বরিশালের মুলাদী উপজেলায় মাদক বিক্রির টাকাকে কেন্দ্র করে আল আমিন (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজিজ ও নোমান নামের দুইজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৭ মে) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার বালিয়াতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন ওই এলাকার দক্ষিণ বালিয়াতলী গ্রামের হানিফ হাওলাদারের ছেলে।
নিহতের ভাই আসিফ জানান, মাদক মামলায় কয়েক মাস কারাভোগের পর প্রায় ১৫ দিন আগে আল আমিন জামিনে মুক্তি পান। তার দাবি, আজিজ ও নোমানের কাছে আল আমিনের টাকা পাওনা ছিল। সেই টাকা আদায়কে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
তিনি আরো জানান, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে আজিজ ও নোমান মোটরসাইকেলযোগে আল আমিনের বাড়িতে গিয়ে টাকা ফেরতের আশ্বাস দেয়। পরে তাকে মোটরসাইকেলে করে উত্তর বালিয়াতলী গ্রামের নোমানদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পরই আল আমিনকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে একটি নির্জন স্থানে ফেলে রাখা হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় আজিজ ও নোমানকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।





