য তৈরি, যুবকের কারাদণ্ড ও জরিমানা
সংগৃহীত ছবি

ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে কোমল পানীয়, সস ও আচার উৎপাদনের দায়ে সাদ্দাম হোসেন (২৯) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত সাদ্দাম হোসেন জিনজিরা ইউনিয়নের চর রঘুনাথপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

বুধবার (২০ মে) সকাল ১১টার দিকে কেরানীগঞ্জের জিনজিরা আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবাসিক এলাকার একটি বাসাবাড়িতে অবৈধভাবে ভেজাল মিশ্রিত কোমল পানীয়, সস ও আচার তৈরি করে বিভিন্ন নামে-বেনামে দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করে আসছিলেন সাদ্দাম হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কারখানায় উৎপাদিত বিভিন্ন ভেজাল খাদ্যপণ্য, কাঁচামাল ও সরঞ্জাম দেখতে পান ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ও ৪৩ ধারায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক বলেন, অবৈধ ও ভেজাল মিশ্রিত খাদ্যপণ্য উৎপাদনের দায়ে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এমন কোনো অবৈধ প্রতিষ্ঠান কেরানীগঞ্জে থাকতে পারবে না। এ ধরনের অভিযানে ভবিষ্যতেও কঠোরতা অব্যাহত থাকবে।

স্থানীয়দের অভিযোগ, আবাসিক এলাকায় গড়ে ওঠা এ ধরনের অবৈধ কারখানাগুলো দীর্ঘদিন ধরে প্রশাসনের নজরের বাইরে থেকে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। প্রশাসনের নিয়মিত তদারকি জোরদারের দাবি জানিয়েছে সচেতন মহল।

মাদক মামলায় ৬ বছরের সাজা নিয়ে পলাতক আসামি রোমানা গ্রেপ্তার

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
মাদক মামলায় ৬ বছরের সাজা নিয়ে পলাতক আসামি রোমানা গ্রেপ্তার
রোমানা আক্তার

কুমিল্লার দেবীদ্বারে মাদক মামলায় ৬ বছরের সাজা নিয়ে পলাতক আন্তঃজেলা মাদক সম্রাজ্ঞী রোমানা আক্তারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ মে) রাত ৯টায় দেবীদ্বার থানার এসআই অজয় চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ তথ‍্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকার সিদ্ধিরগঞ্জ এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

আটক আন্তঃজেলা মাদক সম্রাজ্ঞী রোমানা আক্তার দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের আন্তঃজেলা মাদক স্পটখ‍্যাত বাগুর গ্রামের মৃত রুবেল সরকারের স্ত্রী।

তিনি ২০১৭ সালে মাদক পাচারকালে দাউদকান্দি থানা পুলিশের হাতে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার হন। পরে জামিনে এসে আত্মগোপনে চলে যান। পলাতক থাকা অবস্থায় ২০২৪ সালে কুমিল্লার আদালতে তার বিরুদ্ধে ৬ বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা হয়। 

জরিমানার টাকা অনাদায়ে আরো এক বছরের সাজাপ্রাপ্ত হন। ওই সালেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পুলিশ তথ‍্য প্রযুক্তি ব‍্যবহার করে তার অবস্থান নিশ্চিত হয়ে বুধবার গ্রেপ্তার করা হয়।

এ ব‍্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আমরা দীর্ঘদিন অভিযান চালিয়ে অবশেষে আন্তঃজেলা মাদক সম্রাজ্ঞী খ‍্যাত রোমানা আক্তারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

দাদা-দাদির কবরের পাশে শায়িত রামিসা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
দাদা-দাদির কবরের পাশে শায়িত রামিসা
সংগৃহীত ছবি

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার ৮ বছরের শিশু রামিসা আক্তারের জানাজা শেষে মরদেহ দাদা-দাদির কবরের পাশে দাফন করা হয়েছে। 

বুধবার (২০ মে) এশার নামাজের পর মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্য শিয়ালদি গ্রামের মোল্লা বাড়ির বায়তুল আমান জামে মসজিদের আঙিনায় শিশু রামিসার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় রামিসার আত্মীয়-স্বজন, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিসহ শত শত মানুষ অংশ নেন। জানাজা শেষে অশ্রুসিক্ত নয়নে তাকে মোল্লা বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত রামিসা আক্তার সিরাজদিখানের মধ্য শিয়ালদী গ্রামের মরহুম হেলাল উদ্দিন মোল্লার ছেলে হান্নান মোল্লার মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঘর থেকে বের হয় শিশু রামিসা। এসময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার রামিসাকে ফুসলিয়ে তাদের ঘরের ভেতরে নিয়ে যায়। পরে সোহেল রানা শিশুটিকে বাথরুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। নির্যাতনের একপর্যায়ে শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। ঠিক ওই মুহূর্তেই রামিসার মা তার খোঁজে সোহেল রানার দরজায় কড়া নাড়তে শুরু করেন। ধরা পড়ার ভয়ে ঘাতক সোহেল রানা বাথরুমের ভেতরেই রামিসাকে গলা কেটে হত্যা করে। এরপর মরদেহ গুম করার উদ্দেশ্যে ধারাল ছুরি দিয়ে মাথা কেটে শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা হয়। এমনকি শিশুটির দুই হাত কাঁধ থেকে আংশিক বিচ্ছিন্ন করে এবং সংবেদনশীল অঙ্গ ক্ষতবিক্ষত করে মরদেহটি খাটের নিচে লুকিয়ে রাখা হয়। নির্মম এই হত্যাকাণ্ডের সময় সোহেলের স্ত্রী স্বপ্না আক্তার একই রুমে অবস্থান করছিল। পরবর্তীতে জানালার গ্রিল কেটে পালিয়ে যায় প্রধান আসামি সোহেল। হত্যাকাণ্ডের সংবাদ পাওয়ার পরপরই পল্লবী থানার একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং আলামত সংগ্রহ করে।

পল্লবী থানা পুলিশ জানায়, তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে তদন্ত শুরু করে প্রথমে হত্যাকাণ্ডে সহায়তাকারী স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃতরা আদালতে হাজির হয়ে নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। এই জঘন্য ও পাশবিক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং আসামিদের দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।