• ই-পেপার

ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিকের অভাবে রাতেও ধান কাটছে হারভেষ্টার মেশিন

টেন ইলেভেন-লেদার ইতালিয়ানের পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
টেন ইলেভেন-লেদার ইতালিয়ানের পুরস্কার বিতরণ
ময়মনসিংহে টেন ইলেভেন ও লেদার ইতালিয়ানের পুরস্কার বিতরণ।

ময়মনসিংহ নগরীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টেন ইলেভেন ও লেদার ইতালিয়ানের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার (১৭ মে) বিকেল সাড়ে ৫টায় নগরীর রাম বাবু রোড এলাকার ‘এস এস নর্থ ভ্যালি’র নিচতলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ক্রেতাদের হাতে আকর্ষণীয় সব পুরস্কার তুলে দেন আয়োজকেরা। এর মধ্যে প্রথম পুরস্কার হিসেবে একটি এফজেড মোটরসাইকেল দেওয়া হয়। এ ছাড়া দ্বিতীয় পুরস্কার হিসেবে ওয়ালটন ফ্রিজ, তৃতীয় পুরস্কার ৩২ ইঞ্চি এলইডি টিভি, চতুর্থ পুরস্কার মাইক্রোওয়েভ ওভেন এবং পঞ্চম পুরস্কার হিসেবে একটি ভিভো স্মার্টফোন তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে।

বিশেষ আকর্ষণ হিসেবে ষষ্ঠ থেকে দশম স্থান অর্জনকারী বিজয়ীদের প্রত্যেককে দেওয়া হয় ৫ হাজার টাকার গিফট কার্ড। এমন অভিনব আয়োজন উপস্থিত অতিথি ও ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ও উৎসাহের সৃষ্টি করে।

আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টেন ইলেভেন ও লেদার ইতালিয়া তাদের সব ধরনের পণ্যের ওপর বিশেষ ১০ শতাংশ ছাড় দিচ্ছে। ক্রেতাদের জন্য এই অফারটি বাড়তি আনন্দ ও ঈদ উপহার হিসেবে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে টেন ইলেভেন ও লেদার ইতালিয়ানের মহাব্যবস্থাপক (জিএম), সহকারী মহাব্যবস্থাপক (এজিএম), স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী এবং বিপুলসংখ্যক ক্রেতা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি বেশ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান, মদ ও ইয়াবাসহ আটক ৩

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান, মদ ও ইয়াবাসহ আটক ৩
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী পৃথক চারটি অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসব অভিযানে তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রবিবার (১৭ মে) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার সাব্বির আলম সুজন জানান, শনিবার রাত ১১টার দিকে টেকনাফ উপজেলার কেরুণতলী এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালায়। এসময় একটি সন্দেহজনক সিএনজি তল্লাশি করে ৪৭ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়। একইসঙ্গে পাচারকাজে ব্যবহৃত সিএনজি ও একজন মাদক কারবারিকে আটক করা হয়।

এদিকে রবিবার সকালে ও বিকালে টেকনাফের হলবনিয়া ও মাথাভাঙ্গা এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া পৃথক দুটি অভিযান পরিচালনা করে। অভিযানে দুটিতে সন্দেহভাজন ইজিবাইক তল্লাশি করে ১২৭ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় পাচারকাজে ব্যবহৃত দুটি ইজিবাইকসহ আরো দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

অপরদিকে একইদিন দুপুরের দিকে সাবরাং নয়াপাড়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী গোপন সংবাদের ভিত্তিতে একটি ডিঙি নৌকায় অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঝাউবনের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড কর্মকর্তা জানান, জব্দকৃত মাদকদ্রব্য, পাচারকাজে ব্যবহৃত যানবাহন এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দুর্গাপুরে অপহরণের পর শিশুকে হত্যা, লাশ নিয়ে স্থানীয়দের সড়ক অবরোধ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
দুর্গাপুরে অপহরণের পর শিশুকে হত্যা, লাশ নিয়ে স্থানীয়দের সড়ক অবরোধ
ছবি : কালের কণ্ঠ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় চার বছর বয়সী শিশু হুমায়রা জান্নাতকে অপহরণের পর হত্যার বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মরদেহ নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ স্থানীয়রা।

রবিবার (১৭ মে) দুপুর থেকে উপজেলার হাট কানপাড়া বাজার এলাকায় প্রধান সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে হাজারো নারী-পুরুষ অংশ নেন। অনেককে মাথায় কাফনের কাপড় বেঁধেও বিক্ষোভে অংশ নিতে দেখা যায়।

বিক্ষোভকারীরা নিহত শিশুর মরদেহ একটি অ্যাম্বুলেন্সে রেখে কর্মসূচি চালিয়ে যান। এতে সড়কে শত শত পণ্যবাহী যানবাহন ও পথচারী আটকা পড়ে।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার বাজুখলসী গ্রামের ফার্মেসি ব্যবসায়ী হাসিবুল হোসেন শান্তর মেয়ে হুমায়রা জান্নাত নিখোঁজ হয়। পরে রাতভর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বিভিন্ন স্থানে তল্লাশি চালান।

শনিবার সকালে শিশুটির সন্ধানদাতাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় পরিবার। একই দিন সকালে শিশুটির বাবার মোবাইলে একটি অপরিচিত নম্বর থেকে মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ ওঠে।

পরে শনিবার দুপুরে প্রতিবেশী রাজিবের বাড়ির পাশের একটি খেজুর গাছের নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

শিশুটির বাবা হাসিবুল হোসেন শান্ত বলেন, ‘আমার মেয়েকে অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয়েছিল। বিষয়টি জানাজানি হলে তারা আমার মেয়েকে হত্যা করে বাড়ির পাশের একটি খেজুর গাছের নিচে রেখে যায়। এ বিষয়ে থানা পুলিশকে জানালেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এমনকি আমার মেয়ের লাশের পোস্টমর্টেমও করতে দেওয়া হয়নি। যতক্ষণ না আমার মেয়ের হত্যাকারীদের গ্রেপ্তার করা না হবে, ততক্ষণ এ বিক্ষোভ চলমান থাকবে।’

এদিকে বিক্ষোভ চলাকালে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা পুলিশ মোতায়েন করা হয়।

এ বিষয়ে দুর্গাপুর থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি বলেন, ‘পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। আশা করছি দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।’

শিবচরে সাংবাদিক পরিচয়ে গাড়ি চুরির অভিযোগ, অতঃপর...

মাদারীপুর প্রতিনিধি
শিবচরে সাংবাদিক পরিচয়ে গাড়ি চুরির অভিযোগ, অতঃপর...
ছবি: কালের কণ্ঠ

মাদারীপুরের শিবচরে সাংবাদিক পরিচয় ব্যবহার করে চুরি ও ছিনতাইয়ের অভিযোগে মোহাম্মদ ফারুক নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে একটি চোরাই পিকআপসহ মোট তিনটি পিকআপ জব্দ করা হয়েছে।

রবিবার (১৭ মে) দুপুর ৩টার দিকে উপজেলার মাদবরের চর ইউনিয়নের বেইলি ব্রিজ এলাকায় তার ভাড়া বাসায় পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাউদ্দিন কাদেরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

মোহাম্মদ ফারুকের বাড়ি খুলনার তেরোখাদা এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে শিবচরের বেইলি ব্রিজ এলাকায় সাংবাদিক পরিচয় দিয়ে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মে রাতে রাজৈর এলাকা থেকে একটি পিকআপ চুরি হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ মামলার পর তদন্ত শুরু করে। এর অংশ হিসেবে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে পুলিশ চোরচক্রের গতিবিধি শনাক্ত করতে সক্ষম হয়। ফুটেজে দেখা যায়, চুরি হওয়া পিকআপটির পাশে আরেকটি গাড়ি ব্যবহার করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে গাড়িটি মাদারীপুর সদর হয়ে খাখদি-শেখপুর এলাকা অতিক্রম করে শিবচরের বেইলি ব্রিজ এলাকায় পৌঁছায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে চোরাই পিকআপটি উদ্ধার এবং মোহাম্মদ ফারুককে আটক করা হয়। পাশাপাশি তার কাছ থেকে আরো দুটি পিকআপ জব্দ করা হয়েছে, যেগুলোর বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি।

সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সালাহ উদ্দিন কাদের জানান, অভিযানে চোরাই পিকআপসহ মো. ফারুককে আটক করা হয়েছে। এসময় আরো দুটি পিকআপ উদ্ধার করা হলেও সেগুলোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি। ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া যানবাহনগুলোও চোরাই। এ ছাড়া তার বাড়ি থেকে আরো কয়েকটি গাড়ির আলামত পাওয়া গেছে। স্থানীয়দের কাছে তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন। সেই পরিচয় ব্যবহার করে গাড়ি চুরি, গরু ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।