বান্দরবানের লামায় হাতির তাড়ানোর জন্য তৈরি করা বৈদ্যুতিক ফাঁদে পড়ে রুবি আক্তার (৩৮) নামে এক নারীর মৃত্যু হওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ভোঁরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ হায়দারনাশী এলাকায় গিয়াসউদ্দিনের আম বাগানে এই ঘটনা ঘটে।
নিহত রুবি আক্তার ওই এলাকার আব্দুর শুক্কুরের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায় , লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ হায়দারনাশী এলাকায় বন্য হাতির পালের কবল থেকে আম বাগান ও ধানের ক্ষেত রক্ষায় বাগান মালিক জমিতে বৈদ্যুতিক ফাঁদ পাতে। রুবি আক্তার গৃহস্থালি কাজে জমিতে গেলে হাতি তাড়ানোর সেই বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ‘জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে লামা থানায় অপমৃত্যু মামলা করা হবে৷’
লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এম কবির হোসেন জানিয়েছেন, ‘ফাঁদ পাতা বন্যপ্রাণী সংরক্ষণ (নিরাপত্তা)আইন ২০১২ মতে অপরাধ। এই আইনে দোষী ব্যক্তির বিরুদ্ধে জেল ও জরিমানার বিধান রয়েছে।’




