নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জুয়েল (৪৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে উপজেলার শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিন। নিহত জুয়েল শান্তিনগর এলাকার তাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, ঘটনার পর জুয়েলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৮ মে) রাতে শান্তিনগর এলাকায় উপজেলা পুলিশের একটি অভিযানের সময় কয়েকজন যুবকের সঙ্গে জুয়েলের বাগ্বিতণ্ডা হয়। এর জেরে মঙ্গলবার সকালে প্রতিপক্ষের লোকজন জুয়েলের অফিসে হামলা ও ভাঙচুর চালায়। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জুয়েল নামের এক যুবককে হত্যা করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘মাদকসংক্রান্ত বিষয় নিয়ে গতকাল রাতে সৈকত, ফাহিমসহ আরো কয়েকজন মাদকসেবীদের সঙ্গে ভুক্তভোগী জুয়েলের বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরেই একা পেয়ে তার নদীর পাড়ের অফিসে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।’





