• ই-পেপার

মা, আপনারা আর চিন্তা করবেন না : পানিসম্পদ প্রতিমন্ত্রী

চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জনসহ ৭ কর্মকর্তা বদলি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জনসহ ৭ কর্মকর্তা বদলি
ছবি : কালের কণ্ঠ

চট্টগ্রামে স্বাস্থ্য বিভাগে রদবদল শুরু হয়েছে। ডেপুটি সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং মেডিক্যাল অফিসার পদে সাতজনকে পদায়ন-বদলি করা হয়েছে। রবিবার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসংক্রান্ত একটি আদেশ হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ারকে বান্দরবান ২৫০ শয্যার জেলা হাসপাতালে বদলি করা হয়েছে। তার স্থলে আসছেন কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (ইউএইচএন্ডএফপিও) কর্মকর্তা ডা. সৌনম বড়ুয়া।

আরো পড়ুন
কুবির রেজিস্ট্রারের দায়িত্বে নুরুল করিম চৌধুরী

কুবির রেজিস্ট্রারের দায়িত্বে নুরুল করিম চৌধুরী

 

চট্টগ্রাম জেলার আনোয়ারার ইউএইচএন্ডএফপিও ডা. মো. মাহতাব উদ্দীন চৌধুরীকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ইউএইচএন্ডএফপিও পদে বদলি করা হয়। এ ছাড়া চট্টগ্রামে আরো পাঁচ চিকিৎসক কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি ও পদায়ন করা হয়েছে। 

চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তারা জানান, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক পদায়ন ও বদলি প্রথম। এর মধ্যে প্রায় দেড় বছর আগে চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন পদে ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার যোগদান করেছিলেন।

ফেনীর ছাগলনাইয়া

পরীক্ষায় উত্তরপত্র দেখতে না দেওয়ায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

ফেনী প্রতিনিধি
পরীক্ষায় উত্তরপত্র দেখতে না দেওয়ায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত
আহত শিক্ষার্থী নাবিল। ছবি : কালের কণ্ঠ

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় চলমান এসএসসি পরীক্ষার শেষ দিনে পরীক্ষার কেন্দ্রে উত্তরপত্র দেখতে না দেওয়াকে কেন্দ্র করে এক পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। রবিবার (১৭ মে) দুপুরে উপজেলার বাংলাবাজার ছলেমা নজির উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত পরীক্ষার্থীর নাম কাজী আহমেদ আশ্রাফী নাবিল। সে হরিপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং মোটবী ইউনিয়নের শিলুয়া গ্রামের কাজী নুরুল আবছার রিপনের ছেলে। অভিযুক্ত রাকিব হোসেন গতিয়া আজিজুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, পরীক্ষার প্রথম দিন থেকেই রাকিব নাবিলের পেছনের বেঞ্চে বসত এবং জোরপূর্বক তার খাতা দেখার চেষ্টা করে। এতে নাবিল রাজি না হওয়ায় প্রথম দিনই কেন্দ্রের বাইরে তাকে গালাগাল করা হয়।

রবিবার শেষ পরীক্ষার পর কেন্দ্র থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই পূর্বশত্রুতার জেরে রাকিবসহ ৭-৮ জন যুবক নাবিলের ওপর হামলা চালায়। প্রথমে তাকে মারধর করা হয় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে পিঠে ছুরিকাঘাত করা হয় বলে জানায় ভুক্তভোগী শিক্ষার্থী।

পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাংলাবাজার এলাকায় এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত শিক্ষার্থীর মা নার্গিস আক্তার বলেন, ‘আমার ছেলেকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে। আমি প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ছাগলনাইয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

মুলাদীতে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২

বরিশাল অফিস
মুলাদীতে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২
সংগৃহীত ছবি

বরিশালের মুলাদী উপজেলায় মাদক বিক্রির টাকাকে কেন্দ্র করে আল আমিন (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজিজ ও নোমান নামের দুজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৭ মে) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার বালিয়াতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন ওই এলাকার দক্ষিণ বালিয়াতলী গ্রামের হানিফ হাওলাদারের ছেলে।

নিহতের ভাই আসিফ জানান, মাদক মামলায় কয়েক মাস কারাভোগের পর প্রায় ১৫ দিন আগে আল আমিন জামিনে মুক্তি পান। তার দাবি, আজিজ ও নোমানের কাছে আল আমিনের টাকা পাওনা ছিল। সেই টাকা আদায়কে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

তিনি আরো জানান, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে আজিজ ও নোমান মোটরসাইকেলযোগে আল আমিনের বাড়িতে গিয়ে টাকা ফেরতের আশ্বাস দেয়। পরে তাকে মোটরসাইকেলে করে উত্তর বালিয়াতলী গ্রামের নোমানদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পরই আল আমিনকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে একটি নির্জন স্থানে ফেলে রাখা হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় আজিজ ও নোমানকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এমপি আশফাক

জনস্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতি‌নি‌ধি
জনস্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই
ছবি : কালের কণ্ঠ

জনস্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই বলে জানিয়েছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ সড়ক, হাসপাতাল, ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি স্থাপনার আশপাশে যেন ময়লার স্তূপ জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

রবিবার (১৭ মে) দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদের মূল ফটক থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

খন্দকার আবু আশফাক বলেন, বর্ষা মৌসুম সামনে রেখে এখন থেকেই ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে কার্যকর উদ্যোগ নিতে হবে। কোথাও যাতে পানি জমে না থাকে এবং পরিবেশদূষণের কারণে কোনো রোগ ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সকলকে দায়িত্বশীল হতে হবে।

আরো পড়ুন
চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে গুলি, অভিযোগ পরিবারের

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে গুলি, অভিযোগ পরিবারের

 

ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে এমপি বলেন, রাজনীতি শুধু সভা-সমাবেশের মধ্যে সীমাবদ্ধ নয়, জনগণের সুখ-দুঃখের সঙ্গী হয়ে সমাজের কল্যাণে কাজ করাই প্রকৃত রাজনীতি। তাই দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

আবু আশফাক আরো বলেন, প্রধানমন্ত্রী তা‌রেক রহমান পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার বিষয়ে সবসময় গুরুত্বারোপ করেন। তার নির্দেশনা অনুসারে দলের নেতাকর্মীদের প্রতিটি জেলা ও উপজেলায় জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে হবে।

মাসব্যাপী পরিচ্ছন্নতা এই অভিযানে নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফ, বিএনপি নেতা মিজানুর রহমান, সাবেক ভিপি মহসীন রহমান আকবর, বরিউল ইসলাম রবি, যুবদলের সাধারণ সম্পাদক রাহিন ইসলামসহ ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব বলেন, এ কর্মসূচির মাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীরা আগামী একমাস স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে। জনগণকে সচেতন করতেও আমরা কাজ করব।